মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার মাওয়া এলাকায় পদ্মা সেতুর ৪ নম্বর পিলারের নিকটবর্তী পদ্মা নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া দুই ব্যক্তির একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। মৃত ব্যক্তির নাম মো. মারুফ (৪০)।
নিখোঁজের প্রায় ২৪ ঘণ্টা পর মঙ্গলবার (২৭ অক্টোবর) উদ্ধারকারী দল নদীর তলদেশ থেকে তার মরদেহ উদ্ধার করে। তবে নিখোঁজ অপর ব্যক্তি মো. রাসেলের (৩৫) সন্ধানে ফায়ার সার্ভিসের ডুবুরি দল দ্বিতীয় দিনের মতো তল্লাশি ও উদ্ধার অভিযান চালিয়ে যাচ্ছে।
ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, সোমবার (২৬ অক্টোবর) দুপুরে পদ্মা সেতুর ৪ নম্বর পিলারের কাছে শরীফ ল্যান্ডমার্ক লিমিটেডের আটজন কর্মী একসঙ্গে নদীতে গোসল করতে নামেন। সেই সময় নদীর তীব্র স্রোতে আটকা পড়েন তারা। এর মধ্যে ছয়জন সাঁতরে অলৌকিকভাবে তীরে ফিরতে সক্ষম হলেও মো. মারুফ ও মো. রাসেল পানির গভীরে তলিয়ে যান। জানা গেছে, নিখোঁজ মারুফের বাড়ি ঢাকার খিলগাঁও এলাকায় এবং রাসেলের বাড়ি পটুয়াখালী জেলায়।
ঘটনার খবর পাওয়ার পরপরই মুন্সীগঞ্জ ফায়ার স্টেশনের ডুবুরি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। সোমবারের ধারাবাহিকতায় মঙ্গলবার সকাল ৮টা থেকে পুনরায় দ্বিতীয় দিনের মতো তল্লাশি কার্যক্রম শুরু হয় এবং এর কিছু পরেই ডুবুরি দল মারুফের মরদেহ উদ্ধার করতে সক্ষম হয়।
মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম (পিএফএম) জানান, “নিখোঁজ অপর ব্যক্তি রাসেলের সন্ধানে ডুবুরি দলের অভিযান অব্যাহত রয়েছে। তাকে উদ্ধার না করা পর্যন্ত উদ্ধার তৎপরতা চলতেই থাকবে।”