পটুয়াখালীর মির্জাগঞ্জে স্কুলে যাওয়ার পথে নিখোঁজ হয়ে যাওয়া দশম শ্রেণির এক ছাত্রীর মরদেহ উদ্ধার করা হয়েছে। নিখোঁজের দুই দিন পর বৃহস্পতিবার (৫ নভেম্বর) সকাল ৯টার দিকে মোসা. ইসরাত জাহান যুথি (১৬) নামের ওই ছাত্রীর নিথর দেহটি পাওয়া যায়। উপজেলার দক্ষিণ ঘটকের আন্দুয়া গ্রামে অবস্থিত তার বাড়ির দক্ষিণ পাশের একটি নির্জন বাগান থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত ছাত্রী যুথি ওই গ্রামেরই বাসিন্দা মো. জামাল হাওলাদারের কন্যা। তিনি সুবিদখালী র.ই পাইলট সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির একজন শিক্ষার্থী ছিলেন।
পরিবারের সদস্যদের দেওয়া তথ্যানুসারে, গত ৩ নভেম্বর পরীক্ষার উদ্দেশ্যে যুথি বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হন। এরপর থেকে তার স্বজনরা সম্ভাব্য সব জায়গায় ব্যাপক খোঁজাখুঁজি চালালেও কোনো সন্ধান পাননি।
বৃহস্পতিবার সকালে বাড়ির দক্ষিণ পাশের নির্জন বাগানে মেয়ের মরদেহ পড়ে থাকতে দেখেন বাবা জামাল হাওলাদার। সেই সময় মরদেহের পাশেই যুথির পরীক্ষার প্রবেশপত্রসহ বিভিন্ন শিক্ষাসংক্রান্ত প্রয়োজনীয় কাগজপত্র এবং একটি ফাইল পড়ে ছিল। মেয়ের এই করুণ অবস্থা দেখে চিৎকার দিয়ে জ্ঞান হারিয়ে ফেলেন তার বাবা। তার চিৎকার শুনে স্থানীয় লোকজন দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন।
ঘটনা প্রসঙ্গে মির্জাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তৌহিদুজ্জামান মুক্তকণ্ঠকে মোবাইল ফোনে বলেন, “মরদেহ উদ্ধার করেছি। ঘটনাস্থলে সিআইডি ও সিবিআই গেছে তদন্ত চলছে। তবে তদন্তের স্বার্থে আমরা অনেক কিছু আপাতত বলতে পারছি না।”