বিশ্বজুড়ে মাইক্রোসফটের ই–মেইল সেবা আউটলুকে বড় ধরনের বিপর্যয় দেখা দিয়েছে। এই যান্ত্রিক ত্রুটির কারণে ব্যবহারকারীরা মাইক্রোসফটের বেশ কিছু গুরুত্বপূর্ণ সেবা ব্যবহার করতে পারছেন না।
গতকাল বৃহস্পতিবার এই মার্কিন প্রযুক্তি জায়ান্টটি জানিয়েছে যে, সমস্যাটি সমাধানে তারা যে পদক্ষেপগুলো নিয়েছিল, তা প্রত্যাশা অনুযায়ী কাজ করছে না। ফলে প্রতিষ্ঠানটি এখন বিকল্প কোনো সমাধান খোঁজার চেষ্টা করছে।
কয়েক ঘণ্টা ধরে চলা এই বিপর্যয়ের প্রভাব কেবল ই–মেইল সেবার মধ্যেই সীমাবদ্ধ থাকেনি; এর ফলে মাইক্রোসফটের অনলাইন যোগাযোগের জনপ্রিয় প্ল্যাটফর্ম টিমস এবং কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক সহকারী কোপাইলটের কার্যকারিতাও মারাত্মকভাবে ব্যাহত হয়েছে।
মাইক্রোসফটের দাবি, তাদের প্রযুক্তিগত অবকাঠামোর ওপর অতিরিক্ত চাপের কারণে এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে।
এই বিপর্যয়ের প্রভাব ছড়িয়ে পড়েছে বিশ্বজুড়ে। বিভিন্ন বেসরকারি কোম্পানি এবং সরকারি প্রতিষ্ঠানগুলো জানিয়েছে যে, তারা আউটলুকের মাধ্যমে প্রয়োজনীয় যোগাযোগ করতে পারছে না, যা তাদের দৈনন্দিন কাজে বিঘ্ন ঘটাচ্ছে।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে মাইক্রোসফট লিখেছে, “সেবা সচল রাখার সক্ষমতা বাড়াতে আমরা যেসব পরিবর্তন এনেছিলাম, সেগুলোর কার্যকারিতা পর্যবেক্ষণ করে দেখেছি যে তা প্রত্যাশা অনুযায়ী কাজ করছে না।”
প্রযুক্তিপ্রতিষ্ঠানটি আরও উল্লেখ করেছে, “সেবার সক্ষমতা বাড়াতে বিকল্প উপায় খুঁজছি আমরা।”
তবে সব সেবা ঠিক কখন নাগাদ পুরোপুরি সচল হবে, সে বিষয়ে এখন পর্যন্ত কোনো নির্দিষ্ট সময়সীমা জানায়নি মাইক্রোসফট কর্তৃপক্ষ।
বিপর্যয়টি শুরুর মাত্র এক ঘণ্টার মধ্যেই তা বিশ্বব্যাপী ছড়িয়ে পড়ে। অনলাইন সেবায় বিঘ্নের তথ্য সংগ্রহকারী ওয়েবসাইট ডাউনডিটেক্টর জানিয়েছে, বিশ্বের ৭৪টি দেশ ও অঞ্চলে মাইক্রোসফটের বিভিন্ন সেবা ব্যবহারে সমস্যা দেখা দিয়েছে।
ডাউনডিটেক্টরের এক্সে প্রকাশ করা একটি মানচিত্রে দেখা গেছে, আমেরিকা মহাদেশের বিভিন্ন অঞ্চল ছাড়াও ইউরোপ, এশিয়া এবং আফ্রিকার কিছু অংশের ব্যবহারকারীরা এই যান্ত্রিক সমস্যার সম্মুখীন হয়েছেন।