পর্দার দুনিয়ায় তিনি ছিলেন অত্যন্ত ঠান্ডা মাথার, হিসাবি এবং দূরদর্শী এক মাদক সম্রাট। রাজনীতিবিদদের সঙ্গে ঘনিষ্ঠতা, প্রশাসনের উচ্চপর্যায়ে যোগাযোগ, প্রতিদ্বন্দ্বীদের ওপর কঠোর নিয়ন্ত্রণ এবং এক বিশাল মাদক সাম্রাজ্য—সবকিছুই ছিল তাঁর হাতের মুঠোয়। এই প্রভাবশালী চরিত্রটি নেটফ্লিক্সের জনপ্রিয় সিরিজ ‘নারকোস: মেক্সিকো’র অন্যতম প্রধান আকর্ষণ হয়ে উঠেছিলেন। তবে পর্দার সেই জাঁকজমক আর ক্ষমতার বিপরীতে বাস্তব জীবনের শেষ অধ্যায়টি কেটেছে কারাগারে।

তিনি মিগেল আনহেল ফেলিক্স গায়ার্দো, যিনি মেক্সিকোর কুখ্যাত গুয়াদালাহারা কার্টেলের অন্যতম প্রতিষ্ঠাতা। অপরাধ জগতের অন্ধকার দুনিয়ায় তিনি পরিচিত ছিলেন ‘এল জেফে দে জেফেস’ নামে, যার অর্থ হলো ‘বসদের বস’। দীর্ঘ ৩৭ বছর কারাবন্দী থাকার পর গত ১৫ নভেম্বর ৮০ বছর বয়সে তাঁর মৃত্যু হয়। অসুস্থতার কারণে কারাগার থেকে তাঁকে হাসপাতালে নেওয়া হলে সেখানে একাধিক অঙ্গ বিকল হয়ে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

গায়ার্দোর মৃত্যুর খবরটি সামনে আসার পর আবারও আলোচনায় ফিরে এসেছে নেটফ্লিক্সের ‘নারকোস: মেক্সিকো’ সিরিজটি। কারণ, বাস্তবের এই মাদক সম্রাটকে পর্দায় জীবন্ত করে তুলেছিলেন মেক্সিকান অভিনেতা দিয়েগো লুনা। ২০১৮ সালে সিরিজটির প্রথম মৌসুম মুক্তি পাওয়ার পর বিশ্বজুড়ে দর্শকদের কাছে গায়ার্দোর নাম নতুন করে পরিচিতি পায়। তাঁর উত্থান, মাদক সাম্রাজ্যের বিস্তার, রাজনৈতিক প্রভাব, প্রতিদ্বন্দ্বীদের সঙ্গে রক্তক্ষয়ী সংঘাত এবং চূড়ান্ত পতনের গল্পই ছিল এই সিরিজের মূল উপজীব্য।

একজন সাবেক পুলিশ কর্মকর্তা কীভাবে হয়ে উঠলেন মেক্সিকোর সবচেয়ে ক্ষমতাধর মাদক কারবারিদের একজন? কেন তাঁর জীবন নিয়ে সিরিজ নির্মাণে আগ্রহী হলেন নির্মাতারা? আর দিয়েগো লুনা কীভাবে এমন এক বিতর্কিত চরিত্রকে পর্দায় ফুটিয়ে তুললেন?

যে জীবন সিনেমার গল্পকেও হার মানায়
১৯৪৬ সালে মেক্সিকোর সিনালোয়া প্রদেশের কুলিয়াকানে জন্ম হয় গায়ার্দোর। তাঁর জীবনের শুরুটা ছিল অত্যন্ত সাধারণ। পেশাগত জীবনে তিনি পুলিশের সঙ্গে যুক্ত ছিলেন এবং পরবর্তীতে সিনালোয়ার গভর্নর লিওপোলদো সানচেজ সেলিসের দেহরক্ষী হিসেবে দায়িত্ব পালন করেন। তবে এই চাকরির সুযোগে রাজনৈতিক ও প্রশাসনিক মহলে যে শক্তিশালী যোগাযোগ তৈরি হয়েছিল, তা পরবর্তী সময়ে তাঁর অপরাধ জগতের উত্থানে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

সত্তরের দশকে মেক্সিকোর মাদক ব্যবসায় এক আমূল পরিবর্তন আসছিল। যুক্তরাষ্ট্রে কোকেনের চাহিদা দ্রুত বৃদ্ধি পাচ্ছিল এবং কলম্বিয়ার মাদক ব্যবসায়ীরা নতুন নতুন পাচার পথ খুঁজছিলেন। এই সুযোগে মেক্সিকো হয়ে যুক্তরাষ্ট্রে মাদক পাঠানোর পথ উন্মুক্ত হয়, যা কাজে লাগান গায়ার্দো।

তৎকালীন সময়ে মাদক ব্যবসা পরিচালিত হতো ছোট ছোট বিচ্ছিন্ন গোষ্ঠীর মাধ্যমে, যাদের প্রত্যেকের আলাদা এলাকা ও নিজস্ব যোগাযোগ ব্যবস্থা ছিল। গায়ার্দো উপলব্ধি করেছিলেন যে, বিচ্ছিন্নভাবে কাজ করার চেয়ে সবাইকে একটি বড় নেটওয়ার্কের আওতায় আনতে পারলে নিয়ন্ত্রণ এবং মুনাফা—উভয়ই বহুগুণ বৃদ্ধি পাবে।

এই চিন্তা থেকেই গায়ার্দোর সঙ্গে যুক্ত হন রাফায়েল কারো কুইন্তেরো এবং আর্নেস্তো ফনসেকা কারিলো, যিনি ‘দন নেতো’ নামে পরিচিত ছিলেন। তাঁদের সম্মিলিত প্রচেষ্টায় গড়ে ওঠে গুয়াদালাহারা কার্টেল। খুব অল্প সময়ের মধ্যেই এটি মেক্সিকোর সবচেয়ে প্রভাবশালী মাদক পাচারকারী সংগঠনে পরিণত হয়।

গায়ার্দোর নেতৃত্বে মাদক ব্যবসার পরিধি শুধু মেক্সিকোর ভেতরে সীমাবদ্ধ থাকেনি। কলম্বিয়ার মাদক ব্যবসায়ীদের সঙ্গে তাঁর যোগাযোগ স্থাপিত হয়। বিশেষ করে পাবলো এসকোবারের মেডেলিন কার্টেলের সঙ্গে সম্পর্কের বিষয়টি তাঁর অপরাধ সাম্রাজ্যের ইতিহাসে অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। ঘুষ, রাজনৈতিক প্রভাব এবং বিভিন্ন গোপন পাচার পথ ব্যবহার করে যুক্তরাষ্ট্রে মাদক পাঠানোর এক বিশাল নেটওয়ার্ক গড়ে তোলেন তাঁরা। এভাবেই গায়ার্দো হয়ে ওঠেন ‘বস অব বসেস’। তাঁর প্রভাব এতটাই বিস্তৃত ছিল যে, মেক্সিকোর মাদক ব্যবসার বড় বড় সিদ্ধান্তগুলো তাঁর নাম ছাড়া সম্পন্ন হতো না।

বাস্তবের গল্প যখন নেটফ্লিক্সের পর্দায়
গায়ার্দোর জীবন অবলম্বনে নির্মিত ‘নারকোস: মেক্সিকো’ মূলত নেটফ্লিক্সের জনপ্রিয় ‘নারকোস’ ফ্র্যাঞ্চাইজির দ্বিতীয় অধ্যায়। এর আগের সিরিজে কলম্বিয়ার মাদক সম্রাট পাবলো এসকোবারের উত্থান-পতনের কাহিনী দেখানো হয়েছিল। সেই সাফল্যের পর নির্মাতারা মেক্সিকোর মাদক সাম্রাজ্যের দিকে নজর দেন।

২০১৮ সালের নভেম্বরে ‘নারকোস: মেক্সিকো’র প্রথম মৌসুম মুক্তি পায়, যেখানে সত্তর ও আশির দশকে গুয়াদালাহারা কার্টেলের উত্থান দেখানো হয়। গল্পের কেন্দ্রবিন্দুতে ছিলেন গায়ার্দো, যার চরিত্রে অভিনয় করেন দিয়েগো লুনা। মেক্সিকোর এই অভিনেতা এর আগে ‘রোগ ওয়ান: আ স্টার ওয়ার্স স্টোরি’সহ বেশ কিছু আন্তর্জাতিক চলচ্চিত্রে অভিনয় করেছেন।

সিরিজটির কাহিনী শুরু হয় মেক্সিকোর মাদক ব্যবসার বিচ্ছিন্ন গোষ্ঠীগুলোর মধ্য দিয়ে। কীভাবে গায়ার্দো তাঁদের একত্র করেন, রাজনৈতিক যোগাযোগ ব্যবহার করে নিজের অবস্থান মজবুত করেন এবং যুক্তরাষ্ট্রে মাদক পাচারের বিশাল নেটওয়ার্ক তৈরি করেন—প্রথম মৌসুমে এসবই বিস্তারিত দেখানো হয়েছে।

তবে নির্মাতারা শুধু গায়ার্দোর ক্ষমতার কথা বলেননি; পাশাপাশি দেখিয়েছেন ডিইএর কর্মকর্তা কিকি কামারেনা কীভাবে তাঁর সাম্রাজ্যের বিরুদ্ধে লড়াই করেছিলেন। মাদক ব্যবসার বিরুদ্ধে কামারেনার অভিযান, কার্টেলের সঙ্গে সংঘাত এবং শেষ পর্যন্ত তাঁর অপহরণ ও হত্যাকাণ্ডের ঘটনা সিরিজের এক অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ।

২০২০ সালে মুক্তি পাওয়া দ্বিতীয় মৌসুমে কাহিনী আরও অন্ধকার মোড় নেয়। কামারেনা হত্যাকাণ্ডের পর তদন্ত, কার্টেলের অভ্যন্তরীণ কোন্দল এবং গায়ার্দোর ক্ষমতা ধরে রাখার লড়াই প্রাধান্য পায়। শেষ পর্যন্ত তাঁর গ্রেপ্তার এবং সাম্রাজ্যের পতনের দিকে এগিয়ে যায় গল্প। তৃতীয় মৌসুমে কাহিনী মেক্সিকোর অন্যান্য মাদক কার্টেল ও নতুন ক্ষমতাধর ব্যক্তিদের দিকে মোড় নেয়, ফলে প্রথম দুই মৌসুমের প্রধান চরিত্র দিয়েগো লুনার গায়ার্দো আর গল্পের কেন্দ্রে থাকেন না। ২০১৮ থেকে ২০২১ সাল পর্যন্ত প্রচারিত তিন মৌসুমের এই সিরিজটি দর্শকদের সামনে মেক্সিকোর মাদক ব্যবসার এক গুরুত্বপূর্ণ সময়কে তুলে ধরেছে।

দিয়েগো লুনা কেন গায়ার্দোর সঙ্গে দেখা করেননি
একজন জীবিত ও কুখ্যাত অপরাধীর চরিত্রে অভিনয় করা সহজ ছিল না। বিশেষ করে গায়ার্দোর মতো ব্যক্তিত্বকে পর্দায় ফুটিয়ে তুলতে গিয়ে দিয়েগো লুনাকে অনেক ভাবতে হয়েছে। চরিত্রটির প্রস্তুতি নিতে তিনি বাস্তব গায়ার্দোর সঙ্গে দেখা করার প্রয়োজন মনে করেননি এবং তাঁর ঘনিষ্ঠজনদের সঙ্গেও যোগাযোগ করেননি। পরিবর্তে বিভিন্ন নথি, প্রতিবেদন, তথ্যচিত্র এবং গবেষণাসামগ্রী থেকে চরিত্রটি সম্পর্কে ধারণা নেন তিনি।

২০২৬ সালের নভেম্বরে গায়ার্দোর মৃত্যুর পর তাঁর পুরোনো সাক্ষাৎকারগুলো আবারও আলোচনায় এসেছে। ২০২০ সালে দ্য র‍্যাপকে দেওয়া এক সাক্ষাৎকারে লুনা জানিয়েছিলেন, এই চরিত্রে অভিনয়ের বিষয়ে শুরুতে তাঁর মনে কিছুটা দ্বিধা ছিল। তিনি নিশ্চিত হতে চেয়েছিলেন যে সিরিজটি সঠিক উদ্দেশ্য নিয়ে নির্মিত হচ্ছে কি না।

কারণ, অপরাধীদের জীবন নিয়ে গল্প বলতে গিয়ে তাঁদের বীর হিসেবে উপস্থাপনের ঝুঁকি থাকে। অনেক সময় দর্শক অপরাধের ভয়াবহতা ভুলে চরিত্রের ক্ষমতা ও জীবনযাপনের প্রতি আকৃষ্ট হয়ে পড়েন। লুনা চেয়েছিলেন গায়ার্দোর গল্পের পাশাপাশি সেই অপরাধী ব্যবস্থার ভয়াবহতাও যেন স্পষ্টভাবে ফুটে ওঠে।

এক সাক্ষাৎকারে লুনা আরও জানান, আশির দশকে মেক্সিকোর পরিস্থিতি সম্পর্কে তাঁর খুব বেশি ধারণা ছিল না। শৈশবে সেই সময়ের ঘটনাগুলো গভীরভাবে বোঝার সুযোগ পাননি, তাই চরিত্রের প্রস্তুতির জন্য তাঁকে নতুন করে সেই সময়ের ইতিহাস জানতে হয়েছে।

লুনার অভিনয়ের বিশেষত্ব ছিল তাঁর সংযত উপস্থাপনা। পর্দায় গায়ার্দোকে সব সময় চিৎকার করতে বা ভয় দেখাতে দেখা যায় না; বরং শান্ত কথা বলা, সুসম্পর্ক তৈরি এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার মধ্য দিয়ে তাঁর ক্ষমতা প্রকাশ পেয়েছে। একজন মাদক সম্রাট কীভাবে রাজনৈতিক ও সামাজিক পরিমণ্ডলে নিজেকে গ্রহণযোগ্য করে তুলতে পারেন, তা তিনি নিপুণভাবে ফুটিয়ে তুলেছেন।

কতটা সত্য, কতটা নির্মাতাদের কল্পনা?
‘নারকোস: মেক্সিকো’ বাস্তব ঘটনা অবলম্বনে নির্মিত হলেও এটি কোনো প্রামাণ্যচিত্র নয়। নাটকীয় উপস্থাপনার প্রয়োজনে বাস্তব ইতিহাসের সঙ্গে কিছু কাল্পনিক চরিত্র ও ঘটনা যুক্ত করা হয়েছে। যেমন, সিরিজে স্কট ম্যাকনারি অভিনীত ওয়াল্ট ব্রেসলিন চরিত্রটি কোনো নির্দিষ্ট ডিইএ কর্মকর্তার জীবনী নয়, বরং একাধিক ব্যক্তির অভিজ্ঞতা মিলিয়ে তৈরি একটি কাল্পনিক চরিত্র। একইভাবে তেরেসা রুইজ অভিনীত ইসাবেলা বাউতিস্তা চরিত্রটিও বাস্তবের কোনো নির্দিষ্ট ব্যক্তির প্রতিরূপ নয়।

অন্যদিকে গুয়াদালাহারা কার্টেলের উত্থান, গায়ার্দোর গ্রেপ্তার, কিকি কামারেনার অপহরণ ও হত্যাকাণ্ড এবং মেক্সিকোর মাদক ব্যবসায় বিভিন্ন গোষ্ঠীর সংঘাত সম্পূর্ণ ঐতিহাসিক ঘটনা। সিরিজের আরেকটি আলোচিত দিক হলো গায়ার্দোর সঙ্গে পাবলো এসকোবারের সম্পর্ক। বাস্তবে কলম্বিয়ার মাদক ব্যবসায়ীদের সঙ্গে গুয়াদালাহারা কার্টেলের যোগাযোগ থাকলেও সিরিজের সব ব্যক্তিগত কথোপকথনকে ঐতিহাসিক সত্য হিসেবে নেওয়া সম্ভব নয়।

এমনকি গায়ার্দো নিজেও তাঁর চরিত্রায়ণ নিয়ে সন্তুষ্ট ছিলেন না। ২০২১ সালে টেলিমুন্দোকে দেওয়া সাক্ষাৎকারে তিনি দাবি করেছিলেন, সিরিজের চরিত্রের সঙ্গে তাঁর বাস্তব জীবনের মিল নেই এবং কিকি কামারেনার সঙ্গে দেখা হওয়ার বিষয়টিও অস্বীকার করেছিলেন তিনি। তবে তাঁর এই দাবি আদালতের প্রমাণিত রায়কে পরিবর্তন করে না।

পর্দার গল্পের বাইরেও যে ইতিহাস
গায়ার্দোর গ্রেপ্তারের পর গুয়াদালাহারা কার্টেলের কেন্দ্রীয় নিয়ন্ত্রণ ভেঙে পড়ে এবং সংগঠনের বিভিন্ন অংশ আলাদা হয়ে যায়। পরবর্তীতে মেক্সিকোর মাদক ব্যবসায় সিনালোয়া, তিহুয়ানা ও হুয়ারেজের মতো কার্টেলগুলো শক্তিশালী হয়ে ওঠে। এই বিভক্তি শুধু অপরাধজগতের ক্ষমতার পালাবদল ছিল না, এর প্রভাব পড়েছিল সাধারণ মানুষের জীবনেও। মাদক ব্যবসার নিয়ন্ত্রণ নিয়ে সংঘাত, হত্যা, অপহরণ ও নিখোঁজ হওয়ার ঘটনা আশঙ্কাজনকভাবে বাড়তে থাকে। কয়েক দশক ধরে মেক্সিকোর নিরাপত্তা পরিস্থিতির অন্যতম প্রধান সমস্যা হয়ে থাকে এই কার্টেল-সংঘাত।

‘নারকোস: মেক্সিকো’ দেখলে শুধু একজন মাদক সম্রাটের জীবন নয়, বরং একটি দেশের অপরাধজগতের পরিবর্তনের করুণ ইতিহাস দেখা যায়। পর্দায় গায়ার্দোর উত্থান যতটা নাটকীয় ছিল, বাস্তবে তাঁর প্রতিষ্ঠিত ব্যবস্থার পরিণতি ছিল তার চেয়েও অনেক বেশি ভয়াবহ।