কৃষকদের মাঝে ভর্তুকি মূল্যে সার পৌঁছে দেওয়ার লক্ষ্যে সরকার সারাদেশে যে ডিলার নিয়োগ দিয়েছে, তাদের মধ্যে অন্তত ১৫১ জনের সাথে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সংশ্লিষ্টতা পাওয়া গেছে। মুক্তকণ্ঠের বিশেষ আয়োজন ‘ইনসাইট স্টোরি’-তে সারের ডিলারশিপ নিয়ে প্রকাশিত এক প্রতিবেদনে এই তথ্য সামনে এসেছে।
প্রতিবেদনে জানানো হয়েছে, দেশের মোট ৪১টি জেলায় এই ১৫১ জন ডিলারশিপ পেয়েছেন। যাদের তালিকা করা হয়েছে, তারা সবাই আওয়ামী লীগের সক্রিয় নেতাকর্মী অথবা আওয়ামী পরিবারভুক্ত সদস্য।
আঞ্চলিক পরিসংখ্যান অনুযায়ী, আওয়ামী লীগ সংশ্লিষ্ট ডিলারদের সংখ্যা সবচেয়ে বেশি চট্টগ্রাম বিভাগে, যেখানে মোট ৩৮ জন নিয়োগ পেয়েছেন। এর মধ্যে ব্রাহ্মণবাড়িয়ায় ১৪ জন, কুমিল্লায় ১১ জন, চট্টগ্রাম জেলায় ৬ জন এবং ফেনী ও রাঙ্গামাটিতে ৩ জন করে ডিলার রয়েছেন। এছাড়া নোয়াখালীতে একজন আওয়ামী লীগ সংশ্লিষ্ট ব্যক্তি ডিলারশিপ পেয়েছেন।
খুলনা বিভাগে এই সংখ্যা ২৭ জন। এর মধ্যে সাতক্ষীরা ও ঝিনাইদহে ৬ জন করে, বাগেরহাটে ৫ জন, যশোর ও চুয়াডাঙ্গায় ৩ জন করে, নড়াইলে ২ জন এবং খুলনা ও কুষ্টিয়ায় একজন করে ডিলার রয়েছেন।
ঢাকা বিভাগে ২৬ জন আওয়ামী লীগ সংশ্লিষ্ট ব্যক্তি ডিলারশিপ পেয়েছেন, যাদের মধ্যে ফরিদপুরে ৭ জন, নরসিংদীতে ৪ জন এবং গোপালগঞ্জ ও মাদারীপুরে ৩ জন করে রয়েছেন। বরিশাল বিভাগের ১৯ জনের মধ্যে পটুয়াখালীতেই ১২ জন ডিলার রয়েছেন। রংপুর বিভাগের ১৪ জনের মধ্যে নীলফামারীর ৭ জন এবং রাজশাহী বিভাগের ১২ জনের মধ্যে চাঁপাইনবাবগঞ্জের ৪ জন ডিলার হিসেবে নিযুক্ত হয়েছেন। এছাড়া সিলেট বিভাগের ৯ জনের মধ্যে সুনামগঞ্জ জেলায় ৭ জন এবং ময়মনসিংহ বিভাগে দলটির ৬ জন ডিলারশিপ পেয়েছেন।
নির্দিষ্ট কিছু ব্যক্তির কথা উল্লেখ করে প্রতিবেদনে বলা হয়, ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে ডিলার হয়েছেন যুবলীগ নেতা জসিম মিয়া। সুনামগঞ্জের শাল্লায় ডিলারশিপ পেয়েছেন স্বেচ্ছাসেবক লীগের উপজেলা সভাপতি বিশ্বজিৎ চৌধুরী নান্টুর স্ত্রী ঝিমলি রানী তালুকদার। উল্লেখ্য, তার স্বামী জুলাই হত্যা মামলায় আসামি হয়ে গ্রেপ্তার ছিলেন এবং বর্তমানে তিনি পলাতক। নীলফামারীর ডিমলায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নিষিদ্ধ ছাত্রলীগের সহ-সম্পাদক মোবারক আল ইসলামও সারের ডিলারশিপ পেয়েছেন।
পিরোজপুর সদরের ৫ নম্বর ওয়ার্ডের মেম্বার ও ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতি কামরুল ইসলামের স্ত্রী ফাতেমা খানম এবং আওয়ামী লীগ কর্মী আরাফাত হোসাইন ডিলারশিপ পেয়েছেন। ঝালকাঠির রাজাপুর উপজেলায় যুবলীগ কর্মী মো. তরিকুল ইসলাম, নলছিটিতে ইউনিয়ন আওয়ামী লীগের কোষাধ্যক্ষ সোহেল লস্করের ভাই লস্কর মোসাদ্দেক ইমরান এবং আওয়ামী লীগ থেকে বিএনপিতে যোগ দিয়ে ডিলারশিপ পেয়েছেন আমিনুল ইসলাম।
বরগুনার আমতলীতে ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি মতিউর রহমান মুন্সির ছেলে সোহাগ মিয়া এবং বরগুনা জেলা বঙ্গবন্ধু পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক মো. জাহিদ হাসান ডিলার হিসেবে নিয়োগ পেয়েছেন।
কুমিল্লার দেবিদ্বারে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত মো. আবদুর রব (ভাই ভাই ট্রেডার্স), মো. আবুল হাশেম (শেখ ট্রেডার্স), সাবেক এমপি আবুল কালাম আজাদের সহযোগী মো. হাবিবুর রহমান (হাবিব স্টোর) ও মো. সফিকুল ইসলাম (সোহাগ এন্টারপ্রাইজ) ডিলার হয়েছেন। চট্টগ্রামের সাতকানিয়ায় আওয়ামী লীগ কর্মী নুরুল আলম (মেসার্স আলম এন্টারপ্রাইজ), লোহাগাড়ায় আওয়ামী লীগ নেতা মোশারফ হোসাইন (মেসার্স তানিশা এন্টারপ্রাইজ) ও মনজুর আলম (মেসার্স বিছমিল্লাহ ট্রেডিং) ডিলারশিপ পেয়েছেন। নোয়াখালীর সুবর্ণচরে যুবদল নেতার মামা ও আওয়ামী লীগ সমর্থক মো. আজিজ (জোহরা ট্রেডার্স), ফেনীর সোনাগাজীতে আওয়ামী লীগ সমর্থক মোহাম্মদ ইব্রাহিম (মেসার্স হারুন এন্টারপ্রাইজ) ও মহি উদ্দিন (ফরায়েজি ট্রের্ডাস), রাঙ্গামাটির নানিয়ারচরে আওয়ামী লীগের সক্রিয় কর্মী তপন দেবনাথ (মেসার্স তপন এন্টারপ্রাইজ) এবং কাপ্তাইয়ে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত বাসিং থোয়াই মারমা ডিলার হয়েছেন।
এছাড়া কুড়িগ্রামের ভুরুঙ্গামারীতে আওয়ামী লীগ কর্মী মোছা. মিনারা বেগম (মেসার্স মারুফা ট্রেডার্স) ও রাজারহাটে আওয়ামী লীগ নেত্রী মোছা. মর্জিনা বেগম (মেসার্স শাহী ট্রেডার্স), গাইবান্ধার কামারজানীতে ইউনিয়ন আওয়ামী লীগের ওয়ার্ড সাধারণ সম্পাদকের স্ত্রী জুই আক্তার (মেসার্স জুই ট্রেডার্স), নীলফামারীর সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের ভাই মো. আবু সালেহ সোহেল রানা (মেসার্স সোহেল এন্টারপ্রাইজ), লালমনিরহাটের পাটগ্রামে আওয়ামী লীগ সমর্থক ফাহিম শাহরিয়ার (মেসার্স ভাই ভাই ট্রেডার্স), এবং কালীগঞ্জে দীর্ঘদিন ধরে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত মাহফুজা ফারিহা বর্ষা (ফাইজান ট্রেডার্স) ডিলারশিপ পেয়েছেন।