রাজধানীর ফার্মগেট সংলগ্ন তেজগাঁও কলেজের মসজিদ থেকে উগ্রবাদী সংগঠনের সঙ্গে জড়িত সন্দেহে পুলিশ ২৩ জনকে আটক করেছে। আজ শুক্রবার বিকেলে ওই মসজিদে বৈঠক করার সময় তাদের গ্রেপ্তার করা হয়।

পুলিশের তেজগাঁও বিভাগ জানায়, বিকেল চারটার দিকে গোপন খবরের ভিত্তিতে তেজগাঁও কলেজের মসজিদে অভিযান চালায় তারা। এ সময় উগ্রবাদী সংগঠনের সঙ্গে জড়িত সন্দেহে ২৩ জনকে আটক করা হয়। অভিযানে শেরেবাংলা নগর থানার পুলিশ অংশ নেয়। পরে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট ও অ্যান্টিটেররিজম ইউনিটকে (এটিইউ) খবর দিলে তারা ঘটনাস্থলে আসে। আটক ব্যক্তিদের কাছ থেকে কিছু কাগজপত্র উদ্ধার করা হয়েছে।

যোগাযোগ করা হলে ডিএমপির অতিরিক্ত কমিশনার (সিটিটিসি) মোহাম্মদ শামসুল হক মুক্তকণ্ঠকে বলেন, "আটক ২৩ ব্যক্তি জুমার নামাজের পর তেজগাঁও কলেজের মসজিদে বৈঠক করছিল। পুলিশের তেজগাঁও বিভাগ তাদের আটক করে সিটিটিসির কাছে হস্তান্তর করে। তাদের সিটিটিসি কার্যালয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। জিজ্ঞাসাবাদ শেষে তাদের পরিচয় সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।"