বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (বাউবি) ২০২৬ সালের এইচএসসি পরীক্ষার ফলাফল আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়েছে। আজ সোমবার (১৬ নভেম্বর) প্রকাশিত এই ফলাফলে গড় পাসের হার দাঁড়িয়েছে ৬৪ দশমিক ৭৫ শতাংশে।
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের দেওয়া এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিস্তারিত তথ্য জানানো হয়েছে। সেখানে উল্লেখ করা হয়, চলতি বছর প্রথম ও দ্বিতীয় বর্ষ মিলিয়ে মোট ৪৬ হাজার ৭৬৫ জন শিক্ষার্থী নিবন্ধন করেছিলেন। তবে প্রথম ও দ্বিতীয় বর্ষের পরীক্ষায় অংশ নিয়েছেন ৩৮ হাজার ১৭৯ জন। চূড়ান্ত পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীর সংখ্যা ছিল ১৬ হাজার ২২২ জন। এর মধ্যে মোট ১০ হাজার ৫০৩ জন শিক্ষার্থী পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন। উত্তীর্ণদের মধ্যে ছাত্রের সংখ্যা ৫ হাজার ৭১৬ জন এবং ছাত্রীর সংখ্যা ৪ হাজার ৭৮৭ জন।
গ্রেডভিত্তিক ফলাফলের চিত্র বিশ্লেষণে দেখা গেছে, ১৬ জন শিক্ষার্থী ‘A+’, ১ হাজার ৫০৮ জন ‘A’, ৩ হাজার ৩০২ জন ‘A-’, ৩ হাজার ৫২৪ জন ‘B’, ২ হাজার ১০৭ জন ‘C’ এবং ৪৬ জন ‘D’ গ্রেড অর্জন করেছেন।
আজ দুপুরে বিশ্ববিদ্যালয়ের গাজীপুরস্থ উপাচার্যের কনফারেন্স কক্ষে গণমাধ্যমকর্মীদের উপস্থিতিতে আনুষ্ঠানিকভাবে এই ফলাফল ঘোষণা করেন বাউবি উপাচার্য অধ্যাপক মোহাম্মদ ছিদ্দিকুর রহমান খান।
ফলাফল ঘোষণার পর উপাচার্য বলেন, “বাউবির লক্ষ্য শুধু পাসের হার বৃদ্ধি নয়, বরং গুণগত শিক্ষা নিশ্চিত করা। এ লক্ষ্যে সুষ্ঠু, স্বচ্ছ, নির্ভুল ও নকলমুক্ত পরীক্ষা আয়োজনের মাধ্যমে শিক্ষার মানোন্নয়নে বিশ্ববিদ্যালয় বদ্ধপরিকর।” ২০২৬ খ্রিষ্টাব্দের এইচএসসি পরীক্ষার ফলাফল মাত্র ৪১ কর্মদিবসের মধ্যে প্রকাশ করা সম্ভব হওয়ায় তিনি সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। পাশাপাশি স্থগিত ফলের সমস্যাগুলো দ্রুত সমাধানের আশ্বাস দিয়ে তিনি পরীক্ষা কার্যক্রমের সঙ্গে যুক্ত শিক্ষক, পরীক্ষক ও কর্মকর্তাদের দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান। বাউবিকে একটি মানবিক ও গুণগত শিক্ষার প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে তিনি সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করেন।
২০২৬ সালের এইচএসসি পরীক্ষার চূড়ান্ত ফলাফল বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইট result.bou.ac.bd-এ পাওয়া যাবে। এছাড়া মোবাইল ফোনের এসএমএসের মাধ্যমেও শিক্ষার্থীরা তাদের ফলাফল জানতে পারবেন। এসএমএসের মাধ্যমে ফলাফল জানার পদ্ধতি নিম্নরূপ: গ্রামীণফোন (GP) ব্যবহারকারীদের মেসেজ অপশনে PBStudent ID (উদাহরণ: PB BOU 19011010048) লিখে ১৬৫৫৪ নম্বরে পাঠাতে হবে। টেলিটক ব্যবহারকারীদের BOUStudent ID (উদাহরণ: BOU 19011010048) লিখে ২২৭৭৭ নম্বরে পাঠাতে হবে। একইভাবে রবি ও বাংলালিংক ব্যবহারকারীদের BOUStudent ID (উদাহরণ: BOU 19011010048) লিখে ২২৭৭৭ নম্বরে পাঠাতে হবে।