পটুয়াখালীর গলাচিপায় উদ্ধার করা সাপের ডিম থেকে কৃত্রিম উপায়ে ফোটানো ১৩টি সাপের বাচ্চাকে প্রাকৃতিক পরিবেশে অবমুক্ত করেছে বন বিভাগ। সোমবার (১৬ নভেম্বর) দুপুরে উপজেলার সদর ইউনিয়নের ইটবাড়িয়া গ্রামে দারাস সাপের বাচ্চাগুলোকে প্রকৃতিতে ছেড়ে দেওয়া হয়। এই প্রক্রিয়ায় উপস্থিত ছিলেন গলাচিপা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবুজর মো. ইজাজুল হক।
প্রাপ্ত তথ্যানুসারে, প্রায় দুই মাস আগে উপজেলার চরকাজল ইউনিয়নের চরকাজল গ্রামের স্বেচ্ছাসেবী সংগঠন 'অ্যানিমেল লাভার্স অব পটুয়াখালী'-এর স্বেচ্ছাসেবক আবু তাঈম সিজান ও মোহাম্মদ জিহাদ দুটি সাপ উদ্ধার করেন। উদ্ধারকৃত সাপ দুটির মধ্যে একটি ছিল পদ্মগোখরা এবং অন্যটি ছিল দারাস সাপ। সাপ দুটি উদ্ধারের পর স্বেচ্ছাসেবকরা তাদের গর্ভে ডিম দেখতে পান। এরপর তারা নিজস্ব ব্যবস্থাপনায় সাপ দুটির যথাযথ পরিচর্যা করেন এবং বিশেষ ব্যবস্থার মাধ্যমে ডিমগুলো থেকে বাচ্চা ফোটানোর উদ্যোগ গ্রহণ করেন।
স্বেচ্ছাসেবকদের দেওয়া তথ্য অনুযায়ী, পদ্মগোখরার ২০টি এবং দারাস সাপের ৮টি ডিম প্রায় দুই মাস ধরে বিশেষ তত্ত্বাবধানে রাখা হয়। এর ফলে ১০টি পদ্মগোখরা ও ৩টি দারাস সাপের বাচ্চা জন্ম নেয়। ডিম থেকে বাচ্চা ফোটার পর এক সপ্তাহ নিজেদের তত্ত্বাবধানে সেগুলোর পরিচর্যা করার পর সোমবার উপজেলা বন বিভাগের কাছে হস্তান্তর করা হয়।
হস্তান্তরিত বাচ্চাগুলোর মধ্যে তিনটি দারাস সাপের বাচ্চাকে সদর ইউনিয়নের ইটবাড়িয়া এলাকায় অবমুক্ত করা হয়েছে। অন্যদিকে, ১০টি বিষধর পদ্মগোখরার বাচ্চাকে নিরাপদ আশ্রয়ের লক্ষ্যে ম্যানগ্রোভ বনে অবমুক্ত করতে নিয়ে যায় বন বিভাগ।
এ বিষয়ে স্বেচ্ছাসেবক আবু তাঈম সিজান বলেন, “আমি স্বেচ্ছাসেবক হিসেবে বিভিন্ন স্থান থেকে বন্যপ্রাণী উদ্ধার করে নিরাপদ স্থানে অবমুক্ত করি। এ ধরনের কাজ নিয়মিতই করা হয়। দারাস সাপ নির্বিষ হওয়ায় সেগুলোকে লোকালয়ের উপযোগী নিরাপদ স্থানে অবমুক্ত করা হয়েছে। আর বিষধর পদ্মগোখরার বাচ্চাগুলো ম্যানগ্রোভ বনে অবমুক্ত করার জন্য বন বিভাগের কাছে হস্তান্তর করা হয়েছে।”
উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুজর মো. ইজাজুল হক বলেন, “প্রকৃতির প্রতিটি প্রাণীরই পরিবেশের ভারসাম্য রক্ষায় নিজস্ব ভূমিকা রয়েছে। সাপ দেখলেই আতঙ্কিত হওয়া উচিত নয়। মানুষ ও বন্যপ্রাণীর সহাবস্থান নিশ্চিত করতে জীববৈচিত্র্য সংরক্ষণে সবাইকে দায়িত্বশীল হতে হবে।”