‘আজ বাড়িতে গুলি করলাম, কাল শরীরে গুলি করব’—চাঁদা না দেওয়ায় একটি বাড়িতে গুলি চালানোর পর এক ব্যক্তিকে মুঠোফোনে কল করে এভাবেই হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে এক সন্ত্রাসীর বিরুদ্ধে। গতকাল রোববার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে নগরের বায়েজিদ বোস্তামী থানার শহীদনগর এলাকায় জাফর আহমদ নামের এক ব্যক্তির বাড়িতে এই গুলির ঘটনাটি ঘটে। এতে তাঁর ঘরের জানালার কাচ ভেঙে গেছে।
ভুক্তভোগী জাফর আহমদ সাংবাদিকদের জানান, ২০ লাখ টাকা চাঁদা না দেওয়ার কারণে সন্ত্রাসী মোহাম্মদ রায়হানের সহযোগীরা তাঁর ঘরের একটি জানালা লক্ষ্য করে গুলি ছুড়েছেন। তবে ঘটনার সময় তিনি এবং তাঁর পরিবারের সদস্যরা ওই কক্ষটিতে অবস্থান করছিলেন না, যার ফলে কেউ হতাহত হননি।
জাফর আহমদ আরও জানান, প্রায় ১০ মাস আগে রায়হান তাঁকে ফোন করে ২০ লাখ টাকা চাঁদা দাবি করেছিলেন। তবে সেই সময়ে তিনি এবং তাঁর স্ত্রী চিকিৎসার প্রয়োজনে ভারতে অবস্থান করছিলেন। বিষয়টি তখন পুলিশকে জানানো হয়েছিল। এরপর দীর্ঘ সময় নীরব থাকলেও গত বুধবার রায়হান পুনরায় ফোন করে চাঁদা দাবি করেন এবং হুমকি দেন।
গতকাল রাতে গুলির ঘটনার পর আবারও তাঁর মুঠোফোনে কল করে হুমকি দেন রায়হান। জাফর আহমদ বলেন, ‘গুলি করার পর ফোন করে আমাকে বলেছে, টাকা দিসনিতে তো, আজ বাড়িতে গুলি করলাম, কাল তোদের শরীরে গুলি করব। কাফনের কাপড়চোপড় কিনে রাখিস।’
এই বিষয়ে জানতে চাওয়া হলে বায়েজিদ বোস্তামী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইখতিয়ার উদ্দিন আজ সোমবার সকালে মুক্তকণ্ঠকে বলেন, ‘দুটি মোটরসাইকেল করে চারজন লোক এসে গুলি করে চলে গেছে। এ ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে। বাড়ির মালিক জাফর আহমেদকে আজ থানায় লিখিত অভিযোগ দেওয়ার কথা রয়েছে।’
জানা গেছে, রায়হান হত্যা, চাঁদাবাজি ও অস্ত্র আইনের ১৫টি মামলার আসামি। তিনি বিদেশি হোয়াটসঅ্যাপ নম্বর ব্যবহার করে নগর ও জেলার বিভিন্ন স্থানে চাঁদাবাজির সঙ্গে যুক্ত। চাঁদা না পেলে তাঁর সহযোগীরা গুলি চালানোর মতো ঘটনা ঘটিয়ে আসছেন।
বিদেশি পলাতক সন্ত্রাসী সাজ্জাদ আলী ওরফে বড় সাজ্জাদের অন্যতম সহযোগী হিসেবে পরিচিত এই রায়হান। তবে সম্প্রতি তাঁর নাম ব্যবহার করে কিছু ‘ছিঁচকে সন্ত্রাসী’ চাঁদা দাবি করছে বলে অভিযোগ করেছেন খোদ রায়হান। পুলিশের দাবি, দীর্ঘ সময় ধরে অপরাধ জগতের সঙ্গে সম্পৃক্ততা এবং স্থানীয় পাহাড়ি এলাকার ভৌগোলিক অবস্থান সম্পর্কে ভালো জ্ঞান থাকায় এই সন্ত্রাসী নিজের অবস্থান গোপন রাখতে সক্ষম হচ্ছেন, যার ফলে তাঁকে গ্রেপ্তার করা সম্ভব হচ্ছে না।