আকারে অত্যন্ত ছোট হলেও মেক্সিকোর জাতীয় নিরাপত্তা বাহিনী ‘ন্যাশনাল গার্ড’ এক বিশেষ দায়িত্ব অর্পণ করেছে মাত্র ৭ পাউন্ড ওজনের একটি চিহুয়াহুয়া জাতের কুকুরছানাকে। ক্ষুদ্র এই প্রাণীটি এখন মেক্সিকোর সামরিক বাহিনীর ইতিহাসে সবচেয়ে ব্যতিক্রমী এবং আকারে সবচেয়ে ছোট চতুষ্পদ সদস্য হিসেবে পরিচিতি পেয়েছে।

কুকুরছানাটির সাজসজ্জাও বেশ নজরকাড়া। তার চোখে রয়েছে ছোট চশমা বা গগলস, গায়ে মাপমতো সামরিক ট্যাকটিক্যাল ভেস্ট এবং মাথায় একটি হেলমেট, যার ওপর বসানো আছে একটি ক্ষুদ্র ক্যামেরা।

বাহিনীর উচ্চপদস্থ কর্মকর্তারা জানিয়েছেন, ১৩ মাস বয়সী এই কুকুরছানাটির নাম রাখা হয়েছে ‘কমান্ডো’। তবে তাকে কেবল জনসমক্ষে প্রদর্শনের জন্য বা দলের ‘ম্যাসকট’ হিসেবে রাখা হয়নি। বরং নিখোঁজ ব্যক্তিদের খুঁজে বের করা এবং দুর্যোগপূর্ণ পরিস্থিতিতে অনুসন্ধান ও উদ্ধারকাজের জন্য তাকে রীতিমতো পেশাদার প্রশিক্ষণ দেওয়া হচ্ছে।

সাধারণত সামরিক বাহিনীতে শক্তিশালী ও হিংস্র জাতের কুকুর নিয়োগ করা হয়। কিন্তু মাত্র ২১ সেন্টিমিটার (৮ ইঞ্চি) উচ্চতার এই খুদে কমান্ডো একেবারেই তেমন নয়। গত সপ্তাহে মেক্সিকো সিটিতে ন্যাশনাল গার্ডের একটি বিশেষ প্রশিক্ষণে দেখা গেছে, ‘রোকো’ নামের সম্পূর্ণ প্রশিক্ষণপ্রাপ্ত একটি বিশাল আকৃতির কুকুরের সামনেই এই ছোট কুকুরছানাটি অনায়াসে সিঁড়ি বেয়ে এবং বিভিন্ন বাধা পেরিয়ে চমৎকারভাবে কসরত দেখাচ্ছে।

ন্যাশনাল গার্ডের লেফটেন্যান্ট ডেবোরা হার্নান্দেজ জানান, ‘কমান্ডো’ মূলত দুটি প্রচলিত ধারণা ভেঙে দিয়েছে। প্রথমত, মানুষের ধারণা, শুধু বড় ও শক্তিশালী কুকুরই সামরিক বাহিনীতে কাজ করতে পারে। দ্বিতীয়ত, একটি সামরিক বাহিনী সাধারণ জনগণের সঙ্গে কখনো উষ্ণ সম্পর্ক তৈরি করতে পারে না। তিনি বলেন, ‘কমান্ডোর উপস্থিতি মানুষকে মনে করিয়ে দেয় যে ‘সামরিক পোশাকের নিচে আমরাও প্রকৃতপক্ষে দিন শেষে আবেগপ্রবণ মানুষ।’

বর্তমানে কমান্ডো মেক্সিকোর বিভিন্ন রাষ্ট্রীয় বেসামরিক অনুষ্ঠান, স্কুল কর্মসূচি এবং সামাজিক সচেতনতামূলক প্রচারে নিয়মিত অংশ নিচ্ছে।

মেক্সিকোর ন্যাশনাল গার্ডের প্রায় ৩৫০টি কুকুরের বহরে কমান্ডো সম্পূর্ণ ব্যতিক্রম। কারণ, এই বাহিনীর বাকি প্রায় সব সদস্যই চিরাচরিত কর্মঠ জাতের, যেমন জার্মান শেফার্ড বা ল্যাব্রাডর রিট্রিভার। সাধারণত বড় খাড়া কান, চঞ্চল চোখ ও তেজি স্বভাবের জন্য চিহুয়াহুয়া কুকুর পরিচিত হলেও সামরিক বা বড় কোনো অভিযানের জন্য এদের কখনোই উপযুক্ত ভাবা হয় না। তবে কমান্ডো ইতিমধ্যে মেক্সিকোর স্বাধীনতা দিবসের বর্ণাঢ্য প্যারেডে অংশ নিয়ে সবার নজর কেড়েছে।