ডিজিটাল যুগের চ্যালেঞ্জ এবং সাইবার নিরাপত্তা বিষয়ে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে নর্থ সাউথ ইউনিভার্সিটির (এনএসইউ) সাইবারসিকিউরিটি সেন্টার (এনএসইউ-সিএসসি) আয়োজন করেছে ‘সাইবারফ্রেমস গালা নাইট’। এই বিশেষ আয়োজনে বিশ্ববিদ্যালয়ের তরুণ নির্মাতারা তাঁদের তৈরি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রের মাধ্যমে বর্তমান ডিজিটাল বিশ্বের নানা ঝুঁকি, অনলাইন নিরাপত্তা এবং সাইবার জগতের বিভিন্ন চ্যালেঞ্জগুলো অত্যন্ত নিপুণভাবে ফুটিয়ে তুলেছেন।

অনুষ্ঠানটিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন। বিশেষ অতিথি হিসেবে অংশ নেন এনএসইউর বোর্ড অব ট্রাস্টিজের সদস্য ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান এম এ কাশেম এবং বোর্ড অব ট্রাস্টিজের সদস্য ও সাবেক চেয়ারম্যান বেনজীর আহমেদ।

এছাড়া অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন এনএসইউ সহ-উপাচার্য অধ্যাপক নেছার ইউ. আহমেদ, স্কুল অব ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ফিজিক্যাল সায়েন্সেসের ডিন অধ্যাপক সাজ্জাদ হোসেন, এনএসইউ সাইবারসিকিউরিটি সেন্টারের পরিচালক অধ্যাপক রাজেশ পালিত এবং নির্বাহী পরিচালক মিস জারজিনা টি. খলিল।

প্রধান অতিথির বক্তব্যে মাহদী আমিন বলেন, “অনলাইন প্রতারণা, আর্থিক জালিয়াতি, অপতথ্য, ভুল তথ্য ও ব্যক্তিগত সম্মানহানির মতো ঘটনা সাইবার জগতে উদ্বেগ বাড়াচ্ছে। বিশেষ করে নারীদের জন্য অনলাইন পরিসর ক্রমেই অনিরাপদ হয়ে উঠছে। নারীর ক্ষমতায়নের কথা বলার পাশাপাশি তাঁদের ডিজিটাল নিরাপত্তা নিশ্চিত করাও জরুরি।”

বিশেষ অতিথি এম এ কাশেম তাঁর বক্তব্যে উল্লেখ করেন, “এ ধরনের উদ্যোগ শিক্ষার্থীদের সৃজনশীলতা বিকাশ, উদ্ভাবনী চিন্তার চর্চা এবং নিজেদের প্রতিভা তুলে ধরার সুযোগ তৈরি করে। একই সঙ্গে শ্রেণিকক্ষের বাইরেও সমসাময়িক সামাজিক চ্যালেঞ্জ নিয়ে কাজ করতে শিক্ষার্থীদের উৎসাহিত করে।”

প্রতিযোগিতার বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন স্টুডিও বিগিনিংয়ের প্রতিষ্ঠাতা সারা আফরিন, লেখক, পরিচালক, প্রযোজক ও চিত্রগ্রাহক কামার আহমাদ সাইমন এবং জাতীয় সাইবার নিরাপত্তা এজেন্সি, বাংলাদেশের পরিচালক (অপারেশনস) মো. হোসাইন বিন আমিন।

প্রতিযোগিতায় অংশগ্রহণকারী সেরা ১০টি দলের মধ্য থেকে চূড়ান্তভাবে তিনটি দলকে বিজয়ী ঘোষণা করা হয়। এতে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে ‘টিম স্টারডাস্ট’। প্রথম রানারআপ হয়েছে ‘টিম ফ্রাইডে’ এবং দ্বিতীয় রানারআপ হিসেবে নির্বাচিত হয়েছে ‘টিম পাসওয়ার্ড ১২৩’।

এই বিশেষ আয়োজনে এশিয়া ফাউন্ডেশন, সরকারি বিভিন্ন সংস্থা, বেসরকারি খাত, দেশি-প্রবাসী বিভিন্ন মহলের প্রতিনিধি, সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞ, শিক্ষক এবং বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।