চট্টগ্রামের পটিয়া উপজেলায় এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় মো. জুয়েব (২০) নামের এক তরুণ প্রাণ হারিয়েছেন। রোববার (১৫ নভেম্বর) রাতে উপজেলার কালারপুল এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে প্রাপ্ত তথ্যানুযায়ী, রাতে মইজ্জারটেক সংলগ্ন কালারপুল এলাকায় রাস্তার পাশে দাঁড়িয়ে ছিলেন জুয়েব। ঠিক সেই মুহূর্তে পেছন থেকে আসা একটি কাভার্ডভ্যান তাকে সজোরে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতরভাবে আহত হন। দুর্ঘটনার পরপরই স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে দ্রুত চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে যান। তবে সেখানে পৌঁছানোর পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।
ঘটনার বিষয়ে চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. নুরুল আলম আশেক মুক্তকণ্ঠকে বলেন, “রাত ৯টা ২ মিনিটে জুয়েবকে হাসপাতালে আনা হলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।” তিনি আরও জানান, নিহতের মরদেহ বর্তমানে হাসপাতালের মর্গে সংরক্ষণ করা হয়েছে।