বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় (বাউবির) বিভিন্ন স্কুল ও অনুষদের অধীনে এমফিল ও পিএইচডি প্রোগ্রামে ভর্তির জন্য যোগ্য প্রার্থীদের কাছ থেকে আবেদন আহ্বান করেছে। বিশ্ববিদ্যালয়টি এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে।
ভর্তির বিষয়সমূহের মধ্যে শিক্ষা স্কুলের অধীনে রয়েছে শিক্ষাবিজ্ঞান, বাংলা ভাষা ও সাহিত্য শিক্ষণ, ইংরেজি ভাষা ও সাহিত্য শিক্ষণ, সামাজিক বিজ্ঞান শিক্ষণ এবং বিজ্ঞান ও গণিত শিক্ষণ। সামাজিক বিজ্ঞান, মানবিক ও ভাষা স্কুলে বাংলা ভাষা ও সাহিত্য, ইংরেজি, ইসলামিক স্টাডিজ, ইতিহাস, দর্শন, সমাজতত্ত্ব, রাষ্ট্রবিজ্ঞান, ভূগোল ও পরিবেশ এবং অর্থনীতি বিষয় অন্তর্ভুক্ত।
ওপেন স্কুলে ইসলামিক স্টাডিজ, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি, ইতিহাস, সমাজবিজ্ঞান, দুর্যোগ ব্যবস্থাপনা, ইংরেজি, ব্যবস্থাপনা, মার্কেটিং এবং উন্মুক্ত ও দূরশিক্ষণ বিষয় থাকবে। স্কুল অব বিজনেসে ম্যানেজমেন্ট, অ্যাকাউন্টিং, ইকোনমিকস, ফাইন্যান্স এবং মার্কেটিং বিষয়ে ভর্তি করা হবে। কৃষি ও পল্লী উন্নয়ন স্কুলে কৃষিতত্ত্ব, কীটতত্ত্ব, সেচ ও পানি ব্যবস্থাপনা, অ্যাকুয়াকালচার, পোলট্রি সায়েন্স এবং কৃষি পরিবেশ বিষয় অন্তর্ভুক্ত।
স্কুল অব সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে বায়ো অ্যাকটিভ ন্যাচারাল প্রোডাক্টস, ডায়েট অ্যান্ড ডিজিস, ফুড সেফটি এবং কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিষয় থাকবে। সিএসই-এর অধীনে এআই ফর ইন্টারডিসিপ্লিনারি অ্যাপ্লিকেশনস, লার্জ ল্যাঙ্গুয়েজ মডেলস বা এলএলএম অ্যান্ড জেনারেটিভ এআই এবং ট্রাস্টওয়ার্দি অ্যান্ড রেসপনসিবল এআই বিষয় অন্তর্ভুক্ত।
স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে ন্যূনতম চার বছর মেয়াদি স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রিধারী প্রার্থীরা আবেদন করতে পারবেন। এসএসসি বা সমমান থেকে স্নাতকোত্তর পর্যন্ত সকল পরীক্ষায় প্রার্থীকে ন্যূনতম ৫০ শতাংশ নম্বর অথবা জিপিএ/সিজিপিএ ৫-এর মধ্যে ৩.৫ এবং ৪-এর মধ্যে ৩ পেতে হবে। স্বাস্থ্য পেশাজীবী প্রার্থীদের ক্ষেত্রে স্বাস্থ্যসম্পর্কিত পেশাগত ডিগ্রিতে পাস মার্ক থাকতে হবে। এমফিল ডিগ্রিধারী প্রার্থীদের পিএইচডি প্রোগ্রামে ভর্তির ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা শিথিলযোগ্য রাখা হয়েছে।
এমফিল প্রোগ্রামের জন্য ১৫০০ টাকা এবং পিএইচডি প্রোগ্রামের জন্য ২০০০ টাকা আবেদন ফি জনতা ব্যাংক পিএলসির যেকোনো শাখায় জমা দেওয়া যাবে। আবেদনপত্র আবশ্যিকভাবে কম্পিউটারে কম্পোজ করে জমা দিতে হবে; হাতে লেখা আবেদনপত্র গ্রহণযোগ্য নয়। আবেদনপত্রের সঙ্গে বাউবির নির্দেশনা অনুযায়ী প্রস্তুতকৃত গবেষণা প্রস্তাব, প্রস্তাবিত গবেষণা তত্ত্বাবধায়ক ও সহ-তত্ত্বাবধায়কের (যদি থাকে) স্বাক্ষরসহ এক কপি গবেষণা প্রস্তাব সংযুক্ত করতে হবে।
সব একাডেমিক নম্বরপত্র ও সনদের সত্যায়িত অনুলিপি, পিয়ার রিভিউড স্বীকৃত গবেষণা জার্নালে প্রকাশিত প্রবন্ধের অনুলিপি (প্রযোজ্য ক্ষেত্রে), জাতীয় পরিচয়পত্রের অনুলিপি, ব্যাংকে টাকা জমার মূল রসিদ এবং জীবনবৃত্তান্ত বা সিভি জমা দিতে হবে।
আবেদন প্রেরণের শেষ সময় ২ নভেম্বর ২০২৬। অসম্পূর্ণ কিংবা নির্ধারিত সময়ের পরে প্রাপ্ত আবেদনপত্র স্বয়ংক্রিয়ভাবে বাতিল বলে গণ্য হবে। আবেদন পাঠানোর ঠিকানা সংশ্লিষ্ট স্কুলের কার্যালয়ে সরাসরি অথবা কুরিয়ারের মাধ্যমে পাঠাতে হবে। প্রয়োজনে ০১৭১২৫৫১৫৯৭, ০১৯২৬০০১৭৪৩ নম্বরে যোগাযোগ করা যাবে। বিস্তারিত তথ্যের জন্য বাউবির ওয়েবসাইটে ক্লিক করুন।