মানুষের চলাচলের সুবিধার্থে নদের ওপর সেতু নির্মাণ করা হলেও সেই একের পর এক সেতুর কারণে বন্ধ হয়ে গেছে খাকদোন নদের নৌপথ। এর ফলে কমেছে পানির স্বাভাবিক প্রবাহ এবং নদে জমেছে পলি। একই সঙ্গে নদের দুই পাড়ে গড়ে উঠেছে বসতবাড়ি ও নানা ধরনের স্থাপনা।
বরগুনার খাকদোন নদ এখন কোথাও কোথাও মাত্র ৫ থেকে ১০ ফুট প্রশস্ত। একসময় যে নদ দিয়ে লঞ্চ ও স্টিমার চলাচল করত, তার পূর্ব অংশের প্রায় ৮ কিলোমিটার এখন নৌযান চলাচলের অযোগ্য হয়ে পড়েছে।
বরগুনা সদর উপজেলার ফুলঝুরি ইউনিয়নের রোডপাড়া এলাকার বাসিন্দা ৮৫ বছর বয়সী আবুল কালাম মোহাম্মদ ইউসুফ ১৯৭১ সালের আগে কোনো এক শ্রাবণ মাসে এই নদ দিয়ে পাকিস্তানি সেনাবাহিনীর অস্ত্রে সজ্জিত দুটি গানবোট চলতে দেখেছেন। তিনি মুক্তকণ্ঠকে বলেন, ‘তখন খাকদোন নদ বড় ছিল। তুফান হইত, ঢেউ হইত। এই নদ দিয়ে লঞ্চ, স্টিমার আর “গয়না নৌকা” বরগুনা থেকে পটুয়াখালী যাইত।’ গয়না নৌকা বলতে এখানে যাত্রীবাহী বড় নৌকাকে বোঝানো হয়েছে।
স্থানীয় বাসিন্দাদের ধারণা, নদটির ওপর একের পর এক অপরিকল্পিত সেতু নির্মাণের কারণেই এই সংকটের সৃষ্টি হয়েছে। সেতুর কারণে নৌযান চলাচল বন্ধ হয়ে যাওয়ায় নদে স্রোত কমেছে এবং পলি জমে নদ ভরাট হয়ে গেছে। এছাড়া দুই পাড়ের জমি দখল করে স্থাপনা নির্মাণ এবং শাখাখালের মুখে জলকপাট স্থাপন খাকদোন নদকে আরও বিপন্ন করে তুলেছে।
২২ কিলোমিটার দীর্ঘ খাকদোন নদ পশ্চিমে বিষখালী এবং পূর্বে পায়রা নদীর সঙ্গে যুক্ত। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) তথ্য অনুযায়ী, এই নদের প্রায় ১৭ কিলোমিটার অংশে ২১টি সেতু নির্মাণ করা হয়েছে। এর মধ্যে এলজিইডি বানিয়েছে ১৪টি সেতু, জেলা পরিষদ চারটি এবং দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর তিনটি সেতু নির্মাণ করেছে।
এলাকার মানুষের মতে, একসময় খাকদোন নদ প্রায় পৌনে এক কিলোমিটার প্রশস্ত ছিল। কিন্তু এখন নদটির বিভিন্ন স্থানে এর প্রস্থ ১০ থেকে ২০ ফুটে নেমে এসেছে, কোথাও কোথাও আরও কম। বরগুনা থেকে পটুয়াখালী ও আমতলীতে নৌ চলাচলের জন্য গুরুত্বপূর্ণ এই নদের পূর্ব অংশের প্রায় ৮ কিলোমিটার এখন কার্যত মৃত।
সরেজমিনে দেখা গেছে, বরগুনা মাছ বাজার থেকে সুজর খেয়াঘাট পর্যন্ত এক কিলোমিটারের মধ্যেই তিনটি সেতু রয়েছে। বুড়িরচর ইউনিয়নের সোনাখালী মাধ্যমিক বিদ্যালয় থেকে শিংরা বুনিয়া গ্রাম পর্যন্ত দুই কিলোমিটারের মধ্যে চারটি সেতু দেখা যায়। এছাড়া রোডপাড়া বাজার থেকে কেওড়াবুনিয়া ইউনিয়নের পরিষদ পর্যন্ত প্রায় তিন কিলোমিটারের মধ্যে পাঁচটি সেতু রয়েছে। এসব এলাকার বাসিন্দারা অভিযোগ করছেন, এত ঘন ঘন সেতু নির্মাণের ফলে নদটির বিভিন্ন অংশে নৌযান চলাচলের পথ সংকুচিত হয়ে পড়েছে। তাঁদের দাবি, সেতুগুলো নির্মাণের সময় নদটিকে নৌপথ হিসেবে ব্যবহার এবং এর স্বাভাবিক পানিপ্রবাহের বিষয়টি যথাযথভাবে বিবেচনা করা হয়নি।
তবে স্থানীয় জনপ্রতিনিধিরা বলছেন, শিক্ষাপ্রতিষ্ঠান এবং গ্রামীণ বাজারের মধ্যে যাতায়াত সহজ করতেই এতগুলো সেতু নির্মাণ করা হয়েছে। বীর মুক্তিযোদ্ধা আবদুল মোতালেব মৃধা কেওড়াবুনিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান থাকাকালীন এলাকায় একাধিক সেতু নির্মাণ করেছিলেন। তিনি মুক্তকণ্ঠকে বলেন, ‘জনগুরুত্বপূর্ণ বিবেচনায় সেতুগুলো নির্মাণ করেছিলাম। এখন হয়তো এগুলো অপরিকল্পিত মনে হচ্ছে। তবে শিক্ষাপ্রতিষ্ঠান ও স্থানীয় বাজরের দূরত্বের কারণেই সেতু নির্মাণ করা হয়।’
সদর উপজেলার কেওড়াবুনিয়া ইউনিয়নের ঘটবাড়িয়া বাজার এলাকায় এলজিইডি একটি নিচু সেতু নির্মাণ করেছে, যার তলা দিয়ে জোয়ারের সময় নৌকা বা ট্রলার চলাচল করতে পারে না। নদের দুই পাশ ধরে ভরাট করে দখল চলছে। দৃশ্যত ঘটবাড়িয়া বাজার এলাকা থেকে আঙ্গারপাড়া এলাকা পর্যন্ত নদটি কোথাও ১০ ফুট, কোথাও ৫ ফুটের মতো প্রশস্ত। একই ইউনিয়নের জাকিরতাবক এলাকায় দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের একটি সেতু রয়েছে। সেখানে নদটির দুই পাশ থেকে ১০০ ফুটের মতো ভরাট করে সংযোগ সড়ক বানিয়ে ৩৬ ফুটের একটি সেতু নির্মাণ করা হয়েছে।
আয়লা বাজার এলাকার বাসিন্দা ৫৫ বছর বয়সী মো. ফিরোজ মিয়া বলেন, ‘আমি এই নদ দিয়ে লঞ্চে চান্দখালী বাজার গেছি। এখন নদে ব্রিজ হয়েছে, আবার ভরাট হয়ে গেছে। এখন ট্রলারও চলতে পারে না। ঘন ঘন ব্রিজ দিয়া নদটি মেরে ফেলেছে।’
এলজিইডি বরগুনা কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী মেহেদী হাসান জানান, প্রধান কার্যালয় থেকে প্রকল্প নিয়ে এই সেতুগুলো নির্মাণ করা হয়েছে এবং আন্তমন্ত্রণালয়ের আলাপ-আলোচনার মাধ্যমে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তাঁর কথা, ‘এখানে আমাদের স্থানীয়ভাবে কোনো কিছু করার সুযোগ নেই।’ তিনি আরও জানান, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের ছাড়পত্র পাওয়ার পর সার্ভে করা হয় এবং নকশা তৈরি হলে প্রকল্প ও বরাদ্দ আসে, যা তাঁরা বাস্তবায়ন করেন। তাঁর মতে, কোনো সেতুর দৈর্ঘ্য ১০০ মিটার হলে তাঁদের বিআইডব্লিউটিএর অনাপত্তিপত্র প্রয়োজন হয়।
ভৌগোলিকভাবে খাকদোন নদের উৎপত্তি পশ্চিমে বিষখালী নদী থেকে। সেখান থেকে এটি বরগুনা শহরের উত্তর পাশ দিয়ে পূর্ব দিকে প্রবাহিত হয়ে কেওড়াবুনিয়া ও গৌরীচন্না ইউনিয়নের সীমানা দিয়ে উত্তরে গেছে। এরপর বেতাগী উপজেলার চান্দখালী বাজারের দক্ষিণ পাশ দিয়ে প্রবাহিত হয়ে বরগুনা ও পটুয়াখালী জেলার সীমান্ত এলাকা দিয়ে পায়রা নদীতে মিশেছে।
স্থানীয়দের সূত্রে জানা গেছে, ষাটের দশকেও খাকদোনের পূর্ব অংশ দিয়ে স্টিমার, লঞ্চ ও যাত্রীবাহী ‘গয়না নৌকা’ চলাচল করত। এর মাধ্যমে বরগুনা থেকে পটুয়াখালী, আমতলী ও ঢাকার সঙ্গে নৌপথে যোগাযোগ ছিল। গয়না নৌকায় পটুয়াখালী যেতে এক থেকে দেড় দিন বা তারও বেশি সময় লাগত এবং যাত্রীরা নৌকার ছইয়ের নিচে বিছানা পেতে রাত কাটাতেন।
খাজুরতলা এলাকার বাসিন্দা জাকির হোসেন (৫৫) গত ৩৫ বছর ধরে ছোট জাহাজের কর্মী হিসেবে কাজ করছেন। তিনি প্রায় ২৫ বছর আগে খাকদোন নদের পূর্ব অংশ দিয়ে আয়লা বাজার ও আমতলীতে মালামাল নিয়ে গিয়েছিলেন। তিনি মুক্তকণ্ঠকে বলেন, এরপর আর কখনো এই পথে জাহাজ নিয়ে যেতে পারেননি। প্রায় ৮–৯ কিলোমিটার নদ ভরাট হয়ে সরু হয়ে গেছে। এর ওপর অসংখ্য সেতু করায় এখন আর এই নদীপথ আগের অবস্থায় ফেরার কোনো সুযোগ নেই। জাকির আরও বলেন, এই নৌপথ দিয়ে কম জ্বালানি খরচে অল্প সময়ে আমতলীসহ বিভিন্ন জায়গায় যাওয়া যেত, এখন আমতলী যেতে সাগরের মোহনা দিয়ে যেতে হয়, যাতে ঝুঁকি ও জ্বালানি খরচ দুটোই বেড়েছে।
বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড (বাপাউবো) বরগুনা কার্যালয় সূত্রে জানা গেছে, দখল ও ভরাটের কারণে খাকদোন নদের বেশির ভাগ অংশ মৃতপ্রায়। নদটি রক্ষায় খননের একটি প্রকল্প প্রস্তাব পানিসম্পদ মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। বাপাউবো বরগুনা কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী আবদুল হান্নান প্রধান মুক্তকণ্ঠকে বলেন, ‘খাকদোন নদের ২০ কিলোমিটার খননের প্রস্তাব পাঠানো হয়েছে। আশা করছি, চলতি বছরের ডিসেম্বর মাসে আমরা খননের কাজ শুরু করতে পারব।’
এদিকে কেওড়াবুনিয়া ইউনিয়নের আঙ্গারপাড়া গ্রামের বাসিন্দা ৬৬ বছর বয়সী মো. খলিল মিয়া বলেন, বরগুনা শহর থেকে আয়লা পর্যন্ত অসংখ্য সেতু নির্মাণের পর নৌযান চলাচল বন্ধ হয়ে যায়, ফলে নদে পলি জমতে থাকে এবং দুই পাড়ে অবৈধ দখল চলে। পাশাপাশি সংযুক্ত খালের মুখে জলকপাট (স্লুইসগেট) করা হয়। তিনি মুক্তকণ্ঠকে বলেন, এগুলোর কারণে এখন কেওড়াবুনিয়া থেকে চান্দখালী বাজার পর্যন্ত নদটির বড় অংশ ‘মরা খালে’ পরিণত হয়েছে।