ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউটের (আইবিএ) ম্যানেজমেন্ট ডেভেলপমেন্ট প্রোগ্রামের (এমডিপি) আওতায় পরিচালিত ‘অ্যাডভান্সড সার্টিফিকেট ইন বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন’ (এসিবিএ) কোর্সের ২২তম ব্যাচের সনদ বিতরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শুক্রবার (৯ অক্টোবর) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে এই বিশেষ আয়োজনটি করা হয়। অনুষ্ঠানে কোর্সটি সফলভাবে শেষ করা ৫৫ জন পেশাজীবীর হাতে সনদপত্র তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বিজনেস অ্যাগ্রিকালচার অ্যান্ড টেকনোলজির (আইইউবিএটি) উপাচার্য এবং আইবিএর সাবেক পরিচালক অধ্যাপক ড. আবদুর রব। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সম্মিলিত ইসলামী ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক আবেদুর রহমান সিকদার। পুরো অনুষ্ঠানের সভাপতিত্ব করেন আইবিএর পরিচালক অধ্যাপক ড. আবু ইউসুফ মো. আবদুল্লাহ। এছাড়া এসিবিএ প্রোগ্রামের মডারেটর অধ্যাপক ড. মো. মহিউদ্দিন এবং কো-মডারেটর অধ্যাপক ড. মো. ইফতেখারুল আমিন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ড. আবদুর রব সনদপ্রাপ্তদের আন্তরিক অভিনন্দন জানান। তিনি বলেন, পেশাগত জীবনে প্রকৃত সফলতা অর্জনের জন্য নেতৃত্বের দক্ষতা, সততা এবং নিয়মিত আত্মোন্নয়নের কোনো বিকল্প নেই। অর্জিত জ্ঞান ও দক্ষতাকে নিজ নিজ কর্মক্ষেত্রে যথাযথভাবে প্রয়োগ করে প্রতিষ্ঠানের সামগ্রিক উন্নয়নে কার্যকর ভূমিকা রাখার জন্য তিনি অংশগ্রহণকারীদের আহ্বান জানান।
সম্মানিত অতিথি আবেদুর রহমান সিকদার তার দীর্ঘ পেশাগত অভিজ্ঞতার কথা তুলে ধরেন। তিনি নিজেই এসিবিএর দ্বিতীয় ব্যাচের প্রাক্তন শিক্ষার্থী। এই অভিজ্ঞতার আলোকে তিনি নির্বাহী শিক্ষা কার্যক্রমের দীর্ঘমেয়াদি গুরুত্ব এবং পেশাগত উৎকর্ষ সাধনে ধারাবাহিক শিক্ষার প্রয়োজনীয়তার কথা গুরুত্বের সাথে উল্লেখ করেন।
সভাপতির বক্তব্যে অধ্যাপক ড. আবু ইউসুফ মো. আবদুল্লাহ কোর্সটি সফলভাবে সম্পন্ন করায় অংশগ্রহণকারীদের অভিনন্দন জানান। তিনি বলেন, ‘মানসম্মত নির্বাহী শিক্ষা কার্যক্রমের মাধ্যমে দক্ষ ব্যবস্থাপক ও যোগ্য ব্যবসায়িক নেতৃত্ব গড়ে তুলতে আইবিএ কাজ করছে। বিভিন্ন খাতের পেশাজীবীদের ব্যবস্থাপনাগত জ্ঞান, নেতৃত্বের সক্ষমতা ও ব্যবহারিক দক্ষতা বৃদ্ধিতে এসিবিএ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।’
অনুষ্ঠানে এসিবিএর ২২তম ব্যাচের অংশগ্রহণকারী এবং নৌপরিবহন অধিদপ্তরের প্রকৌশলী, শিপ সার্ভেয়ার ও পরীক্ষক মো. আরাফাত হোসাইন তার কোর্সে অংশগ্রহণের অভিজ্ঞতা বর্ণনা করেন। তিনি জানান, পেশাগত জ্ঞান, ব্যবস্থাপনাগত উপলব্ধি এবং ব্যবহারিক দক্ষতা বৃদ্ধিতে এই কোর্সটি অত্যন্ত সহায়ক হয়েছে। এ সময় কোর্সের মডারেটর অধ্যাপক ড. মো. মহিউদ্দিন অংশগ্রহণকারীদের অভিনন্দন জানান এবং পুরো কোর্স চলাকালীন তাদের নিষ্ঠা, আগ্রহ ও সক্রিয় অংশগ্রহণের ভূয়সী প্রশংসা করেন।
উল্লেখ্য যে, ২০২৫ সালের নভেম্বর ও ডিসেম্বর মাসে ৩৫০ জনেরও বেশি আবেদনকারীর মধ্য থেকে বিভিন্ন ধাপের কঠোর যাচাই-বাছাই প্রক্রিয়ার মাধ্যমে ৬০ জনকে এসিবিএর ২২তম ব্যাচের জন্য মনোনীত করা হয়েছিল। তাদের মধ্যে ৫৫ জন ছয় মাস মেয়াদি এই কোর্সটির সাতটি মডিউল সফলভাবে সম্পন্ন করে সনদ অর্জন করেছেন। এই কোর্সে আবেদনের জন্য ন্যূনতম পাঁচ বছরের পেশাগত অভিজ্ঞতা থাকা বাধ্যতামূলক। তবে ২২তম ব্যাচের অংশগ্রহণকারীদের বিভিন্ন স্বনামধন্য প্রতিষ্ঠানে কাজ করার গড় অভিজ্ঞতা ছিল ১৩ বছরের বেশি। অংশগ্রহণকারীরা বিভিন্ন পেশাগত ক্ষেত্রের পাশাপাশি মধ্যম ও জ্যেষ্ঠ পর্যায়ের ব্যবস্থাপনা পদে কর্মরত। কোর্সটির প্রতিটি মডিউলে অ্যাসাইনমেন্ট, কুইজ, কেস সল্যুশন ও পরীক্ষার মাধ্যমে অংশগ্রহণকারীদের মূল্যায়ন করা হয়। পাশাপাশি কোর্স সম্পন্ন করার জন্য ন্যূনতম ৭০ শতাংশ উপস্থিতি বাধ্যতামূলক ছিল।
আইবিএর এসিবিএ কোর্সের প্রাক্তন শিক্ষার্থীর সংখ্যা বর্তমানে প্রায় এক হাজার ছাড়িয়েছে, যারা আইবিএ এসিবিএ ফোরামের সদস্য হিসেবে যুক্ত। তাদের মধ্যে অনেকে বর্তমানে বিভিন্ন প্রতিষ্ঠানে প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও), ব্যবস্থাপনা পরিচালক (এমডি), উদ্যোক্তা, ঊর্ধ্বতন করপোরেট কর্মকর্তা, সামরিক বাহিনীর উচ্চপদস্থ কর্মকর্তা এবং বেসামরিক প্রশাসনের শীর্ষ পর্যায়ে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছেন।
অনুষ্ঠানে এসিবিএর ২৪তম ব্যাচের কার্যক্রম শুরুর বিষয়টিও জানানো হয়। সনদ বিতরণ অনুষ্ঠান শেষে উপস্থিত অতিথিদের জন্য নৈশভোজের আয়োজন করা হয়েছিল।