ময়মনসিংহের ত্রিশালে এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় শ্রমিকবাহী লেগুনায় আসা দুই যাত্রী প্রাণ হারিয়েছেন। এই সংঘর্ষে এক নারীসহ আরও নয়জন গুরুতর আহত হয়েছেন।

গত শুক্রবার (১৬ অক্টোবর) উপজেলার গুজিয়াম এলাকার বগার বাজারে অবস্থিত নিগারজামান ফিলিং স্টেশনের সামনে এই দুর্ঘটনাটি ঘটে।

নিহতদের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন গফরগাঁও উপজেলার রসুলপুর গ্রামের মফিজুল হকের ছেলে নাইম মিয়া (২৩) এবং ত্রিশাল উপজেলার হরিরামপুর ইউনিয়নের নিগুরকান্দা গ্রামের রায়েরগ্রাম এলাকার আব্দুস সোবহানের ছেলে কামাল ফকির (৪০)।

পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, বগার বাজার এলাকার দাবির উদ্দিন স্পিনিং মিলের শ্রমিকেরা রাতের শিফটের কাজ শেষ করে বাড়ি ফেরার জন্য একটি লেগুনায় ওঠেন। লেগুনাটি যখন নিগারজামান ফিলিং স্টেশনের সামনে ইউটার্ন নিচ্ছিল, ঠিক সেই মুহূর্তে বিপরীত দিক থেকে আসা ময়মনসিংহগামী একটি কাভার্ডভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে লেগুনাটিকে সজোরে ধাক্কা দেয়। প্রচণ্ড এই ধাক্কায় লেগুনাটি দুমড়েমুচড়ে যায় এবং ঘটনাস্থলেই দুই শ্রমিকের মৃত্যু হয়। একই সময়ে এক নারীসহ আরও নয়জন আহত হন। দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত ত্রিশাল ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করে এবং আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করে।

ত্রিশাল ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা সাদিকুর রহমান বলেন, “নিহত দুজনের মরদেহ থানা-পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।”

ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহিদুল ইসলাম জানান, “নিহতদের মরদেহ ভরাডোবা হাইওয়ে পুলিশ ফাঁড়িতে হস্তান্তর করা হয়েছে। পরে হাইওয়ে পুলিশ নিহতদের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করেছে।”