রাজধানীর তেজগাঁও ভূমি অফিসসহ বেশ কয়েকটি এলাকায় ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে একদল দুর্বৃত্ত। সোমবার (১৬ নভেম্বর) দিবাগত রাতে বিভিন্ন সময়ে এসব বিস্ফোরণের ঘটনা ঘটে। তবে এই ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
পুলিশ সূত্রে প্রাপ্ত তথ্য অনুযায়ী, রাত ১২টার পর মগবাজার ফ্লাইওভার হয়ে মোটরসাইকেলে করে এসে দুর্বৃত্তরা তেজগাঁও ভূমি অফিস লক্ষ্য করে পরপর দুটি ককটেল বিস্ফোরণ ঘটায়। আকস্মিক এই ঘটনায় ওই এলাকার রিকশাচালক এবং পথচারীদের মধ্যে চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে।
ঘটনার বিষয়ে তেজগাঁও শিল্পাঞ্চল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান জানান, “সাতরাস্তা এলাকায় আকিজ পাম্পের বিপরীত পাশে দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।”
পুলিশ আরও জানিয়েছে, এই ঘটনার আগে রাত পৌনে ১২টার দিকে কমলাপুর বিআরটিসি কাউন্টারের সামনে এবং রাত ১১টার দিকে গুলিস্তান স্টেডিয়ামের ৩ নম্বর গেটের সামনেও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।