কুষ্টিয়ায় দিনদুপুরে নিজ বাসার সামনে এক স্কুলছাত্রীকে ছুরিকাঘাত করার ঘটনায় অভিযুক্ত কিশোরকে গ্রেপ্তার করেছে পুলিশ। ঘটনার মাত্র ১২ ঘণ্টার মধ্যে কুষ্টিয়া শহর থেকে প্রায় ২০ কিলোমিটার দূরে সদর উপজেলার পাটিকাবাড়ি এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। গ্রেপ্তারের পরপরই গভীর রাতে তাকে কুষ্টিয়া মডেল থানায় নিয়ে যাওয়া হয়।
আজ সকাল সাড়ে আটটার দিকে কুষ্টিয়া জেলা পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অবস্) ফয়সাল মাহমুদ মুক্তকণ্ঠকে বলেন, “ছুরিকাঘাতের ঘটনার পরপরই পুলিশের একাধিক দল মাঠে অভিযান চালাতে থাকে। বিভিন্ন কৌশল ও প্রযুক্তি ব্যবহার করে অভিযুক্তকে শনাক্ত ও তার অবস্থান সম্পর্কে নিশ্চিত হয় পুলিশ। ঘটনার ১২ ঘণ্টার মধ্যে রাত সাড়ে ১২টার দিকে পাটিকাবাড়ি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। সেখানে সে তার খালার বাড়িতে পালিয়ে ছিল।”
এই পুলিশ কর্মকর্তা আরও জানান, ওই কিশোরের বিরুদ্ধে থানায় হত্যাচেষ্টার উদ্দেশ্যে গুরুতর জখম করার অভিযোগে মামলা দায়ের করা হয়েছে। এই মামলার একমাত্র আসামি হিসেবে ওই কিশোরকে রাখা হয়েছে। আজ মঙ্গলবার তাকে আদালতের মুখোমুখি করা হবে।
গত সোমবার বেলা ১টা ১১ মিনিটের দিকে কুষ্টিয়া শহরের একটি বাড়ির সামনে দশম শ্রেণির এক স্কুলছাত্রীকে ছুরিকাঘাত করা হয়। জানা গেছে, স্কুল থেকে নির্বাচনী পরীক্ষা দিয়ে ওই ছাত্রী বাসায় ফিরেছিলেন। ভবনের নিচে দাঁড়িয়ে কলবেল বাজানোর মুহূর্তেই এক কিশোর পেছন থেকে তাকে ছুরিকাঘাত করে দ্রুত পালিয়ে যায়। ওই ছাত্রীর শরীরের অন্তত ছয়টি স্থানে আঘাতের চিহ্ন পাওয়া গেছে।
আহত স্কুলছাত্রীকে দ্রুত কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয় এবং সেখানে তার চিকিৎসা চলছে। চিকিৎসকদের মতে, বর্তমানে ওই ছাত্রী শারীরিক দিক থেকে শঙ্কামুক্ত রয়েছেন।
ঘটনার পর পুলিশ সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ ও পর্যালোচনা করে অভিযুক্ত কিশোরকে শনাক্ত করে। তাকে গ্রেপ্তারের উদ্দেশ্যে পুলিশ তার বাড়িতে অভিযান চালালেও সেখানে কাউকে পাওয়া যায়নি। জানা গেছে, ঘটনার পর বাড়ির সদস্যরা তালাবদ্ধ করে এলাকা ছেড়ে চলে যান।
পুলিশ ও স্থানীয় সূত্রে আরও জানা গেছে, অভিযুক্ত কিশোর নিজেও দশম শ্রেণির শিক্ষার্থী। তার বাবা এবং একমাত্র বড় ভাই বর্তমানে প্রবাসে অবস্থান করছেন। ওই কিশোর তার মায়ের সঙ্গে বাড়িতেই থাকতেন।