কুষ্টিয়ায় দিনদুপুরে নিজ বাসার সামনে দশম শ্রেণির এক স্কুলছাত্রীকে উপর্যুপরি ছুরিকাঘাত করেছে এক কিশোর। গুরুতর আহত অবস্থায় ওই ছাত্রীকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। চিকিৎসকরা জানিয়েছেন, তার হাতসহ শরীরের অন্তত ছয়টি স্থানে ছুরির আঘাতের চিহ্ন রয়েছে।
আজ সোমবার বেলা ১টা ১১ মিনিটের দিকে কুষ্টিয়া শহরের থানাপাড়া এলাকায় এই নৃশংস ঘটনাটি ঘটে। প্রত্যক্ষদর্শীদের বিবরণ অনুযায়ী, ঘটনার পরপরই অভিযুক্ত তরুণ ব্যবহৃত ছুরিটি ফেলে দ্রুত পালিয়ে যায়। পুলিশ জানিয়েছে, তাকে গ্রেপ্তারের জন্য একাধিক বিশেষ দল কাজ করছে।
কুষ্টিয়া জেলা পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অবস্) ফয়সাল মাহমুদ মুক্তকণ্ঠকে বলেন, “ঘটনাস্থলে ভবনের সিসিটিভি ক্যামেরার একাধিক ফুটেজে ছুরিকাঘাত করা তরুণকে শনাক্ত করা গেছে। তাঁকে ধরতে কাজ চলছে। আঘাতে ব্যবহৃত ছুরি জব্দ করা হয়েছে। অভিযুক্ত কিশোর শহরের একটি স্কুলের দশম শ্রেণিতে পড়ে।”
পুলিশ সূত্রে জানা গেছে, এই ঘটনার পর শহরজুড়ে কিশোরগ্যাং বিরোধী বিশেষ অভিযান শুরু করেছে পুলিশ। আজ সন্ধ্যা ৬টা পর্যন্ত জিজ্ঞাসাবাদের জন্য ১৪ জনকে থানায় নেওয়া হয়েছে। পাশাপাশি মূল অভিযুক্ত কিশোরকে ধরতে তল্লাশি অব্যাহত রয়েছে।
আহত স্কুলছাত্রীটি (১৫) ফরিদপুর জেলার বাসিন্দা। তার বাবা একটি ওষুধ কোম্পানির কুষ্টিয়া আঞ্চলিক বিপণন প্রতিনিধি। তিনি দীর্ঘদিন ধরে কুষ্টিয়া শহরের থানাপাড়ার একটি ভবনের তিনতলায় পরিবার নিয়ে বসবাস করছেন। ওই ছাত্রী কুষ্টিয়া মিশন মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী এবং বর্তমানে তার এসএসসি পরীক্ষার নির্বাচনী পরীক্ষা চলছে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী স্থানীয়দের কাছ থেকে জানা গেছে, ওই ছাত্রী নির্বাচনী পরীক্ষা শেষ করে দুপুরে বাসায় ফেরেন। বেলা ১টা ১১ মিনিটের দিকে তিনি বাসার নিচে দাঁড়িয়ে কলবেল বাজান। এর কয়েক সেকেন্ডের মধ্যেই এক তরুণ তার কাছে এসে পেছন থেকে উপর্যুপরি ছুরিকাঘাত করতে শুরু করে। মেয়েটি হাত দিয়ে বাধা দেওয়ার চেষ্টা করেন এবং চিৎকার করতে থাকেন। মুহূর্তের মধ্যেই তিনি রক্তাক্ত অবস্থায় বাসার সামনের সড়কে লুটিয়ে পড়েন।
ঘটনার সময় পাশের একটি বাসায় অবস্থান করছিলেন শাহাদাত হোসাইন। তিনি মুক্তকণ্ঠকে বলেন, “ঘটনার সময় তাঁর বোন বারান্দায় ছিলেন। ওই ছাত্রীকে ছুরিকাঘাত করা দেখে চিৎকার দেন তাঁর বোন। তিনি তখন দৌড়ে বাইরে গিয়ে দেখতে পান এক ছেলে মেয়েটিকে কয়েকটি ছুরিকাঘাত করছে। কখনো চুল ধরে আঘাত করছে। মেয়েটির স্কুলড্রেস পরা অবস্থায় ছিল। মাত্র ৩০ সেকেন্ডের মধ্যে আঘাত করে ছুরি ফেলে ছেলেটি দৌড়ে পালিয়ে যায়। এরপর মেয়েটির মা দৌড়ে নিচে নেমে আসে। তিনিও মেয়ের রক্তাক্ত অবস্থা দেখে অচেতন মতো হয়ে পড়েন। একটা রিকশা ডেকে দ্রুত তাকে হাসপাতালে পাঠানো হয়।”
ভবনের সিসিটিভি ক্যামেরার একাধিক ফুটেজে হামলাকারী তরুণকে শনাক্ত করা সম্ভব হয়েছে এবং তাকে ধরার প্রক্রিয়া চলছে।
শাহাদাত হোসাইন আরও বলেন, “দ্রুত সবাই ঘর থেকে বের না হলে ছুরিকাঘাত আরও বেশি হতো। মনে হচ্ছে হত্যা করতেই মেয়েটিকে অন্তত ১০টি আঘাত করেছে। প্রকাশ্যে এমন আঘাত দেখে তিনি ও তার বোন হতবিহ্বল হয়ে পড়েন।”
হাসপাতালে মেয়ের পাশে দাঁড়িয়ে তার বাবা মুক্তকণ্ঠকে জানান, পেশাগত কাজে তিনি বাইরে ছিলেন। হঠাৎ মেয়ের মায়ের ফোন পেয়ে দ্রুত হাসপাতালে ছুটে আসেন। এই হামলার কারণ সম্পর্কে তিনি কিছুই জানেন না। তার মেয়ে আগে কখনো এমন কিছু বলেনি এবং কেউ তাকে উত্ত্যক্ত করত কি না, সে বিষয়েও তার কোনো ধারণা নেই।
কুষ্টিয়া জেনারেল হাসপাতালের সার্জারি বিভাগের চিকিৎসক জাহিদ ইকবাল মুক্তকণ্ঠকে বলেন, “ধারালো কিছু দিয়ে মেয়েটির হাতে দুটিসহ তিনটি গভীর আঘাত ছিল। এ ছাড়া আরও আঘাতের চিহ্ন দেখা গেছে। সব কটি আঘাতের জায়গাতে সেলাই দেওয়া হয়েছে। আপাতত শঙ্কামুক্ত। তাকে ভর্তি রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।”