ইউটিউবে পেঁপে চাষের বিভিন্ন ভিডিও দেখে অনুপ্রাণিত হয়ে মাত্র ৫০ হাজার টাকার পুঁজি নিয়ে কৃষি ব্যবসায় যাত্রা শুরু করেছিলেন বাগেরহাটের মো. ওমর ফারুক (৪৫)। শুরুর দিকে হাইব্রিড জাতের পেঁপে চাষ করে লোকসানের মুখে পড়লেও তিনি দমে যাননি। সঠিক জাত নির্বাচন এবং নিবিড় পরিচর্যার মাধ্যমে তার সেই ক্ষুদ্র উদ্যোগটি আজ একটি সফল কৃষি খামারে পরিণত হয়েছে।
বাগেরহাট সদর উপজেলার উত্তর খানপুর ইউনিয়নের এই উদ্যোক্তা বর্তমানে আট বিঘা মাছের ঘেরের পাড়ে প্রায় দুই হাজার পেঁপেগাছ রোপণ করেছেন। এখান থেকে প্রতি মাসে গড়ে এক লাখ টাকার পেঁপে বিক্রি করছেন তিনি। চলতি মৌসুমে ইতিমধ্যে চার লাখ টাকার পেঁপে বিক্রি করা সম্ভব হয়েছে এবং পুরো মৌসুম শেষে আরও ২০ থেকে ২৫ লাখ টাকা বিক্রির প্রত্যাশা করছেন তিনি।
ওমর ফারুকের এই খামারটির নাম দেওয়া হয়েছে ‘বিসমিল্লাহ এগ্রো ফার্ম’। খামারের পাড়জুড়ে তিনি বিভিন্ন জাতের পেঁপে গাছ লাগিয়েছেন। এর মধ্যে মানিকগঞ্জ থেকে সংগ্রহ করা ‘রাজশাহী’ ও ‘গ্রিন শাহী’ জাতের পেঁপেগাছ রয়েছে। প্রতিটি গাছে গড়ে পাঁচ থেকে আট কেজি ওজনের পেঁপে ধরেছে এবং কোনো কোনো পেঁপের ওজন ১০ কেজি পর্যন্ত হয়ে থাকে। এ পর্যন্ত তিনি প্রায় ৩৮০ মণ পেঁপে বিক্রি করেছেন, যার মধ্যে ২০০ মণ কাঁচা এবং ১৮০ মণ পাকা পেঁপে। বর্তমানে কাঁচা পেঁপে প্রতি কেজি ১৫ টাকা এবং পাকা পেঁপে ৪০ টাকা দরে বিক্রি করছেন তিনি।
সরেজমিনে খামারে গিয়ে দেখা যায়, মাছের ঘেরের চারপাশের পাড়জুড়ে সারি সারি পেঁপেগাছ দাঁড়িয়ে আছে। প্রতিটি গাছেই থোকায় থোকায় পেঁপে ঝুলছে এবং গাছের গোড়া থেকে ওপর পর্যন্ত ফল ধরেছে। শুধু ফল উৎপাদনই নয়, চারা তৈরির জন্য খামারে একটি নার্সারিও গড়ে তুলেছেন তিনি। সেখানে প্রায় ৫০ হাজার চারা উৎপাদন করা হয়েছে, যার মধ্যে ২০ হাজার চারা ইতিমধ্যে ২৫ টাকা দরে বিক্রি হয়েছে। তার এই খামারটি পরিদর্শনে এবং চারা সংগ্রহ করতে বাগেরহাটসহ আশপাশের বিভিন্ন এলাকার কৃষক ও বেকার যুবকেরা ভিড় করছেন।
ওমর ফারুক বলেন, “দীর্ঘ ১৫-১৬ বছর ধরে কৃষিকাজের সঙ্গে জড়িত। প্রথমে মাছের ঘেরের পাশাপাশি পাড়ে কলা ও বিভিন্ন ধরনের সবজি চাষ করতাম। একপর্যায়ে ইউটিউবে পেঁপে চাষের ভিডিও দেখে আগ্রহ তৈরি হয়। প্রথমে হাইব্রিড জাতের পেঁপে চাষ করে লোকসানের মুখে পড়ি। তবে হাল ছাড়িনি। পরে ইউটিউবের বিভিন্ন কৃষিবিষয়ক চ্যানেল দেখে মানিকগঞ্জ থেকে রাজশাহী ও গ্রিন শাহী জাতের বীজ সংগ্রহ করি। এরপর আট বিঘার ঘেরের পাড়ে প্রায় দুই হাজার পেঁপেগাছ রোপণ করি। এখন ভালো ফলন পাচ্ছি।”
তিনি আরও বলেন, “তিন মাস ধরে পেঁপে বিক্রি করছি। এ পর্যন্ত প্রায় ৩৮০ মণ পেঁপে বিক্রি করে চার লাখ টাকার মতো পেয়েছি। গাছগুলো থেকে আরও দীর্ঘ সময় ফল পাওয়া যাবে। সব মিলিয়ে আরও ২০ থেকে ২৫ লাখ টাকার পেঁপে বিক্রির আশা করছি। আমার হিসাব অনুযায়ী, প্রতিটি গাছ থেকে অন্তত এক হাজার টাকা আয় হলেও ভালো অঙ্কের টাকা পাওয়া সম্ভব। আমি চাই, বাগেরহাটসহ দেশের বেকার যুবকেরা অল্প জমি কিংবা জমি ইজারা নিয়ে পেঁপে চাষ শুরু করুন। সঠিক জাত নির্বাচন ও পরিচর্যা করতে পারলে তারাও স্বাবলম্বী হতে পারবেন। এ কাজে প্রয়োজনীয় পরামর্শ দিতেও আমি প্রস্তুত।”
ওমর ফারুকের ছেলে শেখ নিশাদ হোসেন জানান, এ পর্যন্ত তারা ১০ থেকে ১২ বার পেঁপে সংগ্রহ করেছেন। শুরুর দিকে পাইকারদের ফোন করে ডেকে আনতে হতো, তবে এখন পাইকারেরা নিজেরাই খামারে এসে পেঁপে কিনে নিয়ে যান। ফলে তাদের আর বাজারে পেঁপে নিয়ে যাওয়ার ঝামেলা পোহাতে হয় না।
বাগানের পরিচর্যাকারী মো. আশরাফ জানান, তিনি এই বাগানেই অবস্থান করেন এবং পেঁপেগাছের দেখাশোনা করেন। আগাছা পরিষ্কার করা এবং গাছে কীটনাশক প্রয়োগসহ সব ধরনের পরিচর্যার কাজ তিনি করেন। তিনি জানান, এখানে একেকটি পেঁপের ওজন প্রায় আট কেজি এবং বাগেরহাট জেলায় এত বড় পেঁপে তিনি আর কোথাও দেখেননি।
খামার পরিদর্শনে আসা যশোরের বেনাপোল এলাকার ঘের ব্যবসায়ী মো. সজল বলেন, “বিসমিল্লাহ এগ্রো ফার্মের ইউটিউব চ্যানেল দেখে প্রথমে বিশ্বাস হয়নি। কারণ, অনলাইনে অনেকেই অতিরঞ্জিত প্রচার করেন। তাই সরেজমিনে খামার দেখতে এসেছেন। এসে ভিডিওতে যা দেখেছেন, বাস্তবেও তার মিল পেয়েছেন।” তিনি পেঁপের ফলন ও আকার দেখে মুগ্ধ হয়ে জানান, তার প্রায় ১০ বিঘার একটি ঘেরের প্রকল্প রয়েছে এবং সেখানে পেঁপে চাষের পরিকল্পনা করছেন। তিনি ওমর ফারুকের কাছ থেকেই চারা সংগ্রহ করবেন বলে জানান।
স্থানীয় বাসিন্দা মো. সাদ্দাম হোসেন জানান, তিনি শিক্ষিত হয়েও বর্তমানে বেকার এবং চাকরির চেষ্টা করে সফল হতে পারেননি। এলাকার ওমর ফারুকের পেঁপে বাগান দেখে তিনি অনুপ্রাণিত হয়েছেন। তার ছোট একটি জমি রয়েছে, যেখানে প্রাথমিকভাবে পেঁপে চাষ শুরু করতে চান এবং ওমর ফারুকের নার্সারি থেকে চারা নিয়ে চাষাবাদ ও পরিচর্যার পরামর্শ নেবেন।
মোরেলগঞ্জ থেকে খামার দেখতে আসা হুমায়ুন কবির জানান, ওমর ফারুকের ইউটিউব চ্যানেলে পেঁপে চাষের ভিডিও দেখে তিনি এখানে এসেছেন। সরেজমিনে বাগান ঘুরে দেখে তিনি জানান, ভালো ফলন হয়েছে এবং কোনো কোনো পেঁপের ওজন পাঁচ থেকে আট কেজি। প্রতিটি গাছেই প্রচুর ফল ধরেছে। তিনি মনে করেন, ওমর ফারুক শুধু পেঁপে চাষ করছেন না, বরং অন্যদের চারা উৎপাদন, রোপণ, পরিচর্যা ও ফল সংগ্রহের পরামর্শও দিচ্ছেন। শিক্ষিত বেকার যুবকেরা তার কাছ থেকে পরামর্শ নিয়ে পেঁপে চাষে এগিয়ে এলে স্বাবলম্বী হতে পারবেন বলে তিনি মনে করেন।
বাগেরহাট কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মো. মোতাহার হোসেন বলেন, “পেঁপে একটি লাভজনক ও সম্ভাবনাময় ফসল। ওমর ফারুক মাছের ঘেরের পাড়ে রাজশাহী ও গ্রিন শাহী জাত পেঁপে চাষ করে ভালো ফলন পেয়েছেন। তার এই উদ্যোগ অন্য কৃষক ও বেকার যুবকদের উদ্বুদ্ধ করতে পারে।”
তিনি আরও বলেন, দক্ষিণ-পশ্চিমাঞ্চলের অনেক এলাকায় মাছের ঘের থাকলেও ঘেরের আইল ও পাড়ের জমি অব্যবহৃত পড়ে থাকে। মাঝারি লবণাক্ত এলাকায় এসব জমিতে উন্নত জাতের পেঁপে, মাল্টা ও লতাজাতীয় সবজি চাষ করে বাড়তি আয় করা সম্ভব। বিশেষ করে শাহী, গ্রিন লেডি, টপ লেডি ও রেড লেডি জাতের পেঁপের ফলন ও বাজারমূল্য ভালো। রমজান মাসকে লক্ষ্য রেখে উৎপাদন পরিকল্পনা করতে পারলে কৃষকেরা আরও ভালো দাম পেতে পারেন।
পেঁপে চাষে আগ্রহীদের কৃষি বিভাগের পরামর্শ নেওয়ার আহ্বান জানিয়ে মোতাহার হোসেন বলেন, “কচুয়া ও মোল্লাহাটের হর্টিকালচার সেন্টার থেকে উন্নত জাতের পেঁপের চারা সংগ্রহের সুযোগ রয়েছে। পরিকল্পিতভাবে ঘেরের পতিত জমি ব্যবহার করে পেঁপে চাষ করলে কৃষকের আয় বাড়ার পাশাপাশি এলাকার কৃষিও সমৃদ্ধ হবে।”