জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেত্রী এবং সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য মাহমুদা আলম মিতু অভিযোগ করেছেন যে, গত সাত দিন ধরে তিনি মুঠোফোনে ক্রমাগত হত্যার হুমকি পাচ্ছেন। জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১-দলীয় ঐক্যের মনোনয়নে তিনি এই আসনে নির্বাচিত হয়েছেন।

উল্লেখ্য যে, এনসিপির আরেক সংরক্ষিত আসনের এমপি নুসরাত তাবাসসুমের কুষ্টিয়ার গ্রামের বাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। সেই ঘটনার পরদিন শুক্রবার মাহমুদা আলম মিতু হুমকি পাওয়ার বিষয়টি সামনে আনেন।

পেশায় চিকিৎসক মাহমুদা আলম শুক্রবার সন্ধ্যায় তাঁর ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে একটি পোস্টের মাধ্যমে এই আশঙ্কার কথা জানান। তিনি সেখানে লিখেছেন, “গত সাত দিন ধরে সরাসরি ফোনে ও হোয়াটসঅ্যাপে হত্যার হুমকি পাচ্ছি, এর আগেও পেয়েছি অথচ এসব বললেও হয়তো নুসরাতের ঘটনার মতোই বিষয়টিকে লঘু করার চেষ্টা হবে।”

এই বিষয়ে বিস্তারিত জানতে শনিবার দুপুরে মুক্তকণ্ঠের সঙ্গে আলাপকালে মাহমুদা আলম বলেন, “আমি নিজের নিরাপত্তা নিয়ে সিরিয়াসলি শঙ্কিত। হুমকির ঘটনায় আমি শিগগিরই সাধারণ ডায়েরি (জিডি) করব।”