মোবাইল ফোন এবং হোয়াটসঅ্যাপের মাধ্যমে একাধিকবার প্রাণনাশের হুমকি পাওয়ার পর রাজধানীর তেজগাঁও থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য (এমপি) ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেত্রী ডা. মাহমুদা আলম মিতু।

সোমবার (১৬ নভেম্বর) দুপুরে তিনি ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) তেজগাঁও থানায় এই অভিযোগপত্র জমা দেন। নিজের ও পরিবারের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি হুমকিদাতাদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়ে তিনি এই পদক্ষেপ নেন।

অভিযোগপত্রে উল্লেখ করা হয়েছে যে, গত কয়েকদিন ধরে দেশি এবং বিদেশি (ভারতীয়) বিভিন্ন নম্বর থেকে সরাসরি ফোন কল ও হোয়াটসঅ্যাপ মেসেজের মাধ্যমে তাকে এবং তার পরিবারকে হত্যার হুমকি দেওয়া হচ্ছে। এমনকি সংসদ ভবন এলাকায় অবস্থানকালীন সময়েও তার মোবাইলে কল করে অকথ্য ভাষায় গালিগালাজ করা হয় এবং তাকে দেশ ছাড়ার হুমকি দেওয়া হয় বলে জানানো হয়েছে।

থানায় অভিযোগ জানানোর পর সাংবাদিকদের সাথে আলাপকালে ডা. মাহমুদা মিতু বলেন, ‘গত আট-দশ দিন ধরে এবং বিশেষ করে গত দুই দিন সংসদে বসে থাকার সময় একটি সংঘবদ্ধ চক্র ভারত থেকে ফোন করে আমাকে অত্যন্ত বিকৃতভাবে মেরে ফেলার ও ধর্ষণের হুমকি দিচ্ছে। এটি কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, বরং দীর্ঘদিন ধরে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে বর্তমান সরকার ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের চরম ব্যর্থতারই প্রতিফলন।’

তিনি আরও বলেন, ‘ইন্ডিয়ার মাটি ব্যবহার করে ও দিল্লির উসকানিতে প্রতিদিন আমাদের ভূখণ্ডে যেভাবে অরাজকতা তৈরি করা হচ্ছে, তা কূটনৈতিক ব্যর্থতাকেও সামনে নিয়ে আসে।’

নিজের ও পরিবারের নিরাপত্তা নিয়ে গভীর উদ্বেগের কথা জানিয়ে সংরক্ষিত নারী আসনের এই এমপি বলেন, ‘আজ আমি নিজের ও পরিবারের নিরাপত্তা নিয়ে শঙ্কিত হয়ে থানায় জিডি করেছি। আমি চাই, পররাষ্ট্র মন্ত্রণালয় ভারতীয় হাইকমিশনকে তলব করে এর জবাব চাইবে। একজন সংসদ সদস্য হয়েও সংসদে বসে আমি নিজেই যদি এমন হুমকি পাই এবং আমাকে থানায় গিয়ে জিডি করতে হয়, তবে জুলাই আন্দোলনের আপামর নারীরা আজ কতটা অনিরাপদ ও ঝুঁকিপূর্ণ অবস্থায় আছেন।’

এই ঘটনার বিষয়ে তেজগাঁও থানা পুলিশ নিশ্চিত করেছে যে, তারা লিখিত অভিযোগটি গ্রহণ করেছে এবং খুব শীঘ্রই বিষয়টি নিয়ে তদন্ত শুরু করা হবে।