শরীরের হাড় মজবুত রাখতে ক্যালসিয়ামের ভূমিকা অপরিসীম। তবে এই ক্যালসিয়াম এবং ফসফরাস শরীর যাতে সঠিকভাবে শোষণ করতে পারে, সেই প্রক্রিয়ায় অপরিহার্য ভূমিকা পালন করে ভিটামিন ডি। হাড়ের গঠন, পেশির কার্যকারিতা এবং রোগ প্রতিরোধ ক্ষমতা ঠিক রাখতে এই ভিটামিন অত্যন্ত জরুরি। ভিটামিন ডির ঘাটতি হলে শিশুদের ক্ষেত্রে রিকেট রোগ হতে পারে, যার ফলে পা ধনুকের মতো বেঁকে যায় এবং মাথার খুলি বড় হয়ে যাওয়ার ঝুঁকি থাকে। অন্যদিকে, প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে হাড় দুর্বল হয়ে পড়ে, হাড়ের ঘনত্ব কমে যায় এবং চুল পড়ার সমস্যা দেখা দেয়। এছাড়া পেশির দুর্বলতা, রোগপ্রতিরোধ ক্ষমতা হ্রাস এবং মানসিক অবসাদের মতো গুরুতর ঝুঁকি তৈরি হয়।

একটি গবেষণার তথ্যানুসারে, বাংলাদেশে প্রায় ৮০ শতাংশ মানুষের শরীরে ভিটামিন ডির অভাব রয়েছে। আধুনিক জীবনযাত্রার কারণে দৈনন্দিন জীবনে এই ভিটামিনের ঘাটতি আরও প্রকট হয়ে উঠেছে।

ইউএস ন্যাশনাল ইনস্টিটিউট অব হেলথের (এনআইএইচ) প্রকাশিত নির্দেশিকায় বলা হয়েছে, “ভিটামিন ডি (যাকে ক্যালসিফেরলও বলা হয়) একটি চর্বি-দ্রবণীয় ভিটামিন, যা প্রাকৃতিকভাবে কিছু খাবারে পাওয়া যায়, কিছু খাবারে যোগ করা হয় এবং খাদ্য পরিপূরক হিসেবেও পাওয়া যায়।” উল্লেখ্য যে, সূর্যের অতিবেগুনি রশ্মি যখন ত্বকের সংস্পর্শে আসে, তখন প্রাকৃতিকভাবেই শরীরে ভিটামিন ডি সংশ্লেষিত হয়।

ভিটামিন ডির অভাবে শরীরে কী কী সমস্যা হয়

হাড় নরম ও দুর্বল হওয়া:
প্রাপ্তবয়স্কদের শরীরে ভিটামিন ডির অভাব হলে হাড় নরম ও দুর্বল হয়ে যায়, যাকে চিকিৎসা বিজ্ঞানের ভাষায় অস্টিওম্যালাসিয়া বলা হয়। এই অবস্থায় হাড়ের ভেতরে পর্যাপ্ত খনিজ জমা হতে পারে না। ফলে সামান্য চাপে বা দৈনন্দিন চলাফেরার সময় কোমর, নিতম্ব, পা এবং পাঁজরের হাড়ের তীব্র ব্যথা অনুভূত হয় এবং পেশি দুর্বল হয়ে পড়ে।

হাড়ের ঘনত্ব বা ভর হ্রাস:
দীর্ঘদিন ধরে ভিটামিন ডি এবং ক্যালসিয়ামের অভাব থাকলে হাড়ের ঘনত্ব বা ভর দ্রুত কমতে শুরু করে। এর ফলে হাড় ছিদ্রযুক্ত, দুর্বল ও ভঙ্গুর হয়ে যায়। সামান্য ধাক্কা বা আঘাতেই কোমর, কবজি কিংবা মেরুদণ্ডের হাড় ভেঙে যাওয়ার ঝুঁকি বহুগুণ বেড়ে যায়।

পেশির দুর্বলতা:
পেশির স্বাভাবিক কার্যকারিতা বজায় রাখতে ভিটামিন ডি অত্যন্ত জরুরি। এর ঘাটতি হলে পেশি দুর্বল হয়ে যায় এবং মাংসপেশিতে প্রায়ই টান লাগে বা ব্যথা হয়। এমনকি সিঁড়ি দিয়ে ওঠা বা বসা থেকে উঠে দাঁড়ানোর মতো সাধারণ কাজগুলো করতেও অতিরিক্ত কষ্ট হয়।

রোগপ্রতিরোধ ক্ষমতা হ্রাস:
আমাদের ইমিউন সিস্টেম বা রোগ প্রতিরোধ ক্ষমতা নিয়ন্ত্রণে ভিটামিন ডি সাহায্য করে। এর অভাব থাকলে শরীর সহজে ইনফেকশনের বিরুদ্ধে লড়াই করতে পারে না। ফলে ঘন ঘন সর্দি-কাশি, ফ্লু বা বিভিন্ন শ্বাসতন্ত্রের সংক্রমণে আক্রান্ত হওয়ার প্রবণতা বৃদ্ধি পায়।

ক্লান্তি ও মানসিক অবসাদ:
রক্তে ভিটামিন ডির মাত্রা অতিরিক্ত কমে গেলে শরীরে সারাক্ষণ ক্লান্তি ও অলসতা কাজ করে। এছাড়া মস্তিষ্কের যে অংশগুলো মেজাজ ও মানসিক স্বাস্থ্য নিয়ন্ত্রণ করে, সেখানেও ভিটামিন ডি প্রভাব ফেলে। ফলে দীর্ঘমেয়াদি অবসাদ, মনঃসংযোগের অভাব এবং অনেক সময় বিষণ্ণতা বা মুড সুইং দেখা দিতে পারে।

ভিটামিন ডি-সমৃদ্ধ ১০টি খাবার

১. চর্বিযুক্ত মাছ: ভিটামিন ডির অন্যতম সেরা প্রাকৃতিক উৎস হলো চর্বিযুক্ত মাছ। স্যালমন, ম্যাকরল, সার্ডিন এবং টুনা মাছে উচ্চ পরিমাণে ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিড থাকে, যা হৃদরোগ প্রতিরোধে সহায়ক। মাত্র ১০০ গ্রাম রান্না করা স্যামন মাছ থেকে প্রায় ৫০০ থেকে ১০০০ আইইউ (আন্তর্জাতিক একক) পর্যন্ত ভিটামিন ডি পাওয়া যায়।

২. ডিমের কুসুম: ডিমের সাদা অংশে প্রোটিন থাকলেও ভিটামিন ডি মূলত থাকে কুসুমে। বিশেষ করে খোলা জায়গায় বা সূর্যের আলোতে বেড়ে ওঠা মুরগির ডিমে এর পরিমাণ আরও বেশি থাকে।

৩. মাশরুম: উদ্ভিজ্জ খাবারের মধ্যে একমাত্র মাশরুমই সূর্যের অতিবেগুনি রশ্মির সংস্পর্শে এলে প্রাকৃতিকভাবে ভিটামিন ডি-২ তৈরি করতে পারে। বন্য মাশরুম বা সূর্যালোকে শুকানো মাশরুমে ভালো পরিমাণে ভিটামিন ডি পাওয়া যায়।

৪. গরু বা খাসির কলিজা: প্রাণিজ অঙ্গপ্রত্যঙ্গের মধ্যে কলিজা ভিটামিন ডি, আয়রন ও ভিটামিন এ-এর ভালো উৎস। এতে প্রোটিনসহ অন্যান্য প্রয়োজনীয় পুষ্টি উপাদান রয়েছে। তবে এতে কোলেস্টেরলের পরিমাণ বেশি থাকায় এটি পরিমিত পরিমাণে খাওয়া উচিত।

৫. কড লিভার অয়েল: সামুদ্রিক কড মাছের যকৃত থেকে তৈরি এই তেল ভিটামিন ডি ও ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিডের চমৎকার উৎস। এতে ভিটামিন এ-ও রয়েছে, যা খাদ্যতালিকায় একটি পুষ্টিকর সংযোজন।

৬. পনির বা চিজ: পনিরে অল্প পরিমাণে প্রাকৃতিক ভিটামিন ডি এবং প্রচুর ক্যালসিয়াম থাকে। বিশেষ করে সুইস চিজ বা চেডার চিজে প্রতি ১০০ গ্রামে প্রায় ২০-২৪ আইইউ ভিটামিন ডি পাওয়া যায়।

৭. সিরিয়াল বা ওটমিল: সকালের নাস্তার অনেক প্রক্রিয়াজাত সিরিয়াল বা ওটমিলে আলাদাভাবে ভিটামিন ডি যোগ করা থাকে। আধা কাপ বা এক বাটি ফর্টিফাইড সিরিয়াল থেকে প্রায় ৪০-১০০ আইইউ পর্যন্ত ভিটামিন ডি পাওয়া যায়।

৮. ফর্টিফাইড সয়া বা বাদাম দুধ: যারা প্রাণিজ দুধ খান না, তাদের জন্য ভিটামিন ডি সংযোজিত সয়া মিল্ক বা আমন্ড মিল্ক ভালো বিকল্প। এক কাপ ফর্টিফাইড সয়া মিল্কে প্রায় ১০০-১২০ আইইউ ভিটামিন ডি থাকে।

৯. ফর্টিফাইড দই: সাধারণ দইয়ের পাশাপাশি বাজারে ভিটামিন ডি সমৃদ্ধ বা ফর্টিফাইড দই পাওয়া যায়, যা হাড়ের স্বাস্থ্যের জন্য উপকারী। এক কাপ ফর্টিফাইড দই থেকে প্রায় ৮০-১২০ আইইউ ভিটামিন ডি মিলতে পারে।

১০. ফর্টিফাইড গরুর দুধ: প্রাকৃতিক দুধে ভিটামিন ডি কম থাকলেও বর্তমানে অনেক দেশে ও ব্র্যান্ডে আলাদাভাবে ভিটামিন ডি যোগ করা হয়। এক কাপ (প্রায় ২৪০ মিলি) ফর্টিফাইড দুধে সাধারণত ১১৫-১৩০ আইইউ ভিটামিন ডি পাওয়া যায়।