রপ্তানি বাণিজ্যের ক্ষেত্রে ক্রমবর্ধমান সাইবার জালিয়াতির ঝুঁকি মোকাবিলায় বিশেষ সতর্কতামূলক নির্দেশনা দিয়েছে বাংলাদেশ ব্যাংক। কেন্দ্রীয় ব্যাংকের মতে, ই-মেইল এবং বিভিন্ন ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে ক্রেতা ও বিক্রেতার মধ্যে তথ্য ও প্রয়োজনীয় নথি আদান-প্রদানের সুযোগ নিয়ে প্রতারকরা রপ্তানি নথি পরিবর্তন করছে এবং অর্থ পরিশোধের নির্দেশনায় কারচুপি করে জালিয়াতির চেষ্টা চালাচ্ছে। এই ধরনের ডিজিটাল প্রতারণা থেকে বাঁচতে রপ্তানিকারকদের সর্বোচ্চ সতর্ক থাকার আহ্বান জানিয়েছে বাংলাদেশ ব্যাংক।

কেন্দ্রীয় ব্যাংক স্পষ্টভাবে জানিয়েছে, যদি কোনো ক্রেতা বা বিক্রেতার ব্যাংক হিসাবের তথ্যে কিংবা অর্থ পরিশোধের নির্দেশনায় কোনো ধরনের পরিবর্তন আসে, তবে তা অবশ্যই আগে থেকে নির্ধারিত এবং নির্ভরযোগ্য যোগাযোগমাধ্যমের মাধ্যমে সরাসরি যাচাই করে নিতে হবে।

আজ সোমবার বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রানীতি বিভাগ এই বিষয়ে একটি প্রজ্ঞাপন জারি করেছে। উক্ত প্রজ্ঞাপনটি সকল অনুমোদিত ডিলার (এডি) ব্যাংকের প্রধান কার্যালয় এবং প্রিন্সিপাল অফিসে পাঠানো হয়েছে। একই সঙ্গে ব্যাংকগুলোকে নির্দেশ দেওয়া হয়েছে যেন তারা তাদের আওতাধীন রপ্তানিকারকদের মাঝে এই সতর্কতামূলক নির্দেশনাগুলো দ্রুত প্রচার করে।

বাংলাদেশ ব্যাংকের প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, “সাম্প্রতিক সময়ে গণমাধ্যমে ব্যবসায়িক যোগাযোগে সাইবার জালিয়াতির ঝুঁকির বিষয়টি উঠে এসেছে। বিশেষ করে রপ্তানি বাণিজ্যে ইলেকট্রনিক মাধ্যমে তথ্য ও নথি আদান-প্রদানের সময় প্রতারণার আশঙ্কা রয়েছে। এর মধ্যে রপ্তানি-সংক্রান্ত নথি পরিবর্তন এবং অর্থ পরিশোধের নির্দেশনায় প্রতারণামূলক পরিবর্তন অন্যতম।”

সাইবার নিরাপত্তা নিশ্চিত করতে বাংলাদেশ ব্যাংক আরও পরামর্শ দিয়েছে যে, কোনো সন্দেহজনক লিংকে প্রবেশ করা, অনির্ভরযোগ্য অ্যাপ্লিকেশন ব্যবহার করা এবং পাসওয়ার্ড, ব্যক্তিগত শনাক্তকরণ নম্বর (পিন) ও একবার ব্যবহারযোগ্য পাসওয়ার্ড (ওটিপি) চেয়ে পাঠানো যেকোনো অনুরোধ এড়িয়ে চলতে হবে।

এছাড়া, সাধারণ অনুমোদনের আওতায় যখন বিদেশি ক্রেতাদের কাছে সরাসরি রপ্তানি নথি পাঠানো হয়, তখন বিশেষ সতর্কতা অবলম্বনের কথা বলেছে কেন্দ্রীয় ব্যাংক। এক্ষেত্রে এমন নিরাপদ যোগাযোগমাধ্যম ব্যবহার করতে হবে, যাতে নথি আদান-প্রদানের সময় তৃতীয় কোনো পক্ষ তা হাতিয়ে নিতে বা পরিবর্তন করতে না পারে।

যদি কোনো ধরনের জালিয়াতির সন্দেহ হয়, অর্থ পরিশোধের নির্দেশনায় অননুমোদিত কোনো পরিবর্তন পরিলক্ষিত হয় কিংবা রপ্তানি নথি বিকৃতির ঘটনা ঘটে, তবে দেরি না করে দ্রুত সংশ্লিষ্ট অনুমোদিত ডিলার ব্যাংককে বিষয়টি অবহিত করতে হবে।

বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রানীতি বিভাগের পরিচালক নাসিমা সুলতানা স্বাক্ষরিত সার্কুলারে এই সতর্কতামূলক নির্দেশনাগুলো যথাযথ যোগাযোগমাধ্যমের সাহায্যে রপ্তানিকারকদের মাঝে ছড়িয়ে দেওয়ার জন্য ব্যাংকগুলোকে অনুরোধ করা হয়েছে।