ঝিনাইদহের কালীগঞ্জে এক ও দুই টাকার ধাতব মুদ্রা ব্যবহারের ক্ষেত্রে চরম ভোগান্তির মুখে পড়েছেন সাধারণ নাগরিক ও স্থানীয় ব্যবসায়ীরা। দোকানপাট, চায়ের দোকান থেকে শুরু করে রিকশা ও বাসভাড়ার ক্ষেত্রেও এই কয়েনগুলো গ্রহণে অনীহা দেখাচ্ছেন অনেকেই। এমনকি ব্যাংক এবং বিভিন্ন পণ্য সরবরাহকারী প্রতিষ্ঠানের প্রতিনিধিরাও এই কয়েন নিতে আগ্রহী নন বলে অভিযোগ করেছেন ব্যবসায়ীরা। এর ফলে বছরের পর বছর ধরে জমে থাকা হাজার হাজার টাকার কয়েন নিয়ে চরম বিপাকে পড়েছেন ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ীরা।
উল্লেখ্য যে, সরকারিভাবে এই কয়েনগুলো অচল ঘোষণার কোনো নির্দেশনা দেওয়া হয়নি, তা সত্ত্বেও কালীগঞ্জের বাজারে কার্যত সেগুলোর প্রচলন বন্ধ হয়ে গেছে। এক টাকার কয়েনের প্রতি দীর্ঘদিন ধরে অনীহা থাকলেও সম্প্রতি দুই টাকার কয়েন গ্রহণেও অনেকে অস্বীকৃতি জানাচ্ছেন। পরিস্থিতি এতটাই জটিল হয়ে দাঁড়িয়েছে যে, অনেক ব্যবসায়ী বাধ্য হয়ে কম দামে এই কয়েনগুলো বিক্রি করে দিচ্ছেন।
কালীগঞ্জ বাজারের বেশ কয়েকজন মুদি ও খুচরা ব্যবসায়ী জানান, ক্ষুদ্র ব্যবসায়ীরাই সবচেয়ে বেশি সংকটে রয়েছেন। প্রতিদিন পণ্য বিক্রির সময় তাদের খুচরা টাকার প্রয়োজন হয়। ক্রেতাদের কাছ থেকে এক ও দুই টাকার কয়েন পেলেও পরবর্তী সময়ে কেনাকাটা বা লেনদেনের ক্ষেত্রে সেগুলো ব্যবহার করা যাচ্ছে না। পাইকারি ব্যবসায়ী এবং পণ্য সরবরাহকারী প্রতিষ্ঠানগুলোও এই কয়েন নিতে রাজি হচ্ছে না, ফলে দোকানেই কয়েন জমে থাকছে।
কালীগঞ্জ বাস টার্মিনাল এলাকার মণ্ডল কনফেকশনারির মালিক আজিজুর রহমান বলেন, “কোনো কোম্পানি কয়েন নিতে চায় না। আমার দোকানে এক ও দুই টাকার কয়েন মিলে মোট ২ হাজার টাকার কয়েন জমেছিল। সেগুলো ১ হাজার ৬০০ টাকায় বিক্রি করতে বাধ্য হই। ওই টাকাও ১৬ দিনে পরিশোধ করা হয়েছিল।”
কালীগঞ্জ বাজারের জনতা বেকারির মালিক আহসান হাবিব জানান, তার কাছে জমে থাকা ৮ হাজার টাকার কয়েন তিনি ৫ হাজার টাকায় বিক্রি করেছেন। রাশেদ কনফেকশনারির মালিক মোশাররফ হোসেন বলেন, “কেউ কয়েন নিতে চান না। তাই বাধ্য হয়ে তিনিও কয়েন গ্রহণে অনীহা দেখান।”
ভূষণ রোডের বিশ্বজিৎ কনফেকশনারির মালিক বিশ্বজিৎ বলেন, “ব্যাংক কিংবা কোনো কোম্পানি কয়েন নিতে চায় না। এ কারণে আমরাও ক্রেতাদের কাছ থেকে এসব কয়েন নিতে চাই না।”
একই সমস্যায় পড়েছেন চা-দোকানিরাও। তাদের ভাষ্যমতে, এক কাপ রং চা পাঁচ টাকা এবং দুধ চা ছয় টাকায় বিক্রি হয়। চা পান শেষে অনেক ক্রেতা এক ও দুই টাকার কয়েন দিয়ে মূল্য পরিশোধ করতে চাইলেও দোকানিরা তা গ্রহণ করতে চান না, কারণ পরবর্তী সময়ে এই কয়েনগুলো ব্যবহার করা সম্ভব হয় না। পাইকারি ব্যবসায়ীদের কাছে কয়েন নিয়ে গেলেও বিড়ম্বনার শিকার হতে হয়; অনেক সময় কর্মচারীরা কয়েন দিলে মহাজনরা তা নিতে সরাসরি অস্বীকৃতি জানান।
কালীগঞ্জ বাজারের একাধিক পাইকারি ও খুচরা ব্যবসায়ীর দাবি, গত কয়েক বছর ধরেই এক ও দুই টাকার কয়েনের প্রচলন কমে এসেছে। বর্তমানে অনেক ব্যবসায়ীর কাছে বিপুল পরিমাণ কয়েন জমে থাকলেও ব্যাংকে তা জমা দেওয়ার সুযোগ পাচ্ছেন না তারা। ফলে নিজেদের অভ্যন্তরীণ লেনদেনেও জটিলতা তৈরি হয়েছে।
কালীগঞ্জ পৌর ব্যবসায়ী সমিতির সাবেক সভাপতি আসাদুজ্জামান আসাদ বলেন, “কোনো কোম্পানি বা ব্যাংক কয়েন নিতে চায় না। এ কারণে বাজারের দোকানিরাও এসব কয়েন নিতে অনীহা দেখাচ্ছেন।” এই সমস্যার সমাধানে তিনি প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ কামনা করেন।
সোনালী ব্যাংকের কালীগঞ্জ শাখার ব্যবস্থাপক মোহাম্মদ শামীম রেজা এ বিষয়ে জানান, সরকারি পর্যায় থেকে এক ও দুই টাকার কয়েন অচল ঘোষণার কোনো নির্দেশনা এখনো আসেনি। যশোর ও ঝিনাইদহের বিভিন্ন এলাকায় এই কয়েনগুলোর প্রচলন রয়েছে। তবে কালীগঞ্জের ক্রেতা-বিক্রেতা, ব্যবসায়ী প্রতিষ্ঠান ও বিভিন্ন কোম্পানির বিক্রয় প্রতিনিধিরা নিজেরাই এগুলো নিতে অনীহা দেখাচ্ছেন, যা সঠিক নয়। তিনি মনে করেন, সরকারি নির্দেশনা না থাকলে এই কয়েনগুলো প্রচলিত মুদ্রা হিসেবেই গ্রহণ করা উচিত।
কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রেজওয়ানা নাহিদ বলেন, “এক ও দুই টাকার কয়েন অন্য এলাকায় চালু থাকলেও ঝিনাইদহের কালীগঞ্জে ক্রেতা-বিক্রেতাদের মধ্যে তা গ্রহণের অনীহা দেখা যাচ্ছে। সরকারি নির্দেশনায় এসব কয়েন বন্ধ করা হয়েছে কি না, তা ব্যাংক কর্মকর্তারা নিশ্চিত করতে পারবেন।” তিনি আরও জানান, স্বপ্ন ও আড়ংয়ের মতো প্রতিষ্ঠানে এখনো এসব কয়েন গ্রহণ করা হয় বলে তিনি লক্ষ্য করেছেন। সরকারি কোনো নির্দেশনা না থাকলে প্রচলিত কয়েন ব্যবহার করা উচিত বলে তিনি মন্তব্য করেন।