দীর্ঘ ২৪ ঘণ্টারও বেশি সময় ধরে চলা বড় ধরনের কারিগরি বিভ্রাটের সমাধান করেছে মাইক্রোসফট। এর ফলে বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশে প্রতিষ্ঠানটির জনপ্রিয় ই-মেইল সেবা আউটলুক, ভিডিও কনফারেন্সিং সফটওয়্যার মাইক্রোসফট টিমস এবং ওয়ার্ড ৩৬৫-এর অনলাইন সেবাগুলো পুনরায় সচল হয়েছে। গত বৃহস্পতিবার বাংলাদেশ সময় রাত ১১টা ৩২ মিনিটে মাইক্রোসফটের এই ব্যাপক কারিগরি সমস্যা শুরু হয়, যার ফলে বিশ্বজুড়ে ব্যবহারকারীরা প্রতিষ্ঠানটির বিভিন্ন সেবা গ্রহণে চরম ভোগান্তির সম্মুখীন হন।
বিশ্বব্যাপী এই বিপর্যয়ের পর গত বৃহস্পতিবার রাত ১১টা ৫৪ মিনিটে মাইক্রোসফট প্রথমবার সমস্যার কথা স্বীকার করে। এর ঠিক ১৩ মিনিট পর এক সতর্কবার্তায় প্রতিষ্ঠানটি জানায়, বিশ্বের যেকোনো অঞ্চলের ব্যবহারকারীরা এই সমস্যার কবলে পড়তে পারেন। তবে তারা স্পষ্টভাবে উল্লেখ করে যে, এই বিভ্রাটের পেছনে কোনো সাইবার হামলা বা কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই)-এর ভূমিকা ছিল না।
দীর্ঘ সময় ধরে বিস্তারিত পরীক্ষা-নিরীক্ষার পর মাইক্রোসফট জানিয়েছে, নেটওয়ার্কের সক্ষমতা বৃদ্ধির কাজ করার সময় তৈরি হওয়া একটি নতুন কারিগরি ত্রুটির কারণেই এই বিপত্তি ঘটেছে। প্রতিষ্ঠানটির দাবি, এটি সম্পূর্ণ একটি কারিগরি ত্রুটি এবং সাইবার আক্রমণ বা এআই এজেন্টের সঙ্গে এর কোনো সম্পর্ক নেই। স্বয়ংক্রিয় কার্যকারিতা পরীক্ষায় ব্যর্থ হওয়ার কারণে বেশ কিছু সার্ভার অপ্রত্যাশিতভাবে অচল হয়ে পড়ে। ফলে সচল থাকা সার্ভারগুলোর ওপর কাজের চাপ বহুগুণ বেড়ে যায় এবং সেগুলোও চাপের মুখে পড়ে। এর ফলে আক্রান্ত সার্ভারগুলোতে নিরাপদ সংযোগ পরিচালনার সঙ্গে যুক্ত প্রক্রিয়াটি অতিরিক্ত চাপে অকার্যকর হয়ে পড়ে এবং সার্ভারগুলো অনুরোধ গ্রহণ করা বন্ধ করে দেয়।
মাইক্রোসফটের পক্ষ থেকে জানানো হয়েছে, নতুন করে চালু করা সার্ভারগুলো ট্রাফিক পাওয়ার সঙ্গে সঙ্গেই পুনরায় কাজ বন্ধ করে দিচ্ছিল। এই জটিল পরিস্থিতি সামাল দিতে প্রকৌশলীরা আক্রান্ত অবকাঠামোতে আসা ট্রাফিকের ধরন সীমিত করেন। পাশাপাশি কিছু সার্ভারকে আগের কনফিগারেশনে ফিরিয়ে নেওয়া হয় এবং অথেনটিকেশন ও রাউটিং উপাদানে প্যাচ যুক্ত করে ভার্চ্যুয়াল মেশিন যোগ করা হয়। প্রতিষ্ঠানটি জানায়, “চাহিদার ব্যাপকতা বিবেচনা করে আমরা ধাপে ধাপে সেবাগুলো পুনরুদ্ধার করেছি এবং প্রতিটি ধাপে স্থিতিশীলতা যাচাই করেছি। এতে সময় বেশি লাগলেও স্থিতিশীলভাবে পুনরুদ্ধার নিশ্চিত করা সম্ভব হয়েছে।”
ই-স্ক্যানের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ও ব্যবস্থাপনা পরিচালক গোবিন্দ রামমূর্তির মতে, মাইক্রোসফটের এই বিভ্রাটের কারণ কোনো সাইবার হামলা ছিল না, বরং এটি ছিল একটি অভ্যন্তরীণ প্রক্রিয়াগত ব্যর্থতা। তিনি বলেন, “যখন একটি মাত্র সরবরাহকারী প্রতিষ্ঠান প্রায় প্রতিটি গুরুত্বপূর্ণ কর্মপ্রবাহের ভিত্তি হিসেবে কাজ করে তখন ভুল কনফিগারেশন, অতিরিক্ত চাপ বা নেটওয়ার্ক পরিবর্তনের যেকোনো ত্রুটি তাৎক্ষণিকভাবে বিশ্বজুড়ে ছড়িয়ে পড়ে।” তিনি আরও উল্লেখ করেন যে, পুনরুদ্ধার প্রক্রিয়াটি প্রত্যাশার চেয়েও বেশি জটিল ছিল। কারণ, কিছু সার্ভারে ট্রাফিক ফিরে আসার সঙ্গে সঙ্গে সেগুলো পুনরায় কাজ বন্ধ করে দেওয়ায় একটি জটিল চক্র তৈরি হয়েছিল। সার্ভার সচল করার ফলে সক্ষমতা বাড়লেও ফিরে আসা ট্রাফিকের চাপে কিছু মেশিন আবারও অচল হয়ে পড়ছিল।
গতকাল শুক্রবার গভীর রাত থেকে এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের বিভিন্ন দেশে মাইক্রোসফটের সেবাগুলো চালু হতে শুরু করে। পরবর্তীতে ইউরোপ এবং উত্তর আমেরিকার পরিস্থিতি স্বাভাবিক হয়। টিমস-এর চ্যাট এবং মিটিং সেবাগুলো দ্রুত সচল হলেও এক্সচেঞ্জ অনলাইনের ওপর নির্ভরশীল ক্যালেন্ডার ফিচারগুলো পুরোপুরি স্বাভাবিক হতে কিছুটা বেশি সময় লেগেছে।