গত সপ্তাহে আউটলুক, এক্সচেঞ্জ এবং মাইক্রোসফটের অন্যান্য গুরুত্বপূর্ণ অফিস সফটওয়্যারগুলোকে অচল করে দেওয়া বৈশ্বিক বিভ্রাটের পেছনে প্রকৃত কারণগুলো চিহ্নিত করেছে প্রতিষ্ঠানটি। সোমবার প্রকাশিত একটি প্রাথমিক প্রতিবেদনে মাইক্রোসফট জানিয়েছে, তাদের সেবা টানা ২৪ ঘণ্টা বন্ধ থাকার পেছনে তিনটি প্রধান কারণ দায়ী। এই কারণগুলোর মধ্যে রয়েছে দীর্ঘ সময় ধরে লুকিয়ে থাকা একটি বাগ, অভ্যন্তরীণ সংযোগের ত্রুটি এবং সার্ভারের ধারণক্ষমতার সীমাবদ্ধতা। মাইক্রোসফটের নির্বাহী কর্মকর্তাদের মতে, এই সমস্যাগুলোর প্রতিটি আলাদাভাবে খুব সহজেই সমাধান করা সম্ভব ছিল। তবে দুর্ভাগ্যবশত, সবকটি সমস্যা একসঙ্গে কার্যকর হওয়ায় এমন এক বিশাল বিপর্যয় তৈরি হয়, যা সামাল দেওয়া অত্যন্ত কঠিন হয়ে পড়েছিল।

ঘটনার সূত্রপাত হয় গত বৃহস্পতিবার, যখন মার্কিন ব্যবহারকারীরা তাদের আউটলুক ই–মেইল অ্যাকাউন্টে প্রবেশ করতে সমস্যার সম্মুখীন হন। পরদিনও এই বিভ্রাট অব্যাহত থাকায় বিশ্বজুড়ে লাখ লাখ মানুষ ই–মেইল এবং অফিস ৩৬৫-এর বিভিন্ন সেবা ব্যবহার করতে পারেননি। এই প্রযুক্তিগত অচলবস্থার প্রভাব ছিল সুদূরপ্রসারী। এর ফলে কোথাও জেলখানা থেকে বন্দীদের মুক্তি দেওয়া সম্ভব হয়নি, আবার অনেক হাসপাতালকে পুনরায় কাগজের নথিপত্র ব্যবহারের পুরনো পদ্ধতিতে ফিরে যেতে হয়। স্কুলগুলো অভিভাবকদের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে এবং পুলিশ বিভাগগুলো অপরাধের কোনো রিপোর্ট গ্রহণ করতে ব্যর্থ হয়। মাইক্রোসফট জানিয়েছে, তারা সমস্যাটি সমাধান করে গত শনিবারের মধ্যে সব সেবা পুনরুদ্ধার করেছে এবং এই অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির জন্য ক্ষমা চেয়েছে। তবে মাইক্রোসফটের ভাষ্যে, এই ব্ল্যাকআউট বা বিভ্রাটকে কোনো সাইবার নিরাপত্তা লঙ্ঘন বলে উল্লেখ করা হয়নি।

মাইক্রোসফটের কোপাইলট, এজেন্টস অ্যান্ড প্ল্যাটফর্মের নির্বাহী ভাইস প্রেসিডেন্ট চার্লস লামানা এক্সে দেওয়া এক বার্তায় বিস্তারিত জানান, জুলাই মাসে তৈরি হওয়া একটি সুপ্ত বাগ বা ত্রুটি মাইক্রোসফটের সার্ভারগুলোকে অতিরিক্ত চাপে ফেলে অকার্যকর করে দিয়েছিল। লামানা লিখেছেন, কোম্পানির সাধারণত দুটি নেটওয়ার্ক গেটওয়ে বা এন্ট্রি ও এক্সিট পয়েন্ট থাকে, যা আলাদা সিস্টেমগুলোকে সংযুক্ত করে এবং ডেটা আদান–প্রদান করতে দেয়। তবে মাইক্রোসফট টিমসের জন্য এর মধ্যে একটি কাজ করছিল না, যা প্রধান গেটওয়েতে অতিরিক্ত চাপ সৃষ্টি করে। এর পাশাপাশি, আগের দিনের একটি সম্পর্কহীন সমস্যার কারণে কোম্পানির সার্ভার ক্ষমতার ১৪ শতাংশের বেশি অকার্যকর ছিল।

লামানা আরও ব্যাখ্যা করেন যে, বর্ধিত লোড এবং কমে যাওয়া সার্ভারের ক্ষমতা যখন একসঙ্গে মিলে যায়, তখন নেটওয়ার্ক গেটওয়েটি জুলাইয়ের সেই সুপ্ত ত্রুটির মুখে পড়ে। এর ফলে সার্ভারগুলো সাড়া দেওয়া বন্ধ না করা পর্যন্ত অনুরোধের পরিমাণ জমতে থাকে। দুর্ভাগ্যবশত, যুক্তরাষ্ট্রের ট্রাফিকের শীর্ষ সময়ের মধ্যে এই ঘটনাটি ঘটেছিল। যেহেতু ত্রুটিটি কয়েক মাস আগের ছিল, তাই কোম্পানিটি তা দ্রুত সমাধান করতে সমস্যায় পড়ে। কারণ, ত্রুটিটি দূর করার জন্য সাম্প্রতিক কোনো পরিবর্তন আগের অবস্থায় ফিরিয়ে আনা সহজ ছিল না।

লামানা লিখেছেন, ‘সার্ভারগুলো আবার সচল হওয়ার সঙ্গে সঙ্গে অপেক্ষমাণ ট্রাফিকের চাপে অবিলম্বে অতিরিক্ত ভারাক্রান্ত হয়ে পড়ে এবং আবার সাড়া দেওয়া বন্ধ করে দেয়। এর ফলে পুনরুদ্ধার করতে স্বাভাবিকের চেয়ে বেশি সময় লেগেছে। আমাদের সাধারণত স্বয়ংক্রিয় পুনরুদ্ধারের প্রক্রিয়াগুলো এই ধরনের ব্যাপক অসাফল্য বা অচল অবস্থা থেকে সেবা পুনরুদ্ধার করার জন্য ডিজাইন করা হয়নি। এ ছাড়া মূল কোডের ত্রুটিটি কয়েক মাস আগের একটি সুপ্ত বাগ হওয়ায় আমাদের স্বাভাবিক রোলব্যাক বা ফিচার ফ্ল্যাগগুলো দ্রুত পরিবর্তনটি পূর্বাবস্থায় ফেরাতে পারেনি।’ কোম্পানিটি আশ্বস্ত করেছে যে, তারা খুব শিগগির আরও বিস্তারিত তথ্য-সংবলিত একটি চূড়ান্ত প্রতিবেদন প্রকাশ করবে।