রপ্তানি লেনদেনের ক্ষেত্রে সাইবার জালিয়াতির ঝুঁকি আশঙ্কাজনকভাবে বৃদ্ধি পাওয়ায় রপ্তানিকারকদের সর্বোচ্চ সতর্ক থাকার পরামর্শ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। বিশেষ করে রপ্তানি সংক্রান্ত নথিপত্রে কারসাজি এবং অর্থ পরিশোধের নির্দেশনায় প্রতারণামূলক পরিবর্তনের মাধ্যমে বড় ধরনের জালিয়াতির আশঙ্কা প্রকাশ করেছে কেন্দ্রীয় ব্যাংক।

এই ধরনের জালিয়াতি প্রতিরোধ করার লক্ষ্যে রপ্তানি নথি আদান-প্রদানের ক্ষেত্রে নিরাপদ যোগাযোগমাধ্যম ব্যবহারের কথা বলা হয়েছে। পাশাপাশি ব্যাংক হিসাবের তথ্যে কোনো পরিবর্তন এলে তা যথাযথভাবে যাচাই করতে এবং সন্দেহজনক কোনো লিংক বা অ্যাপ্লিকেশন ব্যবহার থেকে বিরত থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

সোমবার (১৬ নভেম্বর) বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রা নীতি বিভাগ-১ থেকে এই বিষয়ে একটি আনুষ্ঠানিক বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। দেশের সকল অনুমোদিত ডিলার (এডি) ব্যাংকের প্রধান কার্যালয়ে এই নির্দেশনামূলক বিজ্ঞপ্তিটি পাঠানো হয়েছে।

কেন্দ্রীয় ব্যাংকের ওই বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, “সাম্প্রতিক গণমাধ্যমের প্রতিবেদন ব্যবসায়িক যোগাযোগে, বিশেষ করে ইলেকট্রনিক মাধ্যমে তথ্য ও নথিপত্র আদান-প্রদানের ক্ষেত্রে সাইবার জালিয়াতির ঝুঁকির বিষয়টি সামনে এনেছে। এ ধরনের জালিয়াতির মধ্যে রপ্তানি নথিপত্রে কারসাজি এবং অর্থ পরিশোধের নির্দেশনায় প্রতারণামূলক পরিবর্তন অন্যতম।”

বর্তমান পরিস্থিতিতে বিদেশি ক্রেতাদের কাছে সরাসরি রপ্তানি নথিপত্র পাঠানোর সময় বিশেষ সতর্কতা অবলম্বনের জন্য পরামর্শ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। নথিপত্র আটকে দেওয়া কিংবা সেগুলোতে কারসাজির ঝুঁকি কমিয়ে আনতে নিরাপদ যোগাযোগমাধ্যম ব্যবহারের ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়েছে।

কেন্দ্রীয় ব্যাংক আরও জানিয়েছে যে, ক্রেতা বা বিক্রেতার ব্যাংক হিসাবের বিবরণ কিংবা অর্থ পরিশোধের নির্দেশনায় যদি কোনো পরিবর্তন আসে, তবে তা যথাযথভাবে যাচাই না করে কার্যকর করা যাবে না। এ ধরনের পরিবর্তনের সত্যতা আগে থেকে প্রতিষ্ঠিত ও নির্ভরযোগ্য যোগাযোগমাধ্যম ব্যবহার করে স্বাধীনভাবে নিশ্চিত করে নিতে হবে।

এর পাশাপাশি সন্দেহজনক কোনো লিংকে প্রবেশ করা, যাচাইবিহীন অ্যাপ্লিকেশন ব্যবহার করা এবং পাসওয়ার্ড, পিন বা এককালীন পাসওয়ার্ড (ওটিপি) চাওয়া হলে তা এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, “কোনো ধরনের সন্দেহজনক জালিয়াতি, অর্থ পরিশোধের নির্দেশনায় অননুমোদিত পরিবর্তন কিংবা রপ্তানি নথিপত্রে কারসাজির ঘটনা নজরে এলে তা অবিলম্বে সংশ্লিষ্ট অনুমোদিত ডিলার ব্যাংককে জানাতে হবে।”

বাংলাদেশ ব্যাংক সকল অনুমোদিত ডিলার ব্যাংকগুলোকে এই সতর্কতামূলক নির্দেশনাগুলো যথাযথ যোগাযোগমাধ্যমের মাধ্যমে দ্রুত রপ্তানিকারকদের মাঝে প্রচার করার নির্দেশ দিয়েছে।