চট্টগ্রামের পটিয়ায় এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় মো. ফারেজ (২১) নামে এক প্রবাসফেরত যুবক প্রাণ হারিয়েছেন। ঈগল পরিবহনের একটি বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষের ফলে এই দুর্ঘটনা ঘটে। এই ঘটনায় আরও একজন গুরুতর আহত হয়েছেন বলে জানা গেছে।

সোমবার (১৬ নভেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে পটিয়া উপজেলার কুসুমপুরা ইউনিয়নের বোর্ড অফিস এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে।

নিহত মো. ফারেজ চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার শাহাজী পাড়ার বাসিন্দা জাহাঙ্গীর আলমের ছেলে। অন্যদিকে, গুরুতর আহত মো. রামিন একই উপজেলার সুখছড়ি এলাকার হাবিবুর রহমানের ছেলে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, চট্টগ্রাম শহরের দিকে যাওয়া ঈগল পরিবহনের একটি বাস এবং শহর থেকে আসা একটি মোটরসাইকেলের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের তীব্রতায় মোটরসাইকেলের চালক ফারেজ ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন এবং তার সাথে থাকা অপর ব্যক্তি গুরুতর আহত হন।

ঘটনার বিষয়ে কুসুমপুরা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান শওকত আকবর বলেন, “খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে একজনকে মৃত অবস্থায় দেখতে পাই। অপরজন গুরুতর আহত ছিলেন। তাকে হাসপাতালে পাঠানো হয়। আহত ও নিহত দুজনের বাড়ি লোহাগাড়া উপজেলায় বলে জানতে পেরেছেন তিনি।”

পটিয়া হাইওয়ে থানা পুলিশের এএসআই বেলাল উদ্দিন জানান, বাসের সঙ্গে সংঘর্ষে মো. ফারেজ নামে এক মোটরসাইকেল চালকের মরদেহ উদ্ধার করা হয়েছে। তিনি আরও জানান, “তিনি প্রবাসী বলে জেনেছি। বাসচালক পালিয়ে গেছেন। বর্তমানে যান চলাচল স্বাভাবিক রয়েছে। এ ঘটনায় তদন্ত করে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”