দূরশিক্ষণের মাধ্যমে উচ্চশিক্ষার সুযোগ সম্প্রসারণে দেশের অন্যতম শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় (বাউবি)। প্রতিষ্ঠানটির স্কুল অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির অধীনে ‘ব্যাচেলর অব সায়েন্স ইন কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই)’ প্রোগ্রামের ২০২৫–২০২৬ শিক্ষাবর্ষের (১২তম ব্যাচ) প্রথম টার্ম প্রথম সেমিস্টারে শিক্ষার্থী ভর্তির জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। বিশেষ করে যারা পেশাজীবী অথবা যারা নিয়মিত ক্যাম্পাসে উপস্থিত হয়ে পড়াশোনা করার সুযোগ পান না, কিন্তু তথ্যপ্রযুক্তির মতো আধুনিক ও উচ্চ চাহিদাসম্পন্ন বিষয়ে ডিগ্রি অর্জন করতে আগ্রহী, তাদের জন্য বাউবির এই প্রোগ্রামটি একটি অনন্য সুযোগ।

আবেদনের জন্য ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা

এই আধুনিক ও প্রফেশনাল প্রোগ্রামে ভর্তির জন্য আবেদনকারীদের নির্দিষ্ট কিছু শিক্ষাগত মানদণ্ড পূরণ করতে হবে। বিজ্ঞান বিভাগ থেকে উচ্চমাধ্যমিক (এইচএসসি) বা সমমান পরীক্ষায় ন্যূনতম জিপিএ–৩.০০ (স্কেল–৫) অথবা দ্বিতীয় বিভাগে উত্তীর্ণ প্রার্থীরা আবেদন করতে পারবেন। অন্যদিকে, কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে তিন বা চার বছর মেয়াদি ডিপ্লোমা সম্পন্ন করা শিক্ষার্থীদের ক্ষেত্রে ন্যূনতম সিজিপিএ–২.৫০ (স্কেল–৪) বা দ্বিতীয় বিভাগ থাকলে তারা আবেদনের যোগ্য বলে বিবেচিত হবেন। এছাড়া বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ‘ডিপ্লোমা ইন কম্পিউটার সায়েন্স অ্যান্ড অ্যাপ্লিকেশন (ডিসিএসএ)’ প্রোগ্রাম থেকে উত্তীর্ণ শিক্ষার্থীরাও এই কোর্সে আবেদনের সুযোগ পাবেন।

অনলাইন আবেদনের প্রক্রিয়া ও গুরুত্বপূর্ণ সময়সূচি

আগ্রহী প্রার্থীদের সম্পূর্ণ আবেদন প্রক্রিয়াটি অনলাইনে সম্পন্ন করতে হবে। আগামী ২৫ সেপ্টেম্বর থেকে অনলাইন আবেদনের প্রক্রিয়া শুরু হবে এবং তা চলবে ৩১ অক্টোবর পর্যন্ত। আবেদন ফি হিসেবে এক হাজার টাকা অনলাইনে জমা দিতে হবে। প্রাথমিক বাছাইয়ের পর মনোনীত প্রার্থীদের তালিকা প্রকাশ করা হবে আগামী ৫ নভেম্বর। ভর্তি পরীক্ষার প্রবেশপত্র সংগ্রহের সময়সীমা নির্ধারণ করা হয়েছে ৩ থেকে ১০ নভেম্বর পর্যন্ত। ভর্তি-ইচ্ছুক প্রার্থীদের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে ১৪ নভেম্বর, সকাল ১০টা থেকে বেলা ১১টা ২০ মিনিট পর্যন্ত গাজীপুরের বোর্ড বাজারে অবস্থিত বাউবি ক্যাম্পাসে। লিখিত পরীক্ষার ফলাফল ২৬ নভেম্বর প্রকাশিত হবে এবং উত্তীর্ণ প্রার্থীদের সাক্ষাৎকার গ্রহণ করা হবে ২৮ থেকে ৩০ নভেম্বরের মধ্যে।

ভর্তি পরীক্ষার মানবণ্টন ও প্রশ্নপদ্ধতি

ভর্তি পরীক্ষার প্রশ্নপত্র প্রণয়ন করা হয় উচ্চমাধ্যমিক সিলেবাসের ওপর ভিত্তি করে। পরীক্ষার মোট নম্বর ১০০। এর মধ্যে এমসিকিউ অংশে পদার্থবিজ্ঞানে ২৫ এবং গণিতে ২৫ নম্বর বরাদ্দ রয়েছে। এছাড়া বর্ণনামূলক অংশে পদার্থবিজ্ঞানে ১০ ও গণিতে ১০ নম্বর এবং লিখন দক্ষতা যাচাইয়ের জন্য বাংলায় ৫ ও ইংরেজিতে ৫ নম্বর নির্ধারিত করা হয়েছে।

চূড়ান্ত মূল্যায়নের ক্ষেত্রে এসএসসি ও এইচএসসি বা সমমান পরীক্ষায় প্রাপ্ত নম্বরের আনুপাতিক হার থেকে ২০ নম্বর এবং মৌখিক পরীক্ষা থেকে ১০ নম্বর যোগ করা হবে। ভর্তি সংক্রান্ত আরও বিস্তারিত তথ্যের জন্য বাউবির অফিশিয়াল ওয়েবসাইট (www.bou.ac.bd বা www.bousst.edu.bd) ভিজিট করার অনুরোধ জানানো হয়েছে।