কুষ্টিয়ায় স্কুল ছুটির পর বাড়ি ফেরার পথে চতুর্থ শ্রেণির এক শিক্ষার্থীকে মুখে স্প্রে করে অপহরণ করেছে বলে অভিযোগ উঠেছে। অপহরণকারীর কবজা থেকে একপর্যায়ে কৌশলে পালিয়ে বাড়ি ফিরেছে শিশুটি। তার দাবি, জ্ঞান ফেরার পর সে নিজেকে একটি টিনের ঘরে বন্দি অবস্থায় দেখতে পায়, যেখানে আরও কয়েকজন অচেতন অবস্থায় পড়ে ছিল।
গত রোববার (১৫ নভেম্বর) স্কুল থেকে বাড়ি ফেরার পথে এই অপহরণের ঘটনা ঘটে বলে দাবি করেছে শিশুটির পরিবার। ঘটনার পর মঙ্গলবার (১৭ নভেম্বর) বিকেল ৩টার দিকে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে বিস্তারিত তদন্ত শুরু করেছে।
ভুক্তভোগী শিশুটির নাম তাহমিদ, সে কুষ্টিয়া স্কুল অব লরিয়েটস ইন্টারন্যাশনালের চতুর্থ শ্রেণির শিক্ষার্থী। তার বাবার নাম মতিউর রহমান। পরিবারের সঙ্গে কুষ্টিয়া সদর উপজেলার জগতি এলাকায় একটি ভাড়া বাসায় বসবাস করে সে।
পুলিশ, পরিবার এবং শিশুটির দেওয়া তথ্যের ভিত্তিতে জানা গেছে, স্কুল ছুটির পর বাড়ি ফেরার পথে অজ্ঞাতপরিচয় দুই ব্যক্তি তাহমিদের মুখে স্প্রে করে তাকে দ্রুত একটি গাড়িতে তুলে নেয়। এরপরের ঘটনাগুলো শিশুটি স্পষ্টভাবে মনে করতে পারছে না। তবে পরে যখন তার জ্ঞান ফেরে, তখন সে নিজেকে একটি টিনের ঘরে আটকে থাকা অবস্থায় দেখতে পায়। তাহমিদের দাবি, সেই ঘরে কয়েকটি স্কুলব্যাগের পাশাপাশি আরও কয়েকজনকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখে সে। এছাড়া ঘরের ভেতরে রক্ত এবং ধারালো ছুরির মতো বস্তু থাকার কথা জানিয়েছে শিশুটি।
তাহমিদের ভাষ্যমতে, একপর্যায়ে সুযোগ বুঝে সে টিনের দরজার ফাঁক দিয়ে বাইরে বেরিয়ে আসে। সেই সময় কয়েকজন তাকে ধরার জন্য পিছু ধাওয়া করলেও সে তাদের এড়িয়ে পালিয়ে নিরাপদে বাড়ি ফিরতে সক্ষম হয়।
ঘটনার বর্ণনা দিয়ে তাহমিদ জানায়, ‘আমার কিছু মনে নেই। আমাকে মুখে স্প্রে করে দেয়। জ্ঞান ফেরার পর দেখি, আমি একটি টিনের ঘরে আটকে আছি। সেখানে আরও কয়েকটি ব্যাগ ও কয়েকজন মানুষকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখি। সেখানে রক্ত ও ছুরির মতো ধারালো জিনিস ছিল। এরপর কী হয়েছে, তা আর মনে করতে পারছি না।’
সন্তানের এমন ভয়াবহ অভিজ্ঞতার কথা শুনে ক্ষোভ প্রকাশ করেছেন বাবা মতিউর রহমান। তিনি বলেন, ‘আমার ছেলের সঙ্গে এমন ঘটনা ঘটেছে। আমি এ ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার চাই। যারা এর সঙ্গে জড়িত, তাদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানাচ্ছি।’
এদিকে, গত ১৫ নভেম্বর থেকে কুষ্টিয়ার রেনউইক, যজ্ঞেশ্বর অ্যান্ড কোম্পানি লিমিটেড এলাকায় চঞ্চল চৌধুরী ও দীপা খন্দকারসহ কয়েকজন শিল্পীকে নিয়ে একটি শুটিং ইউনিট কাজ করছে। শুটিংয়ের কারণে ওই এলাকায় প্রচুর মানুষের ভিড় রয়েছে এবং নিরাপত্তার জন্য পুলিশ মোতায়েন করা হয়েছে। এমন স্পর্শকাতর পরিস্থিতিতে ওই এলাকাতেই শিশুটিকে আটকে রাখার অভিযোগ ওঠায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ ছড়িয়েছে।
পুলিশ জানিয়েছে, শিশুটির দেখানো স্থানসহ রেনউইক, যজ্ঞেশ্বর অ্যান্ড কোম্পানি লিমিটেড এলাকার বিভিন্ন জায়গা পরিদর্শন করা হয়েছে। তবে প্রাথমিক তদন্তে পুলিশ জানিয়েছে, শিশুটি যে স্থানটিকে বন্দি করার জায়গা হিসেবে দেখিয়েছে, সেখানে সাধারণত মানুষের যাতায়াত নেই। ঘটনার প্রকৃত রহস্য উদঘাটনের লক্ষ্যে আশপাশের সিসিটিভি ক্যামেরার ফুটেজ সংগ্রহের চেষ্টা করা হচ্ছে।
কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেন মুক্তকণ্ঠকে বলেন, “আমরা ঘটনাস্থলগুলো পরিদর্শন করেছি। থানায় একটি অভিযোগ হয়েছে। সিসিটিভি ফুটেজ সংগ্রহের চেষ্টা করছি। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”