ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন বা আইবিএতে ব্যাচেলর অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন (বিবিএ) ডিগ্রি অর্জনের সুযোগ রয়েছে। করপোরেট জগতের উচ্চপদস্থ চাকরি কিংবা নিজস্ব স্টার্টআপ বা উদ্যোগ প্রতিষ্ঠার ক্ষেত্রে আইবিএ থেকে বিবিএ ডিগ্রি অর্জন শিক্ষার্থীদের সামনে সম্ভাবনার নতুন দিগন্ত উন্মোচন করে।

দেশের অসংখ্য শিক্ষা প্রতিষ্ঠানের মাঝে আইবিএ-র স্বতন্ত্র অবস্থান রয়েছে। এর প্রধান কারণ হলো এখানকার আধুনিক ও কার্যকর শিক্ষাপদ্ধতি। আইবিএ-তে গতানুগতিক লেকচার পদ্ধতির পরিবর্তে বিশ্বমানের বিজনেস স্কুলের আদলে কেস স্টাডি, ব্যবহারিক শিক্ষা এবং প্রেজেন্টেশনের ওপর অধিক গুরুত্ব দেওয়া হয়। ক্লাসরুমে বাস্তব জীবনের ব্যবসায়িক সমস্যাগুলো উপস্থাপন করা হয় এবং শিক্ষার্থীরা দলগত প্রচেষ্টায় সেগুলোর সমাধান খুঁজে বের করে। এই প্রক্রিয়ার মাধ্যমে শিক্ষার্থীদের তাত্ত্বিক জ্ঞানের পাশাপাশি সমস্যা সমাধানের সক্ষমতা বৃদ্ধি পায়। এছাড়া আইবিএ-র শিক্ষক মণ্ডলী দেশি-বিদেশি নামী বিশ্ববিদ্যালয় থেকে উচ্চশিক্ষাপ্রাপ্ত এবং গবেষণা ও করপোরেট অঙ্গনে অত্যন্ত সমাদৃত। তাঁদের নিবিড় তত্ত্বাবধানে শিক্ষার্থীরা কেবল দক্ষ গ্র্যাজুয়েট হিসেবেই নয়, বরং একজন নৈতিক পেশাজীবী ও দূরদর্শী প্রবলেম সলভার হিসেবে গড়ে ওঠে।

আইবিএ-র অন্যতম বড় শক্তি হলো এর শক্তিশালী অ্যালামনাই নেটওয়ার্ক। দেশের শীর্ষস্থানীয় বহুজাতিক কোম্পানি, ব্যাংক, টেলিকম অপারেটর এবং এফএমসিজি প্রতিষ্ঠানের পাশাপাশি নীতিনির্ধারণী পর্যায়ে আইবিএ গ্র্যাজুয়েটরা নেতৃত্ব দিচ্ছেন। এই পারস্পরিক সহযোগিতামূলক নেটওয়ার্ক একজন নতুন গ্র্যাজুয়েটের পেশাগত জীবনকে অনেক সহজ করে দেয়। পড়াশোনার পাশাপাশি এখানে বিভিন্ন ক্লাব কার্যক্রম, ডিবেটিং, কেস কম্পিটিশন, কালচারাল ফেস্ট এবং বিজনেস সামিট আয়োজনের সুযোগ থাকে, যা শিক্ষার্থীদের নেতৃত্ব প্রদান, নেগোসিয়েশন এবং সময় ব্যবস্থাপনার দক্ষতা বৃদ্ধিতে সহায়ক হয়।

বিবিএ ডিগ্রি অর্জনের পর ক্যারিয়ারের সুযোগগুলো অত্যন্ত বিস্তৃত। বিশেষ করে করপোরেট জগতে আইবিএ গ্র্যাজুয়েটদের ব্যাপক চাহিদা রয়েছে। ইউনিলিভার, বাটারফ্লাই, নেসলে, গ্রামীণফোন, রবি, কোকাকোলা এবং পেপসির মতো শীর্ষস্থানীয় বহুজাতিক প্রতিষ্ঠানের ম্যানেজমেন্ট ট্রেইনি বা এন্ট্রি-লেভেল এক্সিকিউটিভ পদে আইবিএ শিক্ষার্থীদের অগ্রাধিকার দেওয়া হয়। মার্কেটিং, সাপ্লাই চেইন, হিউম্যান রিসোর্স এবং ফাইন্যান্স—প্রতিটি বিভাগেই তাঁদের কদর অপরিসীম।

এছাড়া দেশের শীর্ষ বাণিজ্যিক ব্যাংক, ইনভেস্টমেন্ট ব্যাংক, মার্চেন্ট ব্যাংক এবং আন্তর্জাতিক আর্থিক প্রতিষ্ঠানের গুরুত্বপূর্ণ পদে কাজ করার সুযোগ মেলে, যা বিশেষ করে ফিন্যান্স মেজরদের জন্য অত্যন্ত সম্ভাবনাময়। বৈশ্বিক কনসাল্টিং ফার্মগুলোতে স্ট্র্যাটেজিক কনসালট্যান্ট হিসেবে ক্যারিয়ার গড়তে আইবিএ-র শিক্ষা একটি মজবুত ভিত্তি প্রদান করে। চাকরির পাশাপাশি অনেক গ্র্যাজুয়েট সফল স্টার্টআপ প্রতিষ্ঠাতা হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করেছেন। তাঁদের উদ্ভাবনী চিন্তা ও বিজনেস প্ল্যানিং দক্ষতা বিনিয়োগ আকর্ষণে সহায়ক হয়। পাশাপাশি বিশ্বের নামী বিজনেস স্কুলগুলোতে এমবিএ বা উচ্চশিক্ষার ক্ষেত্রে আইবিএ ডিগ্রির আন্তর্জাতিক গ্রহণযোগ্যতা অনেক বেশি।

তবে আইবিএ-র ভর্তি পরীক্ষায় আসন নিশ্চিত করতে হলে প্রয়োজন সুশৃঙ্খল ও কঠোর প্রস্তুতি। এখানকার প্রশ্নপদ্ধতি সাধারণ বিশ্ববিদ্যালয়ের তুলনায় সম্পূর্ণ আলাদা এবং অত্যন্ত প্রতিযোগিতামূলক। ভর্তি পরীক্ষা সাধারণত তিনটি প্রধান অংশে বিভক্ত। প্রথমত, ইংরেজি ভাষা ও দক্ষতা অংশে গ্রামাটিক্যাল কারেকশন, সেন্টেন্স কমপ্লিশন, রিডিং কম্প্রিহেনশন, ভোকাবুলারি এবং অ্যানালজি থাকে। এখানে মুখস্থ বিদ্যার চেয়ে ভাষার গভীর বোধশক্তি যাচাই করা হয়। দ্বিতীয়ত, গণিত বা কোয়ানটিটিভি অ্যাবিলিটি অংশে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক স্তরের পাটিগণিত, বীজগণিত, জ্যামিতি, পরিমিতি এবং সম্ভাবনা থেকে প্রশ্ন আসে। এই অংশটি বেশ জটিল হয়, তাই দ্রুত ও নির্ভুল হিসাব করার দক্ষতা থাকা জরুরি। তৃতীয়ত, বিশ্লেষণাত্মক দক্ষতা বা অ্যানালাইটিক্যাল অ্যাবিলিটি অংশে পাজল, কন্ডিশনাল প্রবলেম, ডিডাকশন এবং ক্রিটিক্যাল রিজনিং থাকে, যা প্রার্থীর যৌক্তিক চিন্তা ও বুদ্ধিমত্তা যাচাই করে। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হলে চূড়ান্ত ধাপে কমিউনিকেশন টেস্ট হিসেবে ভাইভা বোর্ডে উপস্থিত হতে হয়।

প্রস্তুতির জন্য কিছু বিশেষ পরামর্শ:

*বেসিক শক্ত করা: গণিতের ক্ষেত্রে কেবল সূত্র বা শর্টকাটের ওপর নির্ভর না করে প্রতিটি মৌলিক ধারণা পরিষ্কার রাখতে হবে। বিগত ১০-১৫ বছরের প্রশ্ন বিশ্লেষণ করে গুরুত্বপূর্ণ বিষয়গুলো চিহ্নিত করা প্রয়োজন।

*ইংরেজি ভোকাবুলারি ও রিডিং হ্যাবিট: নিয়মিত ইংরেজি সংবাদপত্রের সম্পাদকীয় পড়ার অভ্যাস করতে হবে, যা রিডিং কম্প্রিহেনশন এবং শব্দভাণ্ডার বৃদ্ধিতে সাহায্য করবে।

*টাইম ম্যানেজমেন্ট ও মক টেস্ট: আইবিএ পরীক্ষায় সময়ের সীমাবদ্ধতা অনেক বেশি। তাই কোন সেকশনে কতটুকু সময় ব্যয় করতে হবে, তা নির্ধারণ করতে নিয়মিত মডেল টেস্ট বা মক টেস্ট দেওয়া উচিত। ঘড়ি ধরে পরীক্ষা দেওয়ার অভ্যাস পরীক্ষার হলের চাপ কমাতে সাহায্য করে। যেহেতু প্রতিটি সেকশনে আলাদাভাবে ন্যূনতম পাস নম্বর পেতে হয়, তাই কোনো বিষয়কে অবহেলা না করে সবগুলোতে সমান গুরুত্ব দেওয়া প্রয়োজন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবিএতে পড়াশোনা করা কেবল একটি ডিগ্রি অর্জন নয়, বরং জীবনকে নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার এক অনন্য সুযোগ। দীর্ঘমেয়াদি লক্ষ্য, কঠোর পরিশ্রম এবং সঠিক কৌশল একজন শিক্ষার্থীকে এই কঠিন প্রতিযোগিতায় জয়ী হতে সাহায্য করবে। আপনার মেধা, ধৈর্য এবং সঠিক দিকনির্দেশনা আইবিএ-র আঙিনায় আপনার উজ্জ্বল ভবিষ্যতের দুয়ার উন্মুক্ত করে দিক, এই শুভকামনাই রইল।

— জাহিদ হোসাইন খান, এমফিল গবেষক, ঢাকা বিশ্ববিদ্যালয় ও ইএমবিএ গ্র্যাজুয়েট, আইবিএ, ঢাকা বিশ্ববিদ্যালয়