মানবদেহের সামগ্রিক সুস্থতা বজায় রাখতে ম্যাগনেসিয়াম একটি অপরিহার্য খনিজ উপাদান। শরীরের ভেতরে অত্যন্ত গুরুত্বপূর্ণ নানা ধরনের জৈবিক কাজ সঠিকভাবে সম্পন্ন করার জন্য এই খনিজটির প্রয়োজন হয়। বিশেষ করে হৃদস্পন্দনের স্বাভাবিক ছন্দ বজায় রাখা, পেশির কার্যকর সঞ্চালন, রক্তচাপ নিয়ন্ত্রণ, হাড়ের গঠন মজবুত রাখা এবং শরীরে প্রয়োজনীয় শক্তি উৎপাদনে ম্যাগনেসিয়াম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। গবেষকদের মতে, শরীরের ৩০০টিরও বেশি রাসায়নিক প্রক্রিয়ায় এই খনিজটি সক্রিয়ভাবে কাজ করে।

শরীরে ম্যাগনেসিয়ামের পরিমাণ কমে গেলে বা ঘাটতি দেখা দিলে বিভিন্ন ধরনের শারীরিক জটিলতা ও সমস্যা তৈরি হতে পারে। এই ধরনের স্বাস্থ্যঝুঁকি এড়াতে এবং শরীরকে সচল রাখতে প্রতিদিনের খাদ্যতালিকায় ম্যাগনেসিয়ামসমৃদ্ধ খাবারের অন্তর্ভুক্তি অত্যন্ত জরুরি।

ম্যাগনেসিয়ামের অভাব পূরণে কার্যকর ১০টি খাবার নিচে আলোচনা করা হলো:

কুমড়ার বীজ
ম্যাগনেসিয়ামের অন্যতম সমৃদ্ধ উৎস হিসেবে পরিচিত কুমড়ার বীজ। মাত্র ২৮ গ্রাম কুমড়ার বীজে প্রায় ১৫০ থেকে ১৬৮ মিলিগ্রাম ম্যাগনেসিয়াম পাওয়া যায়। এছাড়া এতে প্রচুর পরিমাণে ফাইবার, আয়রন, স্বাস্থ্যকর চর্বি এবং অ্যান্টিঅক্সিডেন্ট বিদ্যমান।

বাদাম
কাঠবাদাম, কাজুবাদাম এবং চিনাবাদাম ম্যাগনেসিয়ামের চমৎকার উৎস। ২৮ গ্রাম কাঠবাদামে প্রায় ৮০ মিলিগ্রাম, কাজুবাদামে ৭২ থেকে ৮৩ মিলিগ্রাম এবং চিনাবাদামে ৪৯ মিলিগ্রাম ম্যাগনেসিয়াম থাকে। পুষ্টিগুণে ভরপুর এসব বাদামে প্রোটিন, ফাইবার ও স্বাস্থ্যকর চর্বিও পাওয়া যায়।

পালংশাক
সবুজ শাকসবজির মধ্যে পালংশাকে প্রচুর পরিমাণে ম্যাগনেসিয়াম থাকে। আধা কাপ রান্না করা পালংশাকে প্রায় ৭৮ মিলিগ্রাম এবং এক কাপ রান্না করা পালংশাকে প্রায় ১৫৮ মিলিগ্রাম ম্যাগনেসিয়াম পাওয়া যায়। এছাড়া এতে আয়রন, ম্যাংগানিজ, ভিটামিন এ, সি এবং কে-সহ নানা পুষ্টি উপাদান রয়েছে।

ডাল ও শিমজাতীয় খাবার
মসুর ডাল, ছোলা, মটরশুঁটি, সয়াবিন এবং বিভিন্ন ধরনের বিনস ম্যাগনেসিয়ামের ভালো উৎস। উদাহরণস্বরূপ, এক কাপ রান্না করা কালো বিনসে প্রায় ১২০ মিলিগ্রাম ম্যাগনেসিয়াম থাকে। এই খাবারগুলো প্রোটিন, আয়রন ও ফাইবারেরও বড় উৎস হিসেবে পরিচিত।

ডার্ক চকলেট
যাদের চকলেট পছন্দ, তাদের জন্য ডার্ক চকলেট হতে পারে ম্যাগনেসিয়ামের ভালো উৎস, তবে এতে ৭০ থেকে ৮৫ শতাংশ কোকো থাকা প্রয়োজন। ২৮ গ্রাম ডার্ক চকলেটে প্রায় ৬৪ থেকে ৬৫ মিলিগ্রাম ম্যাগনেসিয়াম থাকে। পাশাপাশি এতে আয়রন, কপার ও অ্যান্টিঅক্সিডেন্ট পাওয়া যায়।

অ্যাভোকাডো
অ্যাভোকাডোতে ম্যাগনেসিয়ামের পাশাপাশি পটাশিয়াম, ভিটামিন বি এবং ভিটামিন কে রয়েছে। একটি মাঝারি আকারের অ্যাভোকাডোতে প্রায় ৫৮ মিলিগ্রাম ম্যাগনেসিয়াম পাওয়া যায়। এতে থাকা ফাইবার ও আনস্যাচুরেটেড ফ্যাট হৃদস্বাস্থ্যের জন্য অত্যন্ত উপকারী।

পূর্ণ শস্যজাতীয় খাবার
লাল আটা, ওটস, বার্লি এবং কিনোয়ার মতো পূর্ণ শস্যজাতীয় খাবারে পর্যাপ্ত ম্যাগনেসিয়াম থাকে। এগুলোতে থাকা ফাইবার ও ভিটামিন রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণ করতে সাহায্য করে এবং পরিপাকতন্ত্রের স্বাস্থ্য ভালো রাখে।

কলা
সাধারণত পটাশিয়ামের জন্য কলা জনপ্রিয় হলেও এতে ম্যাগনেসিয়ামের ভালো উপস্থিতি রয়েছে। একটি বড় আকারের কলায় প্রায় ৩৭ মিলিগ্রাম ম্যাগনেসিয়াম পাওয়া যায়। এছাড়া এতে ভিটামিন বি৬, ভিটামিন সি এবং ফাইবার থাকে।

মাছ
স্যামনের মতো তৈলাক্ত মাছে ম্যাগনেসিয়াম পাওয়া যায়। ১০০ গ্রাম রান্না করা স্যামন মাছে প্রায় ৩০ মিলিগ্রাম ম্যাগনেসিয়াম থাকে। প্রোটিন ও অন্যান্য প্রয়োজনীয় পুষ্টির জন্য এই জাতীয় মাছ অত্যন্ত কার্যকর।

দুধ ও দই
ক্যালসিয়ামের পাশাপাশি দুধ ও দই থেকেও ম্যাগনেসিয়াম পাওয়া সম্ভব। এক কাপ ননফ্যাট দুধে প্রায় ২৪ থেকে ২৭ মিলিগ্রাম ম্যাগনেসিয়াম থাকে। অন্যদিকে, ২২৭ গ্রাম কম চর্বিযুক্ত দইয়ে প্রায় ৪২ মিলিগ্রাম ম্যাগনেসিয়াম পাওয়া যায়।

প্রতিদিন কতটুকু ম্যাগনেসিয়াম প্রয়োজন?
বয়সের ওপর ভিত্তি করে একজন প্রাপ্তবয়স্ক মানুষের প্রতিদিন গড়ে প্রায় ৩১০ থেকে ৪২০ মিলিগ্রাম ম্যাগনেসিয়াম প্রয়োজন হয়। নিয়মিত খাদ্যতালিকায় বাদাম, বীজ, ডাল, শাকসবজি, ফল এবং পূর্ণ শস্যজাতীয় খাবার রাখলে খুব সহজেই শরীরের প্রয়োজনীয় ম্যাগনেসিয়ামের চাহিদা পূরণ করা সম্ভব।

তবে মনে রাখা প্রয়োজন, শরীরে ম্যাগনেসিয়ামের ঘাটতি থাকলে বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ ছাড়া কোনো ধরনের সাপ্লিমেন্ট গ্রহণ করা উচিত নয়। কারণ অতিরিক্ত ম্যাগনেসিয়াম সাপ্লিমেন্ট গ্রহণের ফলে পেটব্যথা, বমিভাব এবং ডায়রিয়ার মতো পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দিতে পারে।