সীমান্তবর্তী এলাকার বেকার যুবসমাজকে কারিগরি শিক্ষায় দক্ষ করে তোলা এবং তাদের জন্য বিকল্প কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির উদ্দেশ্য নিয়ে ৬ সপ্তাহব্যাপী একটি মোবাইল সার্ভিসিং প্রশিক্ষণ কর্মসূচি শুরু করেছে চাঁপাইনবাবগঞ্জের ৫৩ বিজিবি ব্যাটালিয়ন।

সোমবার (২৬ অক্টোবর) সকালে শিবগঞ্জ উপজেলার মনাকষা ইউনিয়ন পরিষদ হলরুমে এক অনুষ্ঠানের মাধ্যমে এই প্রশিক্ষণ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

আগামী ৩ ডিসেম্বর পর্যন্ত চলমান এই কারিগরি প্রশিক্ষণ কর্মসূচিতে মনাকষা ইউনিয়নের বিভিন্ন গ্রাম থেকে আসা মোট ৩৫ জন বেকার তরুণ অংশ নিচ্ছেন।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি) এর অধিনায়ক লে. কর্নেল কাজী মুস্তাফিজুর রহমান। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ৫৩ বিজিবির সহকারী পরিচালক মোহাম্মদ নজরুল ইসলাম, শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (তদন্ত) আনিসুর রহমান এবং মনাকষা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মির্জা শাহাদাৎসহ আরও অনেকে।

প্রধান অতিথির বক্তব্যে অধিনায়ক বলেন, “সীমান্ত রক্ষা ও সার্বভৌমত্ব অক্ষুণ্ন রাখার পাশাপাশি সীমান্তবর্তী অঞ্চলের জনগণের আর্থ-সামাজিক উন্নয়ন ও জীবনযাত্রার মানোন্নয়নে বিজিবি ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছে। এই কারিগরি প্রশিক্ষণের মাধ্যমে বেকার যুবকদের দক্ষ মানবসম্পদে রূপান্তর করা সম্ভব হবে। ফলে তারা আত্মকর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে স্বাবলম্বী হওয়ার পাশাপাশি বিভিন্ন অপকর্ম ও মাদকসহ অন্যান্য অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে থাকার সুযোগ পাবে।”

তিনি আরও জানান, “সীমান্তে বিকল্প কর্মসংস্থান তৈরি ও স্থানীয়দের দক্ষতা বৃদ্ধিতে বিজিবির এ ধরনের জনকল্যাণমূলক উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”

উল্লেখ্য যে, এর আগে গত ৬ সেপ্টেম্বর থেকে ১৫ অক্টোবর পর্যন্ত চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার চরবাগডাংগা ইউনিয়নের ৩৫ জন যুবককে ইলেকট্রিক্যাল অ্যান্ড হাউজ ওয়্যারিংসংক্রান্ত কারিগরি প্রশিক্ষণ প্রদান করেছিল ৫৩ বিজিবি।