চাঁদপুরের শাহরাস্তিতে জমি ও সম্পত্তি সংক্রান্ত বিরোধের জেরে মারধর এবং বসতঘর থেকে উচ্ছেদের গুরুতর অভিযোগ তুলেছেন কুলসুম বেগম নামের এক বিধবা নারী। এই ঘটনার প্রেক্ষিতে তিনি তার ভাশুর শাহাব উদ্দিনের বিরুদ্ধে গত ২১ সেপ্টেম্বর উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) নিকট একটি লিখিত অভিযোগ দাখিল করেছেন।
প্রাপ্ত লিখিত অভিযোগের তথ্যানুসারে, কুলসুম বেগম শাহরাস্তি উপজেলার ১৮ নম্বর চিতোষী ইউনিয়নের সামপুর গ্রামের একজন স্থায়ী বাসিন্দা। তার স্বামী প্রয়াত আলা উদ্দিন জীবদ্দশায় ব্যবসা এবং কৃষিকাজের সাথে যুক্ত ছিলেন। অভিযোগে উল্লেখ করা হয়েছে যে, ২০১৯ সালে স্বামীর মৃত্যুর পর থেকেই সম্পত্তি এবং পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে বিরোধের সূত্রপাত হয়।
কুলসুম বেগমের দাবি, স্বামীর মৃত্যুর পর থেকে তিনি তার দুই সন্তানকে নিয়ে চরম অনিশ্চয়তার মধ্যে জীবন অতিবাহিত করছেন। স্বামীর রেখে যাওয়া সম্পত্তির অধিকার নিয়ে বিরোধের কারণে তাকে বিভিন্নভাবে হয়রানি করা হচ্ছে। এমনকি তাকে শারীরিক নির্যাতন ও মারধরের পাশাপাশি বসতঘর থেকেও উচ্ছেদ করা হয়েছে বলে তিনি অভিযোগ করেছেন।
কুলসুম বেগম আরও জানান, এই বিরোধের সুষ্ঠু সমাধানে স্থানীয় পর্যায়ে একাধিকবার সালিশ ও বৈঠকের উদ্যোগ নেওয়া হলেও কোনো স্থায়ী সমাধান আসেনি। বর্তমান পরিস্থিতিতে তিনি এবং তার সন্তানেরা চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন। তার এক মেয়ে খেড়িহর উচ্চবিদ্যালয়ে ষষ্ঠ শ্রেণিতে পড়াশোনা করছে। সন্তানদের ভবিষ্যৎ এবং নিরাপত্তা নিয়ে তিনি গভীরভাবে উদ্বিগ্ন।
কুলসুম বেগম বলেন, স্বামীর মৃত্যুর পর দুই সন্তানকে নিয়ে অত্যন্ত কষ্টে দিন কাটছে তার। এই কঠিন সময়ে নিজের ও সন্তানদের নিরাপত্তা নিশ্চিত করতে এবং ন্যায়বিচার পাওয়ার জন্য তিনি প্রশাসনের জরুরি সহযোগিতা কামনা করেছেন।
অন্যদিকে, এই অভিযোগের বিষয়ে জানতে চাওয়া হলে শাহাব উদ্দিন বলেন, “গাড়িতে আছি, এ বিষয়ে পরে কথা বলব।”
পুরো বিষয়টি সম্পর্কে শাহরাস্তি উপজেলা নির্বাহী কর্মকর্তা মনিরা খাতুন মুক্তকণ্ঠকে জানান, “ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের কাছে এ বিষয়ে সমাধানের জন্য দুপক্ষ বসেছিল। তবে সমাধান হয়নি। আজ বুধবার (২৮ অক্টোবর) আমার কার্যালয়ে দুপক্ষকে ডাকা হয়েছে।”