দেশের বর্তমান অর্থনৈতিক মন্দা এবং নানা প্রতিকূলতার কারণে প্রক্রিয়াজাত খাদ্যপণ্যের ব্যবসায়ীরা চরম সংকটের মধ্য দিয়ে যাচ্ছেন। কৃষি প্রক্রিয়াজাত খাদ্যপণ্য প্রস্তুত ও রপ্তানিকারক প্রতিষ্ঠান মালিকদের সংগঠন বাংলাদেশ অ্যাগ্রো প্রসেসরস অ্যাসোসিয়েশনের (বাপা) সাধারণ সম্পাদক ছৈয়দ মুহাম্মদ শোয়াইব হাছান মুক্তকণ্ঠের সাথে আলাপকালে জানান, নিজেদের তৈরি বাজার এখন ধরে রাখাই তাদের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। শুভংকর কর্মকার তাঁর এই সাক্ষাৎকারটি নিয়েছেন।

গত দুই বছর ধরে অর্থনীতিতে যে ধীরগতি চলছে, তার প্রভাব সরাসরি পড়েছে প্রক্রিয়াজাত খাদ্যপণ্যের ব্যবসায়। ছৈয়দ মুহাম্মদ শোয়াইব হাছান বলেন, “নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম অনেক বেড়ে গেছে। এই বাড়তি দামের সঙ্গে আমাদের তাল মেলাতে কষ্ট হচ্ছে। তার কারণ কাঁচামালের দাম বাড়লেও তৈরি (প্রসেস ফুড) পণ্যের দাম বাড়ছে না। দাম বাড়াতে গেলে বিক্রি কমছে। শুধু ব্যবসা টিকিয়ে রাখার স্বার্থে অনেক প্রতিষ্ঠান উৎপাদন চালিয়ে যাচ্ছে। তাতে দিন শেষে অধিকাংশ প্রতিষ্ঠান মূলধন হারাচ্ছে। ২০২৪ সালের তুলনায় বর্তমানে স্থানীয় বাজারে প্রক্রিয়াজাত খাদ্যপণ্যের বিক্রি ৫০ শতাংশ কমে গেছে। আমাদের পণ্যগুলোর অধিকাংশ অত্যাবশ্যকীয় খাদ্যপণ্য নয়। ভাত খাওয়ার পর টাকা থাকলে তবেই এসব পণ্য কেনেন ভোক্তারা। তবে নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম বেড়ে যাওয়ায় মানুষ এসব পণ্যের দিকে ঝুঁকছেন কম।”

ব্যয় সামলাতে অনেক প্রতিষ্ঠান পণ্যের ওজন কমিয়েছে বলে অভিযোগ রয়েছে। এ বিষয়ে তিনি জানান, কিছু পণ্যে ওজনের মাধ্যমে বাড়তি ব্যয় সমন্বয়ের চেষ্টা করা হচ্ছে। তবে প্যাকেটের আকার ছোট করেও পুরো খরচ সামাল দেওয়া সম্ভব হচ্ছে না। কাঁচামাল, মোড়ক, কারখানার খরচ, বিক্রয় ব্যয় এবং কর-ভ্যাটের কারণে সামগ্রিক খরচ বৃদ্ধি পেয়েছে। বিশেষ করে ঢাকার বাইরের কারখানাগুলোর জন্য পরিবহন খরচ অনেক বেশি। তেলের মূল্যবৃদ্ধির ফলে পণ্য পরিবহন ব্যয় আরও বেড়েছে। আগে যেখানে পণ্য গ্রাহকের কাছে পৌঁছাতে বিক্রয়মূল্যের ৩ শতাংশ খরচ হতো, এখন তা বেড়ে ৫ শতাংশে দাঁড়িয়েছে।

রপ্তানি খাতের কথা বলতে গিয়ে তিনি জানান, ২০২৪ সালে পণ্য রপ্তানিতে প্রণোদনা দুই দফায় কমিয়ে দেওয়া হয়েছে। এর পাশাপাশি ব্যাংকঋণের সুদের হার ৯ শতাংশ থেকে এক লাফে বেড়ে ১৪ শতাংশ হওয়ায় উদ্যোক্তারা সরাসরি ধাক্কা খেয়েছেন। এছাড়া মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতির কারণে পণ্য পরিবহনে দীর্ঘ সময় লাগছে। আগে সৌদি আরবে পণ্য পৌঁছাতে ৩০-৪৫ দিন, কাতারে ৪০ দিন এবং দুবাইয়ে সর্বোচ্চ ২৫ দিন লাগত; এখন পণ্য পাঠাতে তিন মাস সময় লাগছে। আগে মাসে তিন লাখ ডলারের পণ্য রপ্তানি করলে ৪৫ দিনের মধ্যে টাকা ফিরে আসত, কিন্তু এখন একই ব্যবসা চালাতে ৯ লাখ ডলারের পুঁজি প্রয়োজন। ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের (এসএমই) ঋণ দেওয়ার ক্ষেত্রে ব্যাংকগুলো এখন অনেক রক্ষণশীল হয়ে পড়েছে।

সম্প্রতি দুবাই ও কাতার সফর করে তিনি জানান, কাতারের ক্রেতারা রমজানে পণ্যের সংকট হতে পারে বলে নভেম্বরের মধ্যে পণ্য পাঠাতে অনুরোধ করেছেন। এমনকি বাংলাদেশের মুড়ি, শর্ষের তেল ও সেমাইয়ের জন্য ক্রেতারা অপেক্ষা করছেন। তবে বাজার ঘুরে তিনি লক্ষ্য করেছেন, মুড়ি ও শর্ষের তেলের মতো পণ্যগুলো বাংলা মোড়কে ভারত থেকে আমদানি হচ্ছে। এই পরিস্থিতি নিয়ে তিনি আক্ষেপ করে বলেন, “মুড়ি, শর্ষের তেল বাংলাদেশের পণ্য, ক্রেতাও আমাদের প্রবাসী ভাইয়েরা, তবে মার্কেট গ্যাপের সুযোগে এই পণ্যগুলো বাংলা মোড়কে ভারত হতে আমদানি হচ্ছে। আমরা নিজেরা যে বাজার তৈরি করেছি, এখন সেই বাজার ধরে রাখতে পারছি না।”

সরকারি সংস্থার অভিযান নিয়ে বাপার অভিযোগের বিষয়ে তিনি বলেন, তারা মোবাইল কোর্ট বা অভিযানের বিপক্ষে নন এবং কারখানার সমস্যাগুলোও অস্বীকার করেন না। তবে তিনি মনে করেন, ‘অভিযান’ শব্দটির পরিবর্তে এটিকে ‘সার্ভিল্যান্স অডিট’ বা তদারকি নিরীক্ষায় রূপান্তর করা উচিত। কর্মকর্তাদের উচিত কারখানায় এসে সমস্যা চিহ্নিত করে লিখিতভাবে জানানো এবং তা সংশোধনের জন্য সময় দেওয়া। তিনি আরও বলেন, “এখানে দুটি বিষয় আছে। একটি কারখানার পরিচ্ছন্নতা ও পরিবেশের সমস্যা, অন্যটি পণ্যে ভেজাল। কেউ জেনে-বুঝে ভেজাল দিলে তাঁর শাস্তি হওয়া উচিত। ইচ্ছাকৃতভাবে মানুষকে ক্ষতিকর খাবার খাওয়ানোর অপরাধের বিচার হওয়া দরকার। কিন্তু কোনো পণ্যের মান নির্ধারিত মানের সামান্য নিচে থাকলেই সেটিকে ভেজালের সঙ্গে এক করে দেখা যাবে না। যেমন নুডলসে আর্দ্রতার মাত্রা ১০ শতাংশ থাকার কথা, কোনো কারণে তা ১২ শতাংশ হলো। এতে প্রতারণার প্রশ্ন থাকতে পারে, তবে সেটি সরাসরি মানুষের প্রাণহানির ঝুঁকি তৈরি করবে না।”

তদারকির বিষয়ে তিনি ভারতের ফুড সেফটি অ্যান্ড স্ট্যান্ডার্ডস অথরিটি অব ইন্ডিয়া (এফএসএসএআই)-এর মতো একটি সমন্বিত ব্যবস্থার কথা বলেন। বাংলাদেশে বিএসটিআইসহ ১৮টি সংস্থার কাছে দৌড়াতে গিয়ে উদ্যোক্তাদের অনেক সময় নষ্ট হয়। তাঁর মতে, বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষকে তদারকির একক দায়িত্ব দেওয়া যেতে পারে এবং বিএসটিআইয়ের পরীক্ষাগারের সক্ষমতা বাড়ানো যেতে পারে। তিনি বলেন, “মূল কথা হচ্ছে, নিরাপদ খাদ্য নিশ্চিতে কারখানার ভেতরে ও বাইরে তদারকি বাড়াতে হবে। তবে প্রথমেই শাস্তি নয়, সমস্যার সমাধানের সুযোগ দিতে হবে। পণ্যে ক্ষতির আশঙ্কা বেশি থাকলে তা তুলে নিতে হবে বাজার থেকে। তবে ক্ষতির মাত্রা কম হলে উদ্যোক্তাকে ডেকে সমস্যাটি সংশোধনের সময় দেওয়া যেতে পারে। তারপর কেউ সংশোধন না করলে অবশ্যই শাস্তি দিতে হবে।”

প্রক্রিয়াজাত খাদ্যপণ্যের রপ্তানি বৃদ্ধির জন্য তিনি ‘মেড ইন বাংলাদেশ’ পণ্যের গ্রহণযোগ্যতা বাড়ানো এবং পণ্যের উৎস শনাক্তকরণ বা ট্রেসেবিলিটি নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন। কৃষক কোন কীটনাশক বা সার ব্যবহার করছেন, তা নথিবদ্ধ করার জন্য কৃষি বিভাগের মাঠপর্যায়ের কর্মীদের কাজে লাগানোর প্রস্তাব দেন তিনি। এতে স্থানীয় ও আন্তর্জাতিক বাজারে পণ্যের উৎস শনাক্ত করা সহজ হবে।

ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের এগিয়ে নিতে তিনি দুটি বিশেষ প্রস্তাব দিয়েছেন। প্রথমত, খাদ্যপণ্যের উদ্যোক্তাদের জন্য ক্লাস্টার বা শিল্পগুচ্ছ তৈরি করা, যাতে নির্দিষ্ট পণ্যে দক্ষ উদ্যোক্তারা বড় পরিসরে উৎপাদন করতে পারেন এবং অন্যরা সেখান থেকে পণ্য নিতে পারেন। এতে উৎপাদন খরচ কমবে। দ্বিতীয়ত, অর্থায়ন সহজ করা। তিনি বলেন, ব্যাংকগুলো ব্যবসার সম্ভাবনার চেয়ে জামানতকে বেশি গুরুত্ব দেয়। ১৪ শতাংশ সুদের হার এবং অন্যান্য খরচ মিলিয়ে কার্যকর ব্যয় অনেক বেড়ে যায়। তাই সুদের হার কমানো এবং পর্যাপ্ত অর্থায়ন নিশ্চিত করার আহ্বান জানান তিনি।