জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১-দলীয় ঐক্যের মনোনয়নে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য এবং জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেত্রী মাহমুদা আলম মিতুকে আবারও হুমকি দেওয়া হয়েছে। আজ রবিবার বিকেলে তিনি যখন জাতীয় সংসদে অবস্থান করছিলেন, তখন তাঁর মুঠোফোনে একটি কল আসে। ওই কলে তাঁকে বলা হয়, “পরিবারের মায়া থাকলে তাড়াতাড়ি দেশ থেকে ভাগেন। মায়া না থাকলে দেশে থাকেন, সমস্যা নাই।”
রবিবার সন্ধ্যায় এনসিপির পক্ষ থেকে গণমাধ্যমে একটি আনুষ্ঠানিক বার্তা পাঠিয়ে এই হুমকির বিষয়টি জানানো হয়। হুমকির প্রমাণ হিসেবে এমপি মাহমুদার সঙ্গে ওই তরুণ কণ্ঠের ২ মিনিট ৪০ সেকেন্ডের কথোপকথনের একটি অডিও রেকর্ডও গণমাধ্যমে প্রকাশ করেছে এনসিপি। দলটির পাঠানো বার্তায় উল্লেখ করা হয়েছে, “বিকেল ৫টা ২৯ মিনিটে কলটি আসে। এ সময় মাহমুদা আলম জাতীয় সংসদে অবস্থান করছিলেন।”
কথোপকথনের অডিও রেকর্ডে শোনা যায়, আওয়ামী লীগের এক সমর্থক চিকিৎসক মাহমুদা আলমকে সরাসরি হুমকি দিয়ে বলছিলেন, “আপনাকে টুকরা টুকরা করা হবে। সো প্লিজ, বি কেয়ারফুল। ইউ মাস্ট লিভ দ্য কান্ট্রি।” কথোপকথনের এক পর্যায়ে ওই তরুণ আওয়ামী লীগ-সমর্থক মাহমুদাকে বলেন, “পরিবারের মায়া থাকলে তাড়াতাড়ি দেশ থেকে ভাগেন। মায়া না থাকলে দেশে থাকেন, সমস্যা নাই।” এরপর আগামীকাল সোমবার একই সময়ে আবারও ফোন করার কথা বলে ওই ব্যক্তি কলটি কেটে দেন।
জুলাই গণ-অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার আগামী ডিসেম্বরে দেশে ফেরার ঘোষণা ঘিরে বর্তমানে কার্যক্রমনিষিদ্ধ আওয়ামী লীগের বিভিন্ন তৎপরতা চলছে। এই পরিস্থিতির মধ্যে এ পর্যন্ত মাহমুদা আলমসহ এনসিপির তিনজন সদস্য হুমকি ও আক্রমণের শিকার হয়েছেন।
এর আগে গত শুক্রবার সন্ধ্যায় পেশায় চিকিৎসক মাহমুদা আলম তাঁর ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে একটি পোস্টের মাধ্যমে হুমকি পাওয়ার কথা জানিয়েছিলেন। তিনি সেখানে লিখেছিলেন, “গত সাত দিন ধরে সরাসরি ফোনে ও হোয়াটসঅ্যাপে হত্যার হুমকি পাচ্ছি, এর আগেও পেয়েছি অথচ এসব বললেও হয়তো নুসরাতের ঘটনার মতোই বিষয়টিকে লঘু করার চেষ্টা হবে।”
উল্লেখ্য যে, মাহমুদা যেদিন ফেসবুকে হুমকির কথা জানান, তার আগের দিন এনসিপির সংরক্ষিত আসনের সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের কুষ্টিয়ায় অবস্থিত গ্রামের বাড়িতে অগ্নিসংযোগ করা হয়। তারও আগের দিন মৌলভীবাজারের শ্রীমঙ্গলে এনসিপির ছাত্রসংগঠন জাতীয় ছাত্রশক্তির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি হাসিবুল ইসলামের ওপর চাপাতি নিয়ে হামলার ঘটনা ঘটে।
এছাড়া এনসিপি থেকে গত ৫ নভেম্বর পদত্যাগ করা সামান্তা শারমিনকেও হুমকি দেওয়া হয়েছে। আজ দুপুরে হোয়াটসঅ্যাপে কল করে ছাত্রলীগ পরিচয় দেওয়া এক ব্যক্তি সামান্তাকে ‘জয় বাংলা’ করে দেওয়ার হুমকি প্রদান করেন।