ভারতের অন্যতম প্রভাবশালী শিল্পগোষ্ঠী টিভিএস পরিবারের অভ্যন্তরীণ সম্পত্তির ভাগ-বাঁটোয়ারা নিয়ে দীর্ঘদিনের বিরোধ এবার আইনি লড়াইয়ে রূপ নিল। পরিবারের প্রবীণ সদস্য ভেনু শ্রীনিবাসনের মেয়ে লক্ষ্মী ভেনু তাঁর বাবার নিয়ন্ত্রণে থাকা যৌথ পারিবারিক সম্পত্তির আইনগত বণ্টন দাবি করে একটি আইনি নোটিশ পাঠিয়েছেন।

প্রেরিত আইনি নোটিশে লক্ষ্মী ভেনু উল্লেখ করেছেন যে, পরিবারের প্রধান হিসেবে ভেনু শ্রীনিবাসনের উচিত তাঁর দায়িত্ব যথাযথভাবে পালন করা। সেই সঙ্গে তিনি পরিবারের সামগ্রিক সম্পদ ন্যায্য ও আইনসম্মত উপায়ে ভাগ করে দেওয়ার জোরালো আহ্বান জানান। এনডিটিভি-র এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

লক্ষ্মী ভেনুর দাবি অনুযায়ী, ১৯৫৬ সালের হিন্দু উত্তরাধিকার আইনের ২০০৫ সালের সংশোধনীতে স্পষ্ট বলা হয়েছে যে, বাবার পূর্বপুরুষদের সম্পত্তিতে ছেলেদের পাশাপাশি মেয়েদেরও সমান অধিকার রয়েছে। আইনের ৬ নম্বর ধারার কথা উল্লেখ করে তিনি বলেন, মেয়েরা স্বাধীনভাবেই পারিবারিক সম্পত্তির ভাগ চাইতে পারেন।

উল্লেখ্য, ২০২০ সালে টিভিএস পরিবারের সম্পত্তির একটি বণ্টন প্রক্রিয়া সম্পন্ন হয়েছিল। সেই সময়ে ভেনু শ্রীনিবাসনের ভাগে পড়েছিল বেশ কিছু গুরুত্বপূর্ণ ব্যবসা। যার মধ্যে ছিল টিভিএস হোল্ডিংস, টিভিএস মোটর কোম্পানি, টিভিএস ক্রেডিট সার্ভিসেস এবং সুন্দরম-ক্লেটনের শেয়ার। মূলত এই সম্পদগুলো নিয়েই বর্তমানে বিরোধ চরমে পৌঁছেছে।

লক্ষ্মী ভেনুর মূল যুক্তি হলো, ২০২০ সালের সেই বণ্টন প্রক্রিয়াকে ভেনু শ্রীনিবাসনের নিজস্ব পরিবারের সম্পত্তির চূড়ান্ত বণ্টন হিসেবে গণ্য করা যাবে না। তাঁর দাবি, পরিবারের সদস্যদের মধ্যে সম্পদ ভাগ করার প্রকৃত প্রক্রিয়াটি এখনো শুরু বা সম্পন্ন হয়নি।

তিনি আরও বলেন, পারিবারিক ব্যবসা পরিচালনার দায়িত্বে থাকলেই কোনো একজন সদস্য সেই সম্পদের একচ্ছত্র মালিক হয়ে যান না। এর ফলে পরিবারের অন্য সদস্যদের আইনগত অধিকার খর্ব হয় না।

লক্ষ্মী ভেনুর অভিযোগ, তাঁর ভাই সুদর্শন পারিবারিক সম্পদের সুবিধা পাচ্ছেন এবং তাঁকে মালিকানার অধিকারও দেওয়া হয়েছে। এর ফলে তাঁর নিজের ন্যায্য হিস্যার অধিকার ক্ষুণ্ন হয়েছে। তিনি মনে করেন, একতরফা সিদ্ধান্তের মাধ্যমে মেয়েদের উত্তরাধিকারের অধিকারকে এভাবে অগ্রাহ্য করা যায় না।

তবে আইনি নোটিশ পাঠালেও এই বিরোধের একটি শান্তিপূর্ণ সমাধানের পথ খোলা রাখতে আগ্রহী লক্ষ্মী ভেনু। পরিবারের প্রতিটি সদস্যের অধিকার ও মর্যাদা অক্ষুণ্ন রেখে একটি ন্যায্য সমঝোতার মাধ্যমে বিষয়টি নিষ্পত্তির আহ্বান জানিয়েছেন তিনি।

এদিকে, লক্ষ্মী ভেনুর এই আইনি লড়াইয়ে তাঁর মা মল্লিকা শ্রীনিবাসন প্রকাশ্যে সমর্থন জানিয়েছেন। তাঁর মতে, পারিবারিক সম্পদে লক্ষ্মীর ন্যায্য হিস্যা রয়েছে।

মল্লিকা শ্রীনিবাসন বলেন, “পারস্পরিক সমঝোতার মাধ্যমে এই বিরোধ নিষ্পত্তির চেষ্টা হয়েছে, কিন্তু এখন পর্যন্ত তেমন অগ্রগতি হয়নি।” তিনি আরও মন্তব্য করেন যে, ছেলে ও মেয়ের সমান অধিকার থাকা উচিত।

সব পক্ষের স্বার্থ বিবেচনা করে স্বচ্ছ আলোচনা ও পারস্পরিক বোঝাপড়ার ভিত্তিতে এই বিরোধ মিটিয়ে ফেলার আহ্বান জানিয়েছেন মল্লিকা শ্রীনিবাসন। তিনি আশা প্রকাশ করেন যে, পরিবারের সদস্যরা পারস্পরিক মর্যাদা ও সৌহার্দ্য বজায় রেখে গঠনমূলকভাবে সমাধানের পথে এগোবেন।

টিভিএস পরিবারের এই দ্বন্দ্বের মূলে রয়েছে ব্যবসার মালিকানা ও উত্তরাধিকারের জটিল প্রশ্ন। ১৯১১ সালে টি ভি সুন্দরম আয়েঙ্গার এই প্রাচীন ব্যবসায়ী গোষ্ঠীটি প্রতিষ্ঠা করেন। যদিও পরবর্তী সময়ে এই ব্যবসা উত্তরসূরিদের মধ্যে ভাগ হয়ে যায়। বিজনেস স্ট্যান্ডার্ডের এক প্রতিবেদনে এই ইতিহাস তুলে ধরা হয়েছে।

২০২০ সালে বৃহত্তর টিভিএস পরিবারের সদস্যরা পারস্পরিক সমঝোতার মাধ্যমে বিভিন্ন ব্যবসা ও সম্পদ ভাগ করে নিয়েছিলেন। এরপর ২০২৪ সালের ২০ মার্চ ভেনু শ্রীনিবাসন, তাঁর স্ত্রী মল্লিকা শ্রীনিবাসন এবং দুই সন্তান লক্ষ্মী ও সুদর্শনের মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়।

তবে ওই সমঝোতার মাধ্যমে প্রকৃতপক্ষে সম্পদের ভাগাভাগি হয়েছিল কি না, তা নিয়েই এখন প্রধান বিতর্ক। ভেনু ও সুদর্শনের পক্ষের দাবি, সমঝোতার মাধ্যমেই সম্পদের বণ্টন এবং ব্যবসা পরিচালনার দায়িত্ব নির্দিষ্ট করে দেওয়া হয়েছিল। বিপরীতে লক্ষ্মী ও মল্লিকার দাবি, ওই চুক্তিটি ছিল মূলত ব্যবসা পরিচালনাসংক্রান্ত, এতে সম্পদের ন্যায্য মালিকানা নির্ধারিত হয়নি।

গত অক্টোবর মাসে এই পারিবারিক বিরোধ প্রকাশ্যে আসে। এরপর পরিবারের চার সদস্যই চেন্নাইয়ের আদালতে ক্যাভিয়েট আবেদন করেন, যাতে তাঁদের স্বার্থসংশ্লিষ্ট কোনো বিষয়ে আদেশ দেওয়ার আগে আদালত অবশ্যই তাঁদের বক্তব্য শোনেন। এই ধারাবাহিকতায় এবার বাবাকে আইনি নোটিশ দিলেন লক্ষ্মী ভেনু।