ঢাকার ধামরাইয়ে এক তরুণীর বাসভবন থেকে কাজী সাঈম নামে এক তরুণের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় ওই তরুণী এবং তার মাকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।
বুধবার (২৩ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার যাদবপুর ইউনিয়নের পাচলক্ষী গ্রাম থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, পাচলক্ষী গ্রামের মৃত বদর উদ্দিন মধুর মেয়ের সঙ্গে কাজী সাঈমের দীর্ঘদিন ধরে প্রেমের সম্পর্ক ছিল। খবর পেয়ে ধামরাই থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে।
ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হুদা খান জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত করতে মরদেহটি ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হচ্ছে। এই ঘটনায় প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।