শিক্ষার্থীদের প্রতি পড়াশোনার পাশাপাশি খেলাধুলা এবং শিল্প-সংস্কৃতির চর্চায় নিজেদের দক্ষ করে গড়ে তোলার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
মঙ্গলবার (১৭ নভেম্বর) জাতীয় সংসদ সচিবালয়ে হবিগঞ্জের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ১২৪ জন শিক্ষার্থী এবং ২৬ জন শিক্ষকের একটি প্রতিনিধি দল সৌজন্য সাক্ষাৎ করতে এলে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।
সাক্ষাৎকালে প্রধানমন্ত্রী শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, “তোমরাই জাতির ভবিষ্যৎ। তাই শুধু পড়ালেখা নয়, খেলাধুলা ও শিল্প-সংস্কৃতির চর্চার মধ্য দিয়েও নিজেদের গড়ে তুলতে হবে।”
তিনি আরও উল্লেখ করেন যে, বাংলা ও ইংরেজি ভাষার পাশাপাশি তৃতীয় একটি ভাষা শেখার বিষয়ে বর্তমানে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। তাঁর মতে, এই উদ্যোগের ফলে শিক্ষার্থীরা ভবিষ্যতে কর্মক্ষেত্রে বাড়তি সুযোগ-সুবিধা লাভ করবে। এর পাশাপাশি কারিগরি ও বৃত্তিমূলক প্রশিক্ষণের প্রসারেও সরকার বিশেষ গুরুত্বারোপ করছে বলে তিনি জানান।
প্রধানমন্ত্রী বলেন, “সরকার চায় শিক্ষার্থীরা দ্বাদশ শ্রেণি শেষ করার সময় পড়ালেখার পাশাপাশি খেলাধুলা ও শিল্প-সংস্কৃতির ক্ষেত্রেও আত্মবিশ্বাসী ও দক্ষ হয়ে উঠুক।”
অনুষ্ঠানে হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য জি কে গউছ, প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমনসহ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।