রাজধানীর খিলগাঁও, ধানমন্ডি এবং রূপনগর এলাকায় পৃথক অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠনগুলোর ১০ জন নেতা-কর্মীকে আটক করেছে পুলিশ। আটককৃতদের মধ্যে আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, বঙ্গবন্ধু সৈনিক লীগ এবং নিষিদ্ধ ছাত্রলীগের সদস্য রয়েছেন বলে পুলিশ জানিয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল রোববার সন্ধ্যা থেকে আজ সোমবার ভোর পর্যন্ত এই বিশেষ অভিযানগুলো চালানো হয়।

খিলগাঁওয়ে আটক ৩
রাজধানীর খিলগাঁও এলাকায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ এবং এর অঙ্গসংগঠন যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগের তিন নেতা-কর্মীকে আটক করেছে পুলিশ। গতকাল সন্ধ্যা ছয়টার দিকে খিলগাঁও থানার পুলিশ তিলপাপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাঁদের আটক করে।

আটক ব্যক্তিরা হলেন শওকত আলী (৪৫), জেহাদুল ইসলাম (৫১) এবং সুমন ওরফে মুরগি সুমন (২৮)।

ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, শওকত আলী মতিঝিলের ১০ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের সহসাংগঠনিক সম্পাদক। জেহাদুল ইসলাম আওয়ামী লীগের সক্রিয় সদস্য। অন্যদিকে, সুমন খিলগাঁও বউবাজার ইউনিট আওয়ামী লীগের সহসভাপতি এবং বউবাজার যুবলীগের প্রচার সম্পাদক। পুলিশ জানিয়েছে, আটক এই তিনজনকে আদালতে পাঠানোর প্রক্রিয়া বর্তমানে প্রক্রিয়াধীন রয়েছে।

ধানমন্ডিতে আটক ৩
ধানমন্ডিতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কার্যালয়ের সামনে থেকে গতকাল রাতে নিষিদ্ধ ছাত্রলীগের তিন নেতাকে আটক করা হয়েছে। আটককৃতরা হলেন ফরিদপুরের বোয়ালমারী উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক প্রান্ত সিদ্দিক, সাংগঠনিক সম্পাদক আল আমিন এবং উপদপ্তর সম্পাদক জুবায়ের।

ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ইমদাদুল ইসলাম বলেন, “নিষিদ্ধ ছাত্রলীগের এই তিনজন ধানমন্ডিতে আত্মগোপনে ছিলেন। স্থানীয় ছাত্রদল, গোয়েন্দা সংস্থা ও পুলিশ যৌথ অভিযান চালিয়ে তাঁদের আটক করে।”

রূপনগরে আটক ৪
রাজধানীর রূপনগরে মিছিলের প্রস্তুতি নেওয়ার সময় নিষিদ্ধ ছাত্রলীগ ও কার্যক্রম নিষিদ্ধ বঙ্গবন্ধু সৈনিক লীগের দুই নেতাসহ মোট চারজনকে আটক করেছে পুলিশ।

ডিএমপি এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, আজ ভোর পাঁচটার পর রূপনগর টিনশেডের ৮ নম্বর সড়কের সামনে থেকে তাঁদের আটক করা হয়।

আটক ব্যক্তিরা হলেন রূপনগর থানা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক শাকিল হাসান আলিফ (২০), বঙ্গবন্ধু সৈনিক লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক নাহিদ ইসলাম (৩১), ছাত্রলীগ কর্মী গোলাম রাব্বি (২২) ও মো. জাহিদ (২৬)।