পিস্তল তাক করতেই ‘তুই কে রে’ বলে অস্ত্রধারীকে জাপটে ধরেন। ধস্তাধস্তির মধ্যেই গুলি ছুড়তে থাকেন অস্ত্রধারী। গুলি লাগে কোমরে। এর মধ্যে অস্ত্র নিয়ে যোগ দেন আরও চার যুবক। প্রাণ বাঁচাতে একপর্যায়ে পাশের চারতলা ভবনের দোতলায় আশ্রয় নেন তিনি। এরপর দোকান ও ভবন লক্ষ্য করে ২৫ থেকে ৩০টি গুলি ছুড়ে হেঁটে চলে যান পাঁচ অস্ত্রধারী।
ঠিক এভাবেই পাঁচ অস্ত্রধারীর হাত থেকে অল্পের জন্য প্রাণে বেঁচে যাওয়ার রোমহর্ষক বর্ণনা দিয়েছেন যুবক ইমতিয়াজ সুলতান ওরফে ইকরাম। গতকাল সোমবার সন্ধ্যায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর সঙ্গে কথা হয় মুক্তকণ্ঠের। গতকাল বেলা আড়াইটার দিকে চট্টগ্রাম নগরের পাঁচলাইশের মুরাদপুর ফরেস্ট গেট এলাকায় তাঁর ওপর এই প্রাণঘাতী হামলা চালানো হয়। চিকিৎসকদের মতে, ইমতিয়াজ বর্তমানে শারীরিক ও মানসিকভাবে শঙ্কামুক্ত।
পুলিশ সূত্রে জানা গেছে, গুলিবিদ্ধ ইমতিয়াজ একসময় বিদেশে পলাতক কুখ্যাত সন্ত্রাসী সাজ্জাদ আলী ওরফে বড় সাজ্জাদের সহযোগী হিসেবে কাজ করতেন। গত ১৮ ফেব্রুয়ারি এসআরবি তাঁকে অস্ত্রসহ গ্রেপ্তার করে। তবে দুই মাস আগে তিনি জামিনে মুক্তি পান।
ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের সময়ে ইমতিয়াজ নিষিদ্ধ ছাত্রলীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। তিনি নিষিদ্ধ আওয়ামী লীগের চট্টগ্রাম নগর কমিটির সাধারণ সম্পাদক এবং সাবেক মেয়র আ জ ম নাছির উদ্দীনের অনুসারী হিসেবে পরিচিত ছিলেন। এছাড়া তাঁর বিরুদ্ধে ‘রিচ কিডস’ নামের একটি কিশোর গ্যাং পরিচালনার অভিযোগও রয়েছে।
২০১৭ সালে চট্টগ্রামের এক স্কুলছাত্রী তাসফিয়া আমিন হত্যা মামলায় ইমতিয়াজকে আসামি করা হয়। সেই ঘটনার পর তিনি দুবাইয়ে পালিয়ে যান। সেখানে বড় সাজ্জাদের সঙ্গে তাঁর পরিচয় ও ঘনিষ্ঠতা তৈরি হয় এবং বড় সাজ্জাদের সঙ্গে চাঁদাবাজির মামলার আসামিও ছিলেন তিনি। ২০২৪ সালের এপ্রিলে দেশে ফিরে তিনি বড় সাজ্জাদের প্রতিদ্বন্দ্বী সন্ত্রাসী সরোয়ার হোসেন বাবলার দলে যোগ দেন। তবে পরবর্তীতে সরোয়ার নিহত হন।
হামলার ভয়াবহতা বর্ণনা করে হাসপাতালের শয্যায় ইমতিয়াজ মুক্তকণ্ঠকে বলেন, টায়ারের দোকানের সামনের বেঞ্চে বসে আড্ডা দিচ্ছিলেন তিনি। এ সময় ২২ থেকে ২৫ বছর বয়সী সাদা গেঞ্জি পরা এক যুবক তাঁর সামনে এসে কোমর থেকে নাইন এমএম পিস্তল বের করেন। অস্ত্র বের করতে দেখেই বেঞ্চ থেকে লাফিয়ে উঠে দাঁড়ান ইমতিয়াজ। ‘তুই কে রে’ বলে জাপটে ধরেন ওই যুবককে। তখনই গুলি ছুড়তে শুরু করেন তিনি। দুজনের ধস্তাধস্তির মধ্যে একটি গুলি লাগে ইমতিয়াজের কোমরে।
ইমতিয়াজ আরও জানান, তাঁদের দুজনের ধস্তাধস্তির মধ্যে সড়কসংলগ্ন সেতুর ওপর থেকে আরও চার যুবক অস্ত্র বের করে গুলি ছুড়তে শুরু করেন। তখন আর হামলাকারীকে ধরে রাখার চেষ্টা করেননি তিনি। প্রাণ বাঁচাতে দোকানের পাশের একটি ভবনের দোতলায় দৌড়ে ওঠেন। এ সময় তাঁর পায়েও গুলি লাগে। তিনি দোতলায় উঠে যাওয়ার পরও অস্ত্রধারীরা অবিরাম গুলি ছুড়তে থাকেন।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, পাঁচ অস্ত্রধারী ইমতিয়াজকে লক্ষ্য করে ২৫ থেকে ৩০টি গুলি ছোড়েন। এর মধ্যে দুটি গুলি তাঁর কোমর ও পায়ের পাতায় লাগে। অন্য গুলিগুলো লাগে দোকান, ভবন ও আশপাশের দেয়ালে। ঘটনাস্থল ছাড়ার সময় আরও পাঁচটি ফাঁকা গুলি ছোড়েন তাঁরা, যাতে ভয়ে কেউ এগিয়ে না আসেন। এরপর অস্ত্রধারীরা হেঁটে চলে যান। তবে একজন দোকানদারের দাবি, তাঁরা মুরাদপুর মোড়ের কাছ থেকে মোটরসাইকেলে করে পালিয়ে যান।
গুলিবিদ্ধ ইমতিয়াজ বলেন, ২০২৫ সালের ১৫ মার্চ ঢাকার একটি শপিং মল থেকে বড় সাজ্জাদের সহযোগী সন্ত্রাসী সাজ্জাদ হোসেন ওরফে ছোট সাজ্জাদকে পুলিশের হাতে তুলে দিতে তাঁরা সহায়তা করেছিলেন। এ ঘটনার পর হুমকি দেওয়ার অভিযোগে পাঁচলাইশ থানায় একটি মামলা করেন তাঁরা। ওই মামলায় বড় সাজ্জাদ ও তাঁর কয়েকজন সহযোগীকে আসামি করা হয়।
অস্ত্রধারী যুবককে সামনে দেখে তখন কী মনে হয়েছিল, জানতে চাইলে ইমতিয়াজ বলেন, সন্ত্রাসী বড় সাজ্জাদ ও তাঁর সহযোগীরা তাঁকে প্রায়ই হুমকি দিতেন। ওই যুবক কোমর থেকে পিস্তল বের করতেই বুঝতে পারেন, তাঁকে হত্যার জন্যই এসেছেন। তাই মুহূর্তের মধ্যে বেঞ্চ থেকে লাফিয়ে উঠে তাঁকে জাপটে ধরেন।
তিনি আরও বলেন, কোমরে গুলি লাগার পরও নিজেকে সামলে রেখেছিলেন। কিন্তু যখন বুঝতে পারেন, হামলাকারী একা নন, সেতুর ওপর আরও চারজন অস্ত্রধারী রয়েছেন, তখনই ধস্তাধস্তি ছেড়ে পাশের ভবনের দোতলায় উঠে যান।
ইমতিয়াজের দাবি, হামলার আগে অস্ত্রধারীরা দোকানের পাশের সড়কে দাঁড়িয়ে থাকা বাসগুলোর কাছে অবস্থান নিয়েছিলেন। সকাল থেকেই তাঁরা তাঁকে অনুসরণ করে থাকতে পারেন। একা পাওয়ার পরই গুলি চালান। প্রকাশ্যে হামলা চালালেও তাঁদের কারও মুখে মাস্ক ছিল না।
হামলার কারণ সম্পর্কে ইমতিয়াজ মুক্তকণ্ঠকে বলেন, ২০২৫ সালের ১৫ মার্চ ঢাকার একটি শপিং মল থেকে বড় সাজ্জাদের সহযোগী সন্ত্রাসী সাজ্জাদ হোসেন ওরফে ছোট সাজ্জাদকে পুলিশের হাতে তুলে দিতে তাঁরা সহায়তা করেছিলেন। এ ঘটনার পর হুমকি দেওয়ার অভিযোগে পাঁচলাইশ থানায় একটি মামলা করেন তাঁরা। ওই মামলায় বড় সাজ্জাদ ও তাঁর কয়েকজন সহযোগীকে আসামি করা হয়। এরপর বিভিন্ন সময়ে সাজ্জাদ ও তাঁর অনুসারীরা তাঁদের নানা ধরনের হুমকি দিয়ে আসছিলেন।
ইমতিয়াজ জানান, গত বছরের ১৪ নভেম্বর বিদেশি নম্বর থেকে খুদে বার্তা পাঠিয়ে তাঁকে হত্যার হুমকি দেওয়া হয়। বার্তায় লেখা ছিল, ‘খুব দ্রুত সময়ে পৃথিবীর মায়া ত্যাগ করতে হবে। তোকে গুলি করে মারব না, ব্লেড দিয়ে খুঁচিয়ে খুঁচিয়ে মারব। তোর মামলার এক নম্বর আসামি হব আমি।’
ইমতিয়াজের দাবি, বড় সাজ্জাদের সহযোগী সন্ত্রাসী মো. রায়হান ওই হুমকি দিয়েছিলেন। রায়হান বর্তমানে পলাতক। নগর ও জেলার রাউজান থানায় খুন, চাঁদাবাজিসহ বিভিন্ন অভিযোগে তাঁর বিরুদ্ধে ১৭টি মামলা রয়েছে।
হুমকির মুখে নিরাপত্তা চেয়ে গত ২০ মার্চ পাঁচলাইশ থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন ইমতিয়াজের স্ত্রী রুমা আক্তার। জিডিতে তিনি উল্লেখ করেন, বড় সাজ্জাদের অনুসারী সন্ত্রাসী ছোট সাজ্জাদকে গ্রেপ্তারে পুলিশকে সহায়তা করার কারণেই ইমতিয়াজকে হুমকি দেওয়া হচ্ছে।
জানতে চাইলে পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক মুক্তকণ্ঠকে বলেন, “প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, সন্ত্রাসী সাজ্জাদের অনুসারীরা এ ঘটনায় জড়িত। পূর্ববিরোধের জেরে হামলার ঘটনা ঘটে থাকতে পারে। হামলায় জড়িত অস্ত্রধারীদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে। তাঁদের গ্রেপ্তার করা গেলে ঘটনার পুরো রহস্য উদ্ঘাটন করা সম্ভব হবে।”
নগরের ব্যস্ততম এলাকা মুরাদপুরে প্রকাশ্যে পাঁচ অস্ত্রধারীর গুলির ঘটনায় চরম আতঙ্কে রয়েছেন স্থানীয় বাসিন্দা ও ব্যবসায়ীরা। মুরাদপুরে রয়েছে গাড়ি বিক্রির একাধিক শোরুম ও অস্থায়ী গাড়ির স্ট্যান্ড। রাঙামাটি, খাগড়াছড়িসহ উত্তর চট্টগ্রামের বিভিন্ন এলাকার মানুষ যাতায়াতের জন্য এ এলাকায় আসেন। দিনভর মানুষের ব্যস্ততা থাকে সড়কজুড়ে। এমন জনবহুল এলাকায় প্রকাশ্যে গুলি ছোড়ার ঘটনায় নিরাপত্তা নিয়ে গভীর উদ্বেগ তৈরি হয়েছে।
ঘটনার প্রত্যক্ষদর্শী এক দোকানদার মুক্তকণ্ঠকে বলেন, ‘এত মানুষের সামনে, ব্যস্ত সড়কের পাশে অস্ত্রধারীরা এত সাহস পায় কীভাবে? কীভাবে প্রকাশ্যে গুলি করে? এ ঘটনায় জড়িত ব্যক্তিদের দ্রুত গ্রেপ্তার করা হোক।’
ইমতিয়াজ যে বাসায় আশ্রয় নিয়েছিলেন, সেই বাড়ির মালিক মো. জাফর মুক্তকণ্ঠকে বলেন, তাঁর বাড়ি লক্ষ্য করে যেভাবে গুলি ছোড়া হয়েছে, তাতে প্রতিটি মুহূর্তে মনে হচ্ছিল, গুলি এসে তাঁর শরীরে লাগবে। ঘটনার পর থেকে এলাকার বাসিন্দারা আতঙ্কে রয়েছেন। এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি ঠেকাতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিরাপত্তাব্যবস্থা জোরদার করা প্রয়োজন।
গুলিতে আহত ইমতিয়াজের বাসাও মুরাদপুর এলাকায়। তাঁর স্ত্রী রুমা আক্তার মুক্তকণ্ঠকে বলেন, ‘একটার পর একটা হুমকি দিচ্ছে সন্ত্রাসীরা। পুলিশ প্রশাসন কিছুই করেনি। স্বামীকে গুলি করার পর বাসাছাড়া আমরা।’ বাসা থেকে বের হতেও ভয় পাচ্ছেন বলে জানান এই নারী উদ্যোক্তা।
জানতে চাইলে নগর পুলিশের সহকারী কমিশনার (গণমাধ্যম) আমিনুর রশিদ মুক্তকণ্ঠকে বলেন, আতঙ্কিত হওয়ার কিছু নেই। পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে।