চট্টগ্রাম নগরের বায়েজিদ বোস্তামী এলাকায় ২০ লাখ টাকা চাঁদা আদায় করতে ব্যর্থ হয়ে মো. জাফর নামের এক ভূমি ব্যবসায়ীর বাড়িতে গুলি ছুড়েছে দুর্বৃত্তরা। এই ঘটনার পরপরই মুঠোফোনের মাধ্যমে ওই ব্যবসায়ীর প্রাণনাশের হুমকি দেওয়া হয়। হুমকি দিয়ে বলা হয়, “আজ বিল্ডিংয়ে গুলি করেছি, কাল তোর শরীরে করব। কাফনের কাপড় কিনে রাখিস।”
ঘটনাটি ঘটেছে রোববার (১৫ নভেম্বর) দিবাগত রাত সোয়া ১২টার দিকে বায়েজিদ বোস্তামী থানার শহীদনগর এলাকায়।
ভুক্তভোগী বাড়ির মালিক মো. জাফর জানান, পুলিশের তালিকায় সন্ত্রাসী হিসেবে পরিচিত রায়হান প্রায় ১০ মাস আগে তার কাছে ২০ লাখ টাকা চাঁদা দাবি করেছিলেন। তবে সে সময় তিনি তার স্ত্রীর চিকিৎসার জন্য ভারতে অবস্থান করায় বিষয়টি সামনে আসেনি। দেশে ফেরার পর দীর্ঘ সময় কোনো যোগাযোগ না থাকলেও গত ১১ নভেম্বর রায়হান পুনরায় ফোন করে একই পরিমাণ অর্থ দাবি করেন।
চাঁদা দিতে অস্বীকার করায় রোববার রাতে দুটি মোটরসাইকেলে করে আসা কয়েকজন দুর্বৃত্ত ওই ভবনের দ্বিতীয় তলার একটি জানালা লক্ষ্য করে গুলি ছোড়ে। তবে সৌভাগ্যবশত ওই কক্ষে কেউ না থাকায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। গুলি ছোড়ার পরপরই তাকে ফোন করে প্রাণনাশের হুমকি দেওয়া হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, চট্টগ্রামের বিভিন্ন এলাকায় শীর্ষ সন্ত্রাসী ‘বড় সাজ্জাদের’ নাম ব্যবহার করে ব্যবসায়ী ও ভবনমালিকদের কাছ থেকে নিয়মিত চাঁদা দাবি করে আসছিলেন রায়হান ও ডেভিড ইমন। সম্প্রতি ডেভিড ইমন গ্রেপ্তার হওয়ার পর রায়হান একাই এই চাঁদাবাজির কার্যক্রম পরিচালনা করছেন বলে অভিযোগ রয়েছে। তবে রায়হান সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে দাবি করেছেন যে, তার নাম ব্যবহার করে অন্য কেউ এসব অপকর্ম করছে।
খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি পরিদর্শন করে। পুলিশ জানিয়েছে, ঘটনাস্থল থেকে একটি শর্টগানের গুলির খোসা উদ্ধার করা হয়েছে। গুলিতে জানালার কাচ ভেঙে গেলেও কক্ষটি ফাঁকা থাকায় বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি।
বায়েজিদ বোস্তামী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইখতিয়ার উদ্দিন মুক্তকণ্ঠকে বলেন, “বাড়ির মালিক জাফর ভূমি কেনাবেচার ব্যবসার সঙ্গে যুক্ত। তার কাছে ২০ লাখ টাকা চাঁদা দাবি করা হয়েছিল বলে আমরা জানতে পেরেছি। রাত সোয়া ১২টার দিকে দুটি মোটরসাইকেলে এসে দুর্বৃত্তরা ভবন লক্ষ্য করে গুলি ছোড়ে।”
ওসি আরও জানান, অভিযুক্ত রায়হান এবং ভুক্তভোগী জাফর উভয়েই রাউজান উপজেলার বাসিন্দা এবং তারা পূর্বপরিচিত। এই ঘটনায় জাফরকে থানায় মামলা করার পরামর্শ দেওয়া হয়েছে। পরিবারের সঙ্গে আলোচনা করে তিনি মামলা করবেন বলে জানালেও প্রতিবেদনটি লেখা পর্যন্ত থানায় কোনো লিখিত অভিযোগ দায়ের করেননি।