রাঙামাটির লংগদু উপজেলায় একটি জরাজীর্ণ সেতু থেকে পানিতে পড়ে ডুবে এক স্কুলছাত্রের করুণ মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার করল্যাছড়ি বাজার এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে। প্রত্যক্ষদর্শীদের মতে, যে সেতুটি দিয়ে শিশুটি পার হচ্ছিল, সেটি অত্যন্ত পুরনো ও জরাজীর্ণ অবস্থায় ছিল। বিশেষ করে সেতুর দুই পাশে কোনো রেলিং না থাকায় অসাবধানতাবশত শিশুটি নিচে পানিতে পড়ে যায়।

নিহত শিশুটির নাম মো. রাফি (৬), সে ওই এলাকার বাসিন্দা নাছির উদ্দিনের ছেলে। রাফি স্থানীয় একটি বিদ্যালয়ের প্রথম শ্রেণিতে পড়াশোনা করত। স্কুল ছুটির পর বাড়ি ফেরার পথেই এই দুর্ঘটনার কবলে পড়ে সে।

স্থানীয় সূত্রে জানা গেছে, সেতুর রেলিং না থাকার কারণে পার হওয়ার সময় ভারসাম্য হারিয়ে শিশুটি নিচে পড়ে যায়। দূর থেকে এক ব্যক্তি এই দৃশ্যটি দেখতে পান এবং দ্রুত এলাকার মানুষকে জড়ো করে শিশুটিকে উদ্ধারের চেষ্টা শুরু করেন। দীর্ঘক্ষণ খোঁজাখুঁজির পর শিশুটিকে গুরুতর আহত অবস্থায় পানি থেকে উদ্ধার করা হয়। দ্রুত তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনা প্রসঙ্গে স্থানীয় বাসিন্দা মো. আল-আমিন বলেন, ‘স্কুল শেষে বাড়ি ফেরার পথেই দুর্ঘটনাটি ঘটে। সেতুটি পার হতে গিয়ে রাফি নিচে পানিতে পড়ে যায়। আমরা স্থানীয় বাসিন্দারা অনেক খোঁজাখুঁজি করে তাকে উদ্ধার করে হাসপাতালে নিই, কিন্তু ততক্ষণে সব শেষ। দীর্ঘদিন ধরেই সেতুটি চলাচলের অনুপযোগী ছিল। ঝুঁকি নিয়েই এলাকার মানুষজন এতে চলাচল করেন।’

এই বিষয়ে লংগদু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকারিয়া জানান, ‘করল্যাছড়ি সেতু থেকে পড়ে এক স্কুলছাত্রের মৃত্যুর খবর আমরা পেয়েছি। খবর পাওয়ার পরপরই ঘটনাস্থলে পুলিশের একটি দল পাঠানো হয়েছে। বিষয়টি খতিয়ে দেখে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’