বাংলাদেশের পর্যটন খাতের সামগ্রিক উন্নয়ন, অবকাঠামোগত সম্প্রসারণ এবং আন্তর্জাতিক পরিমণ্ডলে দেশের পর্যটন কেন্দ্রগুলোর প্রচার ও প্রসারে সহযোগিতার আশ্বাস দিয়েছে জাতিসংঘের পর্যটনবিষয়ক সংস্থা ইউএন ট্যুরিজম। একই সাথে, আন্তর্জাতিক পর্যায়ের কোনো পর্যটন ইভেন্ট বা আয়োজনের স্বাগতিক দেশ হিসেবে বাংলাদেশকে বিবেচনার প্রস্তাব দিয়েছে এই সংস্থাটি।

মঙ্গলবার (১৭ নভেম্বর) কানাডার মন্ট্রিলে আন্তর্জাতিক বেসামরিক বিমান চলাচল সংস্থার (আইসিএও) সদর দপ্তরে অনুষ্ঠিত ৭ম ওয়ার্ল্ডওয়াইড এয়ার ট্রান্সপোর্ট কনফারেন্সের সাইডলাইনে এক দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হয়। উক্ত বৈঠকে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাতের সঙ্গে আলোচনা করেন ইউএন ট্যুরিজমের মহাসচিব শাইখা আল নুয়াইস। বৈঠকে পর্যটন খাতের বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

বৈঠকে বাংলাদেশের পর্যটন খাতের অপার সম্ভাবনা তুলে ধরে মন্ত্রী বলেন, “দেশের সমুদ্রসৈকত, ম্যানগ্রোভ বনাঞ্চল, পাহাড়ি অঞ্চল ও ইকো-ট্যুরিজম আন্তর্জাতিক পর্যটকদের আকৃষ্ট করার যথেষ্ট সক্ষমতা রাখে। এসব খাতে বিদেশি বিনিয়োগেরও ব্যাপক সুযোগ রয়েছে।”

মন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত বাংলাদেশের পর্যটন অবকাঠামোর আধুনিকায়ন এবং দেশের আকর্ষণীয় পর্যটন গন্তব্যগুলোকে বিশ্বদরবারে পরিচিত করে তুলতে ইউএন ট্যুরিজমের কার্যকর সহযোগিতা কামনা করেন। পাশাপাশি, অর্থনৈতিক ও সামাজিক সমৃদ্ধিতে পর্যটনের প্রসারে আকাশপথে উন্নত যোগাযোগের যে গুরুত্ব রয়েছে, তা উল্লেখ করে তিনি সংস্থাটির মহাসচিবকে ধন্যবাদ জানান।

জবাবে শাইখা আল নুয়াইস বাংলাদেশের পর্যটন খাতের উন্নয়নে বর্তমান সরকারের গৃহীত পরিকল্পনা ও বিভিন্ন উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন। তিনি ২০২৭ সালের মে মাসে দক্ষিণ কোরিয়ায় ইউএন ট্যুরিজমের অংশীদারত্বে অনুষ্ঠেয় ওয়ার্ল্ড ট্যুরিজম ইন্ডাস্ট্রি কনফারেন্সে অংশ নেওয়ার জন্য মন্ত্রীকে আনুষ্ঠানিকভাবে আমন্ত্রণ জানান।

এর পাশাপাশি, বাংলাদেশে আন্তর্জাতিক পর্যটনবিষয়ক একটি বিশেষ আয়োজন করার প্রস্তাব দেন মহাসচিব। তিনি জানান, এ ধরনের আয়োজন সফল করতে ইউএন ট্যুরিজমের পক্ষ থেকে প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতার আশ্বাস দেওয়া হচ্ছে।

বৈঠকের শেষ পর্যায়ে মন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত বাংলাদেশের পর্যটন সম্ভাবনাগুলো সরেজমিনে দেখার জন্য ইউএন ট্যুরিজমের মহাসচিবকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান। আমন্ত্রণের জবাবে শাইখা আল নুয়াইস বাংলাদেশ সফরের বিষয়ে গভীর আগ্রহ প্রকাশ করেন।