দূরশিক্ষণ এবং পেশাগত শিক্ষার প্রসারে অগ্রণী ভূমিকা পালনকারী প্রতিষ্ঠান বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (বাউবি) স্কুল অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির অধীনে ‘মাস্টার অব ডিজঅ্যাবিলিটি ম্যানেজমেন্ট অ্যান্ড রিহ্যাবিলিটেশন (এমডিএমআর)’ প্রোগ্রামের ১০ম ব্যাচে (২০২৭ শিক্ষাবর্ষ) শিক্ষার্থী ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। স্বাস্থ্যসেবা, পুনর্বাসন এবং ডিজঅ্যাবিলিটি ম্যানেজমেন্টের মতো অত্যন্ত গুরুত্বপূর্ণ ও মানবিক পেশায় উচ্চতর ডিগ্রি অর্জনে আগ্রহী শিক্ষার্থীদের কাছ থেকে এখন অনলাইনে আবেদনপত্র আহ্বান করা হচ্ছে।
আবেদনের জন্য ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা
এই ব্লেন্ডেড মোডের মাস্টার্স প্রোগ্রামে আবেদনের ক্ষেত্রে প্রার্থীদের নির্দিষ্ট কিছু একাডেমিক যোগ্যতা থাকা আবশ্যক। স্বীকৃত কোনো শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ফিজিওথেরাপি, অকুপেশনাল থেরাপি, স্পিচ অ্যান্ড ল্যাঙ্গুয়েজ থেরাপি, প্রটেক্টিকস অ্যান্ড অর্থোটিকস, এমবিবিএস, বিডিএস, নার্সিং, ফুড অ্যান্ড নিউট্রিশন বিষয়ে স্নাতক ডিগ্রি থাকতে হবে। বিকল্প হিসেবে, জীববিজ্ঞানসহ বিএসসি/সমমান এবং এইচএসসি/সমমান উভয় পরীক্ষায় আলাদাভাবে ন্যূনতম জিপিএ ৩.০/সমমান এবং একত্রে জিপিএ ৭.০০/সমমানসহ ইন্টার্নশিপ সম্পন্ন করতে হবে। এছাড়া স্নাতক ডিগ্রিতে ন্যূনতম ৫০% নম্বর অথবা ৪ স্কেলে জিপিএ ২.৫ থাকতে হবে।
অনলাইন আবেদন প্রক্রিয়া ও গুরুত্বপূর্ণ সময়সূচি
আবেদন প্রক্রিয়াটি সম্পূর্ণ অনলাইনে সম্পন্ন করতে হবে। আগামী ১ অক্টোবর ২০২৬ থেকে অনলাইনে আবেদন শুরু হবে এবং এই প্রক্রিয়া চলবে ২৫ ডিসেম্বর ২০২৬ পর্যন্ত। আবেদনের ফি হিসেবে ১০০০ টাকা নির্ধারণ করা হয়েছে, যা অনলাইনের মাধ্যমেই পরিশোধ করতে হবে। আবেদনকারীদের মধ্য থেকে মনোনীত প্রার্থীদের লিখিত ও মৌখিক পরীক্ষা ১ জানুয়ারি ২০২৭ সকাল ১০টায় বাউবির মূল ক্যাম্পাস, গাজীপুরে অনুষ্ঠিত হবে। ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশিত হবে ৪ জানুয়ারি ২০২৭ বিকেল ৪টায়।
ভর্তি পরীক্ষার মানবণ্টন ও অন্যান্য তথ্য
ভর্তি-ইচ্ছুক শিক্ষার্থীদের একটি নির্দিষ্ট মানদণ্ডের ভিত্তিতে মূল্যায়ন করা হবে। স্নাতক পরীক্ষার সিলেবাস অনুযায়ী হেলথ সায়েন্স, ডিজঅ্যাবিলিটি, ফিজিওথেরাপি, রিহ্যাবিলিটেশন, রিসার্চ ও পরিসংখ্যান বিষয়ে ৬০ নম্বরের এমসিকিউ এবং লিখন-দক্ষতা (বাংলা ও ইংরেজি) অংশে ২০ নম্বরসহ মোট ৮০ নম্বরের লিখিত পরীক্ষা নেওয়া হবে। এর পাশাপাশি আবেদনকারীর সামগ্রিক যোগ্যতা যাচাইয়ের জন্য ২০ নম্বরের একটি মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে।
লিখিত ও মৌখিক পরীক্ষায় প্রাপ্ত নম্বরের ভিত্তিতে চূড়ান্ত মেধাতালিকা প্রকাশ করা হবে। এই কোর্সের টিউটোরিয়াল ক্লাসগুলো বাউবির মূল ক্যাম্পাস, বোর্ডবাজার, গাজীপুরে সরাসরি এবং অনলাইনে অনুষ্ঠিত হবে। ভর্তি সংক্রান্ত আরও বিস্তারিত তথ্যের জন্য আগ্রহী প্রার্থীদের বাউবির অফিশিয়াল ওয়েবসাইট (www.bou.ac.bd) ভিজিট করার অনুরোধ জানানো হয়েছে।