ছুরিকাঘাতে গুরুতর আহত এক স্কুলছাত্রী এবং গ্রেপ্তার হওয়া এক কিশোর আট মাস আগে একই কোচিং সেন্টারে পড়াশোনা করত। অভিযোগ উঠেছে, ওই কোচিং সেন্টারে পড়ার সময় কিশোরটি ছাত্রটিকে উত্ত্যক্ত করত। এই বিষয়টি সামনে আসার পর কিশোরটিকে কোচিং সেন্টার থেকে বহিষ্কার করা হয়। আহত ছাত্রী ও তার পরিবারের দাবি, সেই বহিষ্কারের ক্ষোভ থেকেই তাকে লক্ষ্য করে এই নৃশংস হামলা চালানো হয়েছে।

আহত ছাত্রীটি বর্তমানে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। আজ মঙ্গলবার সকালে হাসপাতালে গিয়ে স্কুলছাত্রী ও তার মায়ের সঙ্গে কথা বলে জানা যায় এই বিস্তারিত তথ্য।

গত সোমবার দুপুর ১টা ১১ মিনিটের দিকে কুষ্টিয়া শহরের থানাপাড়া এলাকায় নিজের বাসার সামনে ওই ছাত্রীর ওপর ছুরিকাঘাত করা হয়। সে শহরের একটি বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী। স্কুল থেকে নির্বাচনী পরীক্ষা দিয়ে বাসায় ফেরার পর ভবনের নিচে দাঁড়িয়ে কলবেল বাজানোর সময় এক কিশোর পেছন থেকে তাকে উপর্যুপরি ছুরিকাঘাত করে দ্রুত পালিয়ে যায়। তার শরীরের অন্তত ছয়টি স্থানে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। তবে কুষ্টিয়া জেনারেল হাসপাতালের চিকিৎসকেরা জানিয়েছেন, মেয়েটি বর্তমানে বিপদমুক্ত।

ঘটনার পর গতকাল রাতে কুষ্টিয়া মডেল থানায় হত্যাচেষ্টার অভিযোগে একটি মামলা দায়ের করেন স্কুলছাত্রীর বাবা। মামলার পর পুলিশ তৎপর হয় এবং ঘটনার ১২ ঘণ্টার মধ্যে কুষ্টিয়া শহর থেকে প্রায় ২০ কিলোমিটার দূরে সদর উপজেলার পাটিকাবাড়ি এলাকায় অভিযান চালায়। সেখান থেকে ওই কিশোরকে তার খালার বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়।

আজ সকাল সাড়ে ১০টার দিকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে গিয়ে দেখা যায়, মেয়েটির হাত ও পিঠে ব্যান্ডেজ করা রয়েছে। তার মা জানান, কিছুক্ষণ আগে চিকিৎসক এসে তার শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করেছেন। এছাড়া জেলা প্রশাসনের কর্মকর্তারাও খোঁজ নিতে হাসপাতালে এসেছিলেন। মেয়েটির বাঁ হাতের কনিষ্ঠ আঙুল নাড়াচাড়া করতে সমস্যা হচ্ছে বলে জানা গেছে।

ভুক্তভোগী স্কুলছাত্রী জানান, গত ফেব্রুয়ারিতে তিনি শহরের একটি কোচিং সেন্টারে ভর্তি হন। সেখানে অভিযুক্ত কিশোরটিও ভর্তি ছিল। ভর্তির কয়েক দিন পরেই ওই কিশোর তাকে প্রেমের প্রস্তাব দেয় এবং উত্ত্যক্ত করতে শুরু করে। বিষয়টি সে তার মাকে জানান। পরবর্তীতে তার মা কোচিং সেন্টারের পরিচালক এবং ওই কিশোরের পরিবারকে বিষয়টি অবগত করেন। এরপর কর্তৃপক্ষ কিশোরটিকে কোচিং সেন্টার থেকে বের করে দেয়। এরপর থেকে তাদের মধ্যে আর কোনো যোগাযোগ ছিল না।

ছাত্রীর ভাষ্যমতে, কোচিং সেন্টার থেকে বহিষ্কারের কারণে কিশোরটি অত্যন্ত ক্ষুব্ধ ছিল এবং সেই প্রতিহিংসা থেকেই তার ওপর এই আক্রমণ চালানো হয়েছে। কোচিং থেকে বের করে দেওয়ার পর থেকে গতকালের ঘটনার আগ পর্যন্ত সে ছেলেটিকে কোথাও দেখেনি এবং সে তাকে উত্ত্যক্তও করেনি। গতকাল সে বাসার সামনে দাঁড়িয়ে ব্যাগের ভেতর থেকে চাবি বের করার সময় হঠাৎ ছেলেটি পেছন থেকে তার চুল ধরে আঘাত করতে থাকে। এরপরের কথা তার আর মনে নেই।

স্কুলছাত্রীর বাবার দায়ের করা মামলার প্রেক্ষিতে আজ বিকেলে পুলিশ অভিযুক্ত কিশোরকে আদালতে হাজির করে। মামলার শুনানি শেষে বিচারক ওই কিশোরকে কিশোর সংশোধনাগারে পাঠানোর নির্দেশ দেন।

এদিকে ঘটনার পর থেকে অভিযুক্ত কিশোরের পরিবারের সদস্যরা আত্মগোপনে রয়েছেন। তাদের বাড়িতে তালা লাগানো অবস্থায় পাওয়া গেছে এবং পরিবারের কারও সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।

গ্রেপ্তারের পর পুলিশ কিশোরটিকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করেছে। এ বিষয়ে জেলা পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার ফয়সাল মাহমুদ মুক্তকণ্ঠকে বলেন, “জিজ্ঞাসাবাদে কিশোর জানিয়েছে, ছাত্রীর সঙ্গে তার সম্পর্ক ছিল। ছাত্রীর পরিবারের বাধার কারণে তাদের মধ্যে টানাপোড়েন তৈরি হয়। ছয় মাস আগে মেয়েটি যোগাযোগ বিচ্ছিন্ন করে দেয়। সেই ক্ষোভ থেকেই সে ছুরিকাঘাত করেছে।”

হাসপাতালে চিকিৎসাধীন থাকায় আজ মঙ্গলবার স্কুলে নির্বাচনী পরীক্ষার শেষ বিষয়ের পরীক্ষায় অংশ নিতে পারেননি ওই ছাত্রী। এদিন তার রসায়ন পরীক্ষা ছিল। তবে বিদ্যালয় থেকে শিক্ষকেরা তার খোঁজ নিয়েছেন এবং পরে তার পরীক্ষা নেওয়া হবে বলে জানানো হয়েছে।

অন্যদিকে, শিক্ষার্থীকে ছুরিকাঘাতের এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে অপরাধীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছে সাংস্কৃতিক সংগঠন তরঙ্গ। আজ বিকেলে সংগঠনের সদস্যরা কুষ্টিয়া মডেল থানার সামনে এক মানববন্ধন কর্মসূচির আয়োজন করেন। একই সঙ্গে তারা কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্যe কমানোর দাবি তোলেন। সংগঠনের সাধারণ সম্পাদক ইশতিয়াক আহমেদ বলেন, “ভুক্তভোগীর দোষ খোঁজা হচ্ছে, যা খুবই অন্যায়। এখানে যে ছুরিকাঘাত করেছে, তার অপরাধকে স্বাভাবিক করা হচ্ছে, এটা ঠিক নয়। প্রত্যেক অপরাধের দৃষ্টান্তমূলক শাস্তি পেতে হবে। তা না হলে এ রকম অপরাধ আরও ঘটতে থাকবে।”