কক্সবাজারের পর্যটন ও সেবা খাতের কর্মীদের দ্রুত ও মানসম্মত চিকিৎসাসেবা নিশ্চিত করতে ইউনিয়ন হসপিটাল কক্সবাজার পিএলসি এবং হোটেল রামাদা বাই উইন্ডহ্যাম কক্সবাজারের মধ্যে সমঝোতা স্মারক (এমওইউ) সই হয়েছে।

সোমবার (৩১ আগস্ট) দুপুরে হোটেলটির হলরুমে আয়োজিত অনুষ্ঠানে এই চুক্তিতে স্বাক্ষর করেন ইউনিয়ন হসপিটালের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) আবদুল্লাহ আল মুকিত চৌধুরী এবং রামাদা বাই উইন্ডহ্যাম কক্সবাজারের জেনারেল ম্যানেজার শেভান গুনারতনে। চুক্তির বৈশিষ্ট্য অনুযায়ী, হোটেলের কর্মকর্তা ও কর্মচারীরা ইউনিয়ন হসপিটাল থেকে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা, জরুরি চিকিৎসা, বিশেষজ্ঞ পরামর্শসহ প্রয়োজনীয় সেবা গ্রহণ করতে পারবেন। নির্ধারিত সেবাসমূহে তারা বিশেষ ছাড়ের সুযোগ পাবেন।

ইউনিয়ন হসপিটালের ব্যবস্থাপনা পরিচালক আবদুল্লাহ আল মুকিত চৌধুরী জানান, বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মীদের জন্য প্রাতিষ্ঠানিকভাবে স্বাস্থ্যসেবা নিশ্চিত করার উদ্যোগের অংশ হিসেবে এ চুক্তি করা হয়েছে। এর মাধ্যমে কর্মীদের প্রয়োজনের সময় চিকিৎসাসেবা পাওয়ার সুযোগ সহজ হবে।

অনুষ্ঠানে ইউনিয়ন হসপিটাল কক্সবাজার পিএলসির উপদেষ্টা ডা. শাহীন আবদুর রহমান চৌধুরী, চেয়ারম্যান হাসনা হুরাইন চৌধুরী, ভাইস চেয়ারম্যান খোরশেদ আলম, উপব্যবস্থাপনা পরিচালক বেলাল উদ্দিন জয়, পরিচালক আল মামুন ও মোয়াজ্জেম হোসাইন সাকিল, নির্বাহী সদস্য মোহাম্মদ শাহজাহান ও নুরুল হক, জনসংযোগ কর্মকর্তা রুহুল কাদের শিলু উপস্থিত ছিলেন। অন্যদিকে, রামাদার পক্ষে উপস্থিত ছিলেন রুম ডিভিশন ম্যানেজার শাহাদাত হোসেন, সিস্টেম অপারেশন ম্যানেজার নিরব হোসেন, অ্যাসিস্ট্যান্ট এইচআর ম্যানেজার আহমেদুল হাসান, রেস্টুরেন্ট ম্যানেজার মেহেদী হাসান ও সেলস কো-অর্ডিনেটর জোয়ানা ক্যাথলিন।

পর্যটননির্ভর কক্সবাজারে হোটেল ও সেবা খাতের কর্মীদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে এ ধরনের প্রাতিষ্ঠানিক অংশীদারিত্ব কার্যকর ভূমিকা রাখবে বলে মনে করছেন উভয় প্রতিষ্ঠানের নেতৃবৃন্দ।