মুন্সীগঞ্জের লৌহজং এলাকায় ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাস সড়কের ডিভাইডারে উঠে গেছে। এই আকস্মিক দুর্ঘটনায় বাসটির অন্তত ৭ জন যাত্রী আহত হয়েছেন বলে জানা গেছে।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এক্সপ্রেসওয়ের মাওয়ামুখী লেনে পদ্মা সেতু উত্তর থানার সামনে এই দুর্ঘটনাটি ঘটে।
জানা গেছে, দুর্ঘটনাকবলিত যানটি ছিল ‘তুঙ্গীপাড়া এক্সপ্রেস’-এর একটি এসি বাস। বাসটি ঢাকা থেকে তুঙ্গীপাড়ার উদ্দেশে যাচ্ছিল।
মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম জানান, “জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে খবর পেয়ে শ্রীনগর ফায়ার স্টেশনের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কার্যক্রম পরিচালনা করে।”
তিনি আরও জানান, “অতিরিক্ত গতির কারণে চালক বাসটির নিয়ন্ত্রণ হারালে এটি সড়কের ডিভাইডারের ওপর উঠে যায় বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।”
দুর্ঘটনার ফলে বেশ কয়েকজন যাত্রী সামান্য আহত হন। ফায়ার সার্ভিসের কর্মী এবং স্থানীয় বাসিন্দারা দ্রুত তাদের উদ্ধার করে প্রাথমিক চিকিৎসায় সহায়তা করেন। পরবর্তীতে আহতরা প্রাথমিক চিকিৎসা গ্রহণ করে পুনরায় তাদের গন্তব্যের উদ্দেশে রওনা হয়ে যান।