দেশের তরুণ প্রজন্মের প্রতি আহ্বান জানিয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির বলেছেন, কেবল প্রশিক্ষণ গ্রহণ করে চাকরির অপেক্ষায় বসে থাকলে চলবে না। অর্জিত দক্ষতাকে পুঁজি করে নিজেদের ব্যবসা গড়ে তোলার মাধ্যমে উদ্যোক্তা হতে হবে। একই সঙ্গে অন্যদের জন্য কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করার ওপর গুরুত্বারোপ করেন তিনি।
সোমবার (১৬ নভেম্বর) রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় মুসলিম এইড ইউকে আয়োজিত ‘টিভিইটি গ্র্যাজুয়েশন’ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। এই বিশেষ আয়োজনে বিভিন্ন কারিগরি বিষয়ে প্রশিক্ষণ সম্পন্ন করা প্রায় ১৯ হাজার তরুণ-তরুণীর প্রশিক্ষণ সমাপ্তি উদযাপন করা হয়।
অনুষ্ঠানে পররাষ্ট্র প্রতিমন্ত্রী উল্লেখ করেন যে, অর্জিত দক্ষতা অবশ্যই দেশের বর্তমান অর্থনীতি এবং শ্রমবাজারের চাহিদার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হতে হবে। তিনি বলেন, “শুধু প্রশিক্ষণ নেওয়াই শেষ কথা নয়, বরং এটি কেবল শুরু। প্রশিক্ষণপ্রাপ্তদের অর্থবহ কর্মসংস্থান, উদ্যোক্তা হওয়ার সুযোগ এবং টেকসই আয়ের ব্যবস্থা নিশ্চিত করতে হবে।”
তরুণদের সক্ষমতা বৃদ্ধির বিষয়ে তিনি আরও বলেন, “দেশের তরুণদের এমনভাবে দক্ষ করে গড়ে তুলতে হবে, যেন তারা নতুন চ্যালেঞ্জ নিতে পারে। নিজেদের ব্যবসা গড়ে তুলতে পারে। একই সঙ্গে অন্যদের জন্য কর্মসংস্থান সৃষ্টি করে স্থানীয় অর্থনীতিতে অবদান রাখতে পারে।”
প্রশিক্ষণপ্রাপ্তদের জন্য কার্যকর কর্মসংস্থান নিশ্চিত করার লক্ষ্যে প্রশিক্ষণ প্রতিষ্ঠান, সরকারি সংস্থা, নিয়োগদাতা এবং বেসরকারি খাতের মধ্যে পারস্পরিক সহযোগিতা আরও জোরদার করার প্রয়োজনীয়তার কথা জানান হুমায়ুন কবির।
মুসলিম এইড ইউকে বাংলাদেশ ফিল্ড অফিসের কান্ট্রি ডিরেক্টর মহসিন সিদ্দীকীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রকল্পের বিস্তারিত বিবরণ তুলে ধরা হয়। তিনি জানান, কিং আবদুল্লাহ বিন আবদুল আজিজ কর্মসূচির আওতায় ২০২০ সালের অক্টোবর থেকে ২০২৫ সালের সেপ্টেম্বর পর্যন্ত পাঁচ বছর মেয়াদি এই প্রকল্পটি বাস্তবায়ন করা হচ্ছে। প্রকল্পের অধীনে ঢাকা, যশোর ও নীলফামারীর তিনটি প্রশিক্ষণ কেন্দ্রে মোট ১৯ হাজার ৩৯১ জন ভর্তি হয়েছিলেন, যাদের মধ্যে ১৯ হাজার ১২৮ জন সফলভাবে তাদের প্রশিক্ষণ সম্পন্ন করেছেন।
প্রশিক্ষণের বিষয়গুলোর মধ্যে ছিল টেইলারিং, কম্পিউটার অপারেশন, গ্রাফিক ডিজাইন, ইলেকট্রিক্যাল, রেফ্রিজারেশন, অটোমেকানিকস, ড্রাইভিং, মোবাইল ফোন ও মোটরসাইকেল সার্ভিসিং। প্রশিক্ষণার্থীদের জন্য উপবৃত্তি, ক্যারিয়ার কাউন্সেলিং এবং স্বকর্মসংস্থানের লক্ষ্যে প্রাথমিক আর্থিক সহায়তার ব্যবস্থাও করা হয়েছিল।
জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান (সচিব) ড. নাজনীন কাউসার চৌধুরী অনুষ্ঠানে বলেন, বিশ্ব অর্থনীতি এবং কর্মক্ষেত্রের ধরন দ্রুত পরিবর্তিত হচ্ছে। কারিগরি দক্ষতার পাশাপাশি বিদেশি ভাষায় দক্ষতা অর্জন করতে পারলে কর্মসংস্থানের সুযোগ আরও বৃদ্ধি পাবে। তিনি আরও বলেন, “প্রশিক্ষণে কতজন অংশ নিয়েছেন, শুধু তা দেখলে চলবে না। প্রশিক্ষণার্থীরা কতটা দক্ষতা অর্জন করেছেন, সেটিই বেশি গুরুত্বপূর্ণ।”
অনুষ্ঠানে কিং আবদুল্লাহ বিন আবদুল আজিজ কর্মসূচির প্রজেক্ট স্পেশালিস্ট মঞ্জুর মোর্শেদসহ মুসলিম এইড ইউকের ঊর্ধ্বতন কর্মকর্তারা বক্তব্য প্রদান করেন। এছাড়া প্রশিক্ষণ সম্পন্ন করা তরুণ-তরুণীরা তাদের বাস্তব অভিজ্ঞতা সবার সামনে তুলে ধরেন।